- দে । শ
- আগস্ট ২৯, ২০২৬
হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ, মমতার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ শুভেন্দুর
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার ক্যাথিড্রাল রোডে আয়োজিত কর্মসূচিতে কলকাতা হাই কোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগ উঠল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে । এই অভিযোগের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । একই সঙ্গে বিষয়টি নিয়ে হাই কোর্টে যাওয়ারও বার্তা দিয়েছেন তিনি ।
শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কালীঘাট তৃণমূলের তরফে ক্যাথিড্রাল রোডে একটি সভার আয়োজন করা হয় । ওই সভার অনুমতি দেওয়ার সময় কলকাতা হাইকোর্ট একাধিক শর্ত বেঁধে দিয়েছিল । আদালতের নির্দেশ অনুযায়ী, সভা চলাকালীন রাস্তার একটি ফ্ল্যাঙ্ক সাধারণ যান চলাচলের জন্য খোলা রাখার কথা ছিল । পাশাপাশি সভায় সর্বাধিক ১৫০০ জন কর্মী-সমর্থক উপস্থিত থাকতে পারবেন এবং দুপুর ১২টা থেকে বিকেল ৩টের মধ্যে কর্মসূচি শেষ করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছিল ।
অভিযোগ, সভা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ইশারার পর গাছের নিচে থাকা কর্মী-সমর্থকেরা ব্যারিকেড ভেঙে মঞ্চের সামনে চলে আসেন । এর জেরে ক্যাথিড্রাল রোডের একটি অংশ কার্যত অবরুদ্ধ হয়ে যায় এবং যান চলাচল ব্যাহত হয় । এই ঘটনাকেই হাইকোর্টের নির্দেশ অমান্যের উদাহরণ হিসেবে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুভেন্দু বলেন, “দেখলেন তো আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হাইকোর্টের অর্ডার ভাঙলেন । রাস্তার একটি ফ্ল্যাঙ্ক ছেড়ে করতে বলেছিল । একদম গাছের নিচে থাকা লোককে ডেকে রাস্তা বন্ধ করিয়ে কী করলেন । আমি পুলিশকে বলেছি এফআইআর রেজিস্টার করতে । আর ওঁনার বিরুদ্ধে হাইকোর্টে মুভ করতে। ছাড়া হবে না ।”
উল্লেখ্য, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কর্মসূচি করার জন্য তৃণমূলের দুই শিবির — কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল — আদালতের দ্বারস্থ হয়েছিল । আদালত ঋতব্রত শিবিরকে রানি রাসমণি রোডে এবং কালীঘাট তৃণমূলকে ক্যাথিড্রাল রোডের একটি অংশে সভা করার অনুমতি দেয় । দুই সভার ক্ষেত্রেই আদালত নির্দিষ্ট শর্ত আরোপ করেছিল । তার মধ্যে অন্যতম ছিল রাস্তার একটি ফ্ল্যাঙ্ক যান চলাচলের জন্য খোলা রাখা । একই সঙ্গে উপস্থিতির সংখ্যা ১৫০০-র মধ্যে সীমাবদ্ধ রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে সভা শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল । ক্যাথিড্রাল রোডের সভায় ওই শর্ত মানা হয়নি বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারাতেই ব্যারিকেড ভেঙে কর্মী-সমর্থকেরা রাস্তায় চলে আসেন এবং শেষ পর্যন্ত রাস্তা বন্ধ হয়ে যায় ।
এ বিষয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন । তিনি বলেন, “কত লোক নিয়ে মিটিং করতে হবে তা জানিয়ে দিয়েছে হাইকোর্ট । তিনি (মমতা) সেখানে একটি অংশকে ব্যারিকেড ভেঙে রাস্তা দখল করতে প্ররোচিত করছেন। এই ধরনের মানসিকতার ডিএনএ থেকে চট করে বেরিয়ে আসে না ।” ফলে ক্যাথিড্রাল রোডের ওই সভাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি আদালতের নির্দেশ অমান্যের অভিযোগও সামনে এসেছে । এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ এবং হাই কোর্টে মামলা — দুই ক্ষেত্রেই কী পদক্ষেপ করা হয়, সেদিকেই নজর থাকবে ।
❤ Support Us





