- বি। দে । শ
- আগস্ট ৩১, ২০২৬
গ্র্যান্ড ক্যানিয়নে ভয়াবহ হড়পা বান
নেপালের পর এবার ভয়াবহ হড়পা বানের কবলে আমেরিকার অ্যারিজোনা প্রদেশের বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক । প্রবল বৃষ্টির জেরে আচমকাই ফুলে-ফেঁপে ওঠে ব্রাইট অ্যাঞ্জেল ক্রিক । মুহূর্তের মধ্যে সেই জলস্রোত ভয়ংকর রূপ নেয় । ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন এবং ফ্যান্টম র্যাঞ্চ এলাকায় নেমে আসে তীব্র জলের স্রোত । স্রোতের তোড়ে ভেসে যায় বড় বড় বোল্ডার, গাছপালা, ধাতব কাঠামো এবং ফুটব্রিজের একাধিক অংশ ।
ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে, এই বিপর্যয়ের পর অন্তত ২০ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না । তবে এখনও পর্যন্ত ৬২ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে । তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে হেলিকপ্টারের সাহায্যে দুর্গম এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে । এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি । নিখোঁজদের সন্ধানে জোরকদমে তল্লাশি অভিযান চলছে ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর আড়াইটে নাগাদ কলোরাডো নদীর সঙ্গে মিলিত হওয়া ব্রাইট অ্যাঞ্জেল ক্রিকে আচমকাই আকস্মিক বন্যা শুরু হয় । মাত্র ৩০ মিনিটের মধ্যে এলাকায় প্রায় ১ থেকে ২.৫ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। গ্র্যান্ড ক্যানিয়নের খাড়া ভূপ্রকৃতির কারণে বৃষ্টির জল দ্রুত নীচের দিকে নেমে আসে । মাটিতে বেশির ভাগ জল শুষে নেওয়ার আগেই তা ঢাল বেয়ে গড়িয়ে গিয়ে ভয়াবহ জলস্রোতের সৃষ্টি করে ।
প্রবল স্রোতে ব্রাইট অ্যাঞ্জেল ক্রিকের উপর থাকা অধিকাংশ ফুটব্রিজ ধ্বংস হয়ে গিয়েছে । বালি, পাথর ও কাদার বিশাল স্রোত আছড়ে পড়ে কলোরাডো নদীতে । এর জেরে এলাকার ভূপ্রকৃতিতেও ব্যাপক পরিবর্তন ঘটেছে এবং নদীর গতিপথে তৈরি হয়েছে নতুন ভূমিরূপ । পরিস্থিতির কারণে ওই এলাকায় নদীপথে রিভার রাফটিংও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ।
হড়পা বানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রাইট অ্যাঞ্জেল ক্যাম্পগ্রাউন্ড, নর্থ কাইবাব ট্রেলের একাংশ এবং ফ্যান্টম র্যাঞ্চের কিছু এলাকা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই এলাকাগুলিতে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ রাখা হয়েছে ।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে ভয়াবহ পরিস্থিতির ছবি । তাঁদের দাবি, আচমকাই পাহাড়ের উপর থেকে জল, কাদা ও পাথরের স্রোত নেমে আসে । এক পর্যটক জানান, তাঁরা জলপ্রপাতের মতো জল নেমে আসতে দেখেছেন । একই সঙ্গে চারদিকে বড় বড় পাথর গড়িয়ে পড়ছিল এবং বিভিন্ন জায়গায় ধসও নামছিল ।
উইকএন্ড হওয়ায় বিপর্যয়ের সময় গ্র্যান্ড ক্যানিয়নের ওই এলাকায় প্রচুর পর্যটক হাইকিং, ক্যাম্পিং এবং রিভার রাফটিংয়ে ব্যস্ত ছিলেন । ফলে নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে । প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজ ব্যক্তিদের সম্পর্কে কোনও তথ্য থাকলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে ।
এদিকে উদ্ধার অভিযান চললেও আবহাওয়ার পরিস্থিতি নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে । আবহাওয়া দফতর জানিয়েছে, এলাকায় আরও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ফলে ফের হড়পা বান, ধস এবং নদীর জলস্তরের দ্রুত পরিবর্তনের আশঙ্কা থাকছে । এই পরিস্থিতিতে দুর্গম এলাকায় উদ্ধারকারী দলগুলিকেও অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে ।
গ্র্যান্ড ক্যানিয়নের মতো দুর্গম, খাড়া ও পাথুরে এলাকায় অল্প সময়ের প্রবল বৃষ্টিও যে কতটা ভয়াবহ হড়পা বানের পরিস্থিতি তৈরি করতে পারে, অ্যারিজোনার এই বিপর্যয় ফের তারই প্রমাণ দিল ।
❤ Support Us








