- বি। দে । শ
- আগস্ট ১৮, ২০২৬
ফের উত্তপ্ত সোমালিয়া, আল–শাবাবের হামলা ব্যর্থ, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩০ সন্ত্রাসী নিহত
রাতের অন্ধকারে হামলার ছক কষেছিল সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের সেই পরিকল্পনা ব্যর্থ করে দিল নিরাপত্তা বাহিনী। সোমবার ভোরে মধ্য সোমালিয়ার শহর বাইদোয়ায় হামলা চালিয়েছিল জঙ্গি সংগঠন আল–শাবাব। সোমালি জাতীয় সশস্ত্র বাহিনী কঠিন প্রতিরোধ গড়ে তুলে ৩০ জন আল–শাবাব জঙ্গিকে হত্যা করেছে এবং আরও কয়েকজনকে আটক করেছে।
সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সশস্ত্র জঙ্গিরা ভোর ৫টা নাগাদ গাড়িতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করে সোমালি জাতীয় সশস্ত্র বাহিনীর চেকপয়েন্টগুলিতে হামলা চালায়। সিনহুয়া সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, মন্ত্রণালয় জানিয়েছে যে, হামলাকারী দলে আল–শাবাব চরমপন্থী এবং দক্ষিণ–পশ্চিম রাজ্যের প্রেসিডেন্ট আবদিয়াজিজ হাসান মোহাম্মদ লাফতাগ্রিনের অনুগত জঙ্গিরা অন্তর্ভুক্ত ছিল।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সোমালি জাতীয় সশস্ত্র বাহিনী আল–শাবাবেব এই হামলা দৃঢ়তার সঙ্গে জবাব দিয়েছে, হামলা প্রতিহত করেছে এবং বাইদোয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার সন্ত্রাসীদের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, সামরিক বাহিনী হামলায় ব্যবহৃত অস্ত্র ও গাড়ি আটক করেছে এবং শহরটিকে সুরক্ষিত করতে ও বাইদোয়ার বিভিন্ন অংশে অবশিষ্ট জঙ্গিদের খুঁজে বের করার জন্য অভিযান চালাচ্ছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলাট সম্পন্ন হওয়ার পর এবং অভিযানের ফলাফল সম্পর্কে সোমালিয়ার জনগণকে আরও তথ্য জানাবে।’
সোমালি সৈন্যরা মার্চ মাসে বাইদোয়া দখল করে এবং লাফতাগারিনকে পদত্যাগ করতে বাধ্য করে। তখন থেকেই তারা শহরটি নিয়ন্ত্রণ করছে।। স্থানীয়রা নিশ্চিত করেছে যে, সোমবার সকালে বাইদোয়ায় তীব্র লড়াই শুরু হয়, যেখানে সোমালি জাতীয় সশস্ত্র বাহিনী লাফতাগারিনের অনুগত সশস্ত্র মিলিশিয়া এবং আল–শাবাব যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। যদিও স্থানীয় বিরোধী নেতারা শহরটি দখলের দাবি করেছেন। সামরিক কর্মকর্তারা এই দাবি প্রত্যাখ্যান করেছেন এবং নিশ্চিত করেছেন যে নিরাপত্তা অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, সোমালিয়ার জাতীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা, আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায়, রবিবার মধ্যাঞ্চলে একটা লক্ষ্যবস্তুভিত্তিক অভিযানে তিনজন ঊর্ধ্বতন কমান্ডারসহ আটজন আল–শাবাব জঙ্গিকে হত্যা করেছে। এনআইএসএ কর্তৃক জারি করা এক বিবৃতি অনুসারে, হিরান অঞ্চলের তার্দো এলাকায় যৌথ অভিযানটি চালানো হয় এবং এতে তিনজন মূল নেতা ও তাদের সুরক্ষায় মোতায়েন করা পাঁচজন মিলিশিয়া সদস্য নিহত হন এবং আরও চারজন আহত হন। সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে জারি করা এক বিবৃতিতে নিরাপত্তা সংস্থাটি বলেছে, ‘এই সন্ত্রাসবিরোধী অভিযানে আঞ্চলিক কার্যক্রমের নেতৃত্বের জন্য দায়ী মূল ব্যক্তিদের সফলভাবে নির্মূল করা হয়েছে, যার মধ্যে পূর্ব হিরানের চাঁদাবাজ নেটওয়ার্কের প্রধান এবং জাহাবাদা মিলিশিয়া ও ফুরসান শাখার কমান্ডাররা অন্তর্ভুক্ত।’ এই যৌথ অভিযানের ফলে আল–শাবাবের বেশ কয়েকটি গোপন আস্তানা পুনরুদ্ধার এবং তাদের প্রধান ঘাঁটি ও গুদাম ধ্বংস করা হয়েছে, এবং সেনারা বাকি যোদ্ধাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
❤ Support Us








