Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • সেপ্টেম্বর ৩, ২০২৬

জন্মশতবর্ষে মহানায়ক উত্তম কুমার, শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
জন্মশতবর্ষে মহানায়ক উত্তম কুমার, শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর

বাংলা ও বাঙালির মনন, চিন্তা ও আবেগে উত্তম কুমারের অবস্থান নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। তাঁর ভুবনভোলানো হাসি, মায়াবী চাহনি, স্বতন্ত্র বেশভূষা থেকে শুরু করে গাম্ভীর্যপূর্ণ বডি ল্যাঙ্গোয়েজ— সবই আজও বাঙালির নিজস্ব সাংস্কৃতিক ব্যাকরণের অবিচ্ছেদ্য অংশ। বাংলা চলচ্চিত্র জগতের গণ্ডি পেরিয়ে ভারতীয় সিনেমার ইতিহাসেও তিনি সমুজ্জ্বল নক্ষত্র। বাঙালির চিরন্তন ‘ম্যাটিনি আইডল’ মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁকে বিশেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার, সোশ্যাল মিডিয়ায় বাংলা ভাষায় বিশেষ পোস্ট করেন প্রধানমন্ত্রী। ‘সপ্তপদী’ ছবির কালজয়ী মুহূর্তের ঝলক দিয়ে উত্তম কুমারকে স্মরণ করেন তিনি। পোস্টে দেখা যায় উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত কাল্ট ক্লাসিক ‘এই পথ যদি না শেষ হয়’ গানের দৃশ্য। প্রধানমন্ত্রী লেখেন, “মহানায়ক উত্তম কুমার, এক কিংবদন্তি, যাঁর কালজয়ী কাজের সঙ্গে বিভিন্ন প্রজন্মের মানুষ একাত্ম হতে পেরেছেন। তাঁর জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। গত রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে আমি তাঁর সম্পর্কে যা বলেছিলাম, সেটাও ভাগ করে নিলাম।’

এর আগেও গত রবিবারের ‘মন কি বাত’ অনুষ্ঠানে মহানায়ককে স্মরণ করেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে উত্তম কুমারের অভিনয় ও ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের কথা তুলে ধরেন তিনি। মোদি বলেন, অভিনয় জগতে উত্তম কুমারের অবদান কখনও ভুলবে না সিনেপ্রেমীরা। তাঁদের মনের মণিকোঠায় রয়েছেন উত্তম কুমার। অনেকেই মনে করেন, সত্যজিৎ রায়ের ‘নায়ক’ ছবিতে উত্তম কুমারের অভিনয়ই ছবিটিকে এতটা উচ্চতায় পৌঁছে দিয়েছে। সেই চরিত্রের জন্য আজও সিনেপ্রেমীদের স্মৃতিতে অমলিন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, সত্যজিৎ রায় নিজেও মনে করতেন, অভিনয় দক্ষতার পাশাপাশি উত্তম কুমারের অভিনয়ের গভীরতাই তাঁকে এত বড়ো অভিনেতায় পরিণত করেছিল। যে কোনো চরিত্রকে জীবন্ত ও বিশ্বাসযোগ্য করে তুলতে উত্তম কুমারের কঠোর পরিশ্রমের কোনো বিকল্প ছিল না বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, জন্মশতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ টালিগঞ্জে মহানায়ক উত্তম কুমারের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের একাধিক বিশিষ্ট শিল্পী ও কলাকুশলী। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, জিৎ, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, গৌতম ঘোষ-সহ ইন্ডাস্ট্রির বহু পরিচিত মুখ। মহানায়কের জন্মশতবর্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। উত্তম কুমারের স্মৃতিচারণ করতে গিয়ে ফের সামনে আসে বাংলা সংস্কৃতি ও চলচ্চিত্রে তাঁর অনন্য প্রভাবের প্রসঙ্গ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!