Advertisement
  • দে । শ
  • অক্টোবর ৭, ২০২৬

প্রাক্তন তৃণমূল বিধায়কের আপ্তসহায়ক গ্রেফতার

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রাক্তন তৃণমূল বিধায়কের আপ্তসহায়ক গ্রেফতার

মঙ্গলকোটের প্রাক্তন তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরির আপ্ত সহায়ক রাজেশ চৌধুরিকে জালে তুলল পুলিশ। মঙ্গলকোটের কানাইডাঙার বাসিন্দা রাজেশ বিরুদ্ধে আবাস যোজনার বিপুল আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত। তাকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন। রাজেশ ২০২১-২২ অর্থবর্ষে মঙ্গলকোটের কৈচর ১নং পঞ্চায়েত এলাকার আবাস যোজনা প্রকল্পের দায়িত্বে ছিলেন। তার দায়িত্ব ছিল, নির্বাচিত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো। অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত প্রধান সুফল প্রধানের সঙ্গে গাঁটছড়া বেঁধে প্রকৃত উপভোক্তাদের আইডি ব্যবহার করে টাকা তুলে ‘নির্দিষ্ট’ অ্যাকাউন্টে টাকা ঢোকাত রাজেশ। দেবদাস গোস্বামী, পদ্মাবতী যশদের অভিযোগ, ‘আবাস যোজনার তালিকায় নাম থাকলেও টাকা পাইনি। এখন বুঝছি এসব ওই সুফল আর রাজেশের কারসাজি।’ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে বেআইনি বালি খাদান ও ওয়ান ফিগার লটারি চালানোর অভিযোগে গ্রেপ্তার কাটোয়ার বাসিন্দা সুপ্রিয় মুখার্জি ও তার সাগরেদ সুদীপ্ত চক্রবর্তীকে আগেই গ্রেপ্তার করে পুলিশ। এবার কাটোয়া শহরে সুপ্রিয়র ভাড়াবাড়িতে তল্লাশি চালিয়ে ব্রিফকেস ভর্তি নগদ ৯ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের অনুমান, ঝাড়গ্রামের একটা বালি খাদানের শেয়ার কিনবে বলে ওই টাকা জমা রেখেছিল। অভিযোগ, কাটোয়া থেকে মেদিনীপুরের ঝাড়গ্রাম পর্যন্ত বহু জায়গায় বেআইনি বালি খাদান চালানোয় অভিযুক্ত সুপ্রিয় এত টাকার মালিক হয়ে উঠেছিল যে, তার টাকার হিসেব রাখতে অ্যাকাউটেন্ট নিয়োগ করে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!