Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ২১, ২০২৬

নিয়ম ভেঙে স্কুল পরিদর্শনে ? জয়পুরে ‘ককরোচ’দের ঘিরে বিক্ষোভ

আরম্ভ ওয়েব ডেস্ক
নিয়ম ভেঙে স্কুল পরিদর্শনে ? জয়পুরে ‘ককরোচ’দের ঘিরে বিক্ষোভ

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর দেশের সরকারি স্কুলগুলির পরিকাঠামো ও শিক্ষাব্যবস্থার হাল ফেরাতে সক্রিয় হয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। দলের নেতারা বিভিন্ন রাজ্যের সরকারি স্কুল পরিদর্শন করে সেখানকার সমস্যা ও সুযোগসুবিধা খতিয়ে দেখছেন। এরই মধ্যে রাজস্থানের জয়পুরে স্কুল পরিদর্শনকে কেন্দ্র করে সিজেপি কর্মীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীদের সংঘাতের অভিযোগ উঠেছে। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

শুক্রবার জয়পুরের রামপুরা-কানওয়ার গ্রামের একটি সরকারি স্কুলে পৌঁছন সিজেপি নেতারা। সেখানে দলের কো-কনভেনর আশুতোষ রাঙ্কারেরও যাওয়ার কথা ছিল। অভিযোগ, সিজেপি কর্মীদের স্কুল চত্বরে দেখেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁরা সিজেপি কর্মীদের অবিলম্বে এলাকা ছেড়ে চলে যেতে বলেন। কিন্তু সিজেপি কর্মীরা তাতে রাজি হননি। তাঁদের বক্তব্য ছিল, গ্রামের সরকারি স্কুলের সমস্যা এবং পড়ুয়াদের জন্য থাকা সুযোগসুবিধা নিয়ে আলোচনা করতেই তাঁরা সেখানে গিয়েছেন। কথোপকথনকে কেন্দ্র করেই ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, শেষ পর্যন্ত সিজেপি কর্মীদের গ্রাম থেকে বের করে দেওয়া হয়। তাঁদের গাড়ির কাচও ভাঙচুর করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

ঘটনার পর এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেন সিজেপির কো-কনভেনর আশুতোষ রাঙ্কার। তাঁর অভিযোগ, সিজেপি কর্মীদের বাধা দিতে স্থানীয়দের নয়, বিজেপির ‘গুণ্ডাদের’ ডেকে আনা হয়েছিল। তাঁর দাবি, গোয়ালঘরের মধ্যে শিশুদের পড়াশোনা করতে হচ্ছে—এই পরিস্থিতি দেখতে যাওয়াই তাঁদের ‘অপরাধ’ হয়ে দাঁড়িয়েছে এবং সেই কারণেই তাঁদের উপর হামলা চালানো হয়েছে।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকও ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাঁর প্রশ্ন, সিজেপি কর্মীদের উপর কথিত হামলার ঘটনায় রাজস্থান পুলিশ কেন নীরব? অন্যদিকে, রাজস্থানের বিরোধী দলনেতা তিকা রাম জুলিও ঘটনার নিন্দা করেছেন। তবে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য ভিন্ন। তাঁদের দাবি, তাঁরা আশঙ্কা করেছিলেন যে ‘ককরোচ’ জনতা পার্টির সদস্যরা ওই সরকারি স্কুলটি ভেঙে দেওয়ার উদ্দেশ্যেই সেখানে এসেছেন। স্থানীয়দের মতে, স্কুলটিতে মাত্র ২০-২৫ জন পড়ুয়া রয়েছে এবং সেটি বন্ধ বা ভেঙে দেওয়া হতে পারে—এই আশঙ্কা থেকেই তাঁরা সিজেপি কর্মীদের স্কুল চত্বর থেকে চলে যেতে বলেন।

উল্লেখ্য, কয়েকদিন আগেই সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছিল যে রাজস্থানের বিভিন্ন সরকারি স্কুল পরিদর্শন করা হবে এবং স্থানীয়দের অনুরোধেই এই পরিদর্শন চালানো হবে। কিন্তু এর পরেই রাজস্থান সরকার একটি নির্দেশিকা জারি করে। সেখানে স্পষ্ট জানানো হয়, স্কুল চত্বরে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ এবং প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া কেউ স্কুলে ঢুকতে পারবেন না।
এই নির্দেশিকার পরেও শুক্রবার রামপুরা-কানওয়ারের সরকারি স্কুলে সিজেপি কর্মীদের পরিদর্শনে যাওয়া ঘিরেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। একদিকে দলের অভিযোগ, রাজনৈতিক মদতে তাঁদের উপর হামলা চালানো হয়েছে; অন্যদিকে স্থানীয়দের দাবি, স্কুলের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা থেকেই তাঁরা বহিরাগতদের বাধা দিয়েছেন। ফলে ঘটনায় রাজনৈতিক চাপানউতোর আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!