- দে । শ
- নভেম্বর ৯, ২০২৬
মঙ্গলবার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, ক্ষতিগ্রস্ত মৃৎশিল্পী ও ব্যবসায়ীদের দেবেন ক্ষতিপূরণ
পরিস্থিতি ঠিকঠাক থাকলে মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাট সংলগ্ন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে একাধিক কালীপুজো মণ্ডপ পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী তথা ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী। নবান্ন সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলিতে আয়োজিত কয়েকটি কালীপুজো কমিটির তরফে তাঁকে মণ্ডপে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই মঙ্গলবার সন্ধ্যায় সেখানে যাওয়ার কথা তাঁর।
তবে মুখ্যমন্ত্রীর এই সফর শুধুমাত্র পুজো পরিদর্শনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। কালীঘাটের স্থানীয় মৃৎশিল্পী ও ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোও এই সফরের অন্যতম উদ্দেশ্য। গত ৬ ও ৭ নভেম্বর রাতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদ্যাপনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক বিশৃঙ্খলা ও তাণ্ডবের অভিযোগ ওঠে। অভিযোগ, মত্ত যুবকদের তাণ্ডবে পটুয়াপাড়ার একাধিক মৃৎশিল্পীর তৈরি প্রতিমা এবং কাজের সামগ্রী ভাঙচুর ও নষ্ট করা হয়। একই সঙ্গে ক্ষতির মুখে পড়েন এলাকার পুজোর সামগ্রী বিক্রেতারাও।
এই ঘটনার পর ক্ষতিগ্রস্ত মৃৎশিল্পী ও ব্যবসায়ীরা ভবানীপুরের বিধায়ক তথা মুখ্যমন্ত্রীর দফতরে লিখিত অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পরই দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাটে গিয়ে ক্ষতিগ্রস্ত পটুয়াপাড়ার মৃৎশিল্পী, কারিগর ও দোকানদারদের সঙ্গে সরাসরি কথা বলবেন তিনি। তাঁদের কাছ থেকে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ শোনার পাশাপাশি ক্ষতিপূরণ বাবদ আর্থিক সাহায্যও তুলে দেবেন তাঁদের হাতে।
পাশাপাশি, ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার নিরাপত্তা পরিস্থিতি এবং তদন্তের অগ্রগতি নিয়েও স্থানীয় পুলিশ আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর। উল্লেখ্য, ৬ ও ৭ নভেম্বরের তাণ্ডবের ঘটনায় ইতিমধ্যেই তৃণমূল নেতা শ্রীদীপ দাস, মহম্মদ তৌকির আলম এবং মহম্মদ এরশাদকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পিছনে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে তদন্ত চালানো হচ্ছে।
রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মতো গুরুত্বপূর্ণ এলাকায় মুখ্যমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একদিকে কালীপুজো মণ্ডপ পরিদর্শন, অন্যদিকে জন্মদিনের অনুষ্ঠান ঘিরে তাণ্ডবে ক্ষতিগ্রস্ত স্থানীয় শিল্পী ও ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান—সব মিলিয়ে মঙ্গলবারের এই কর্মসূচি রাজনৈতিক ও প্রশাসনিক, দুই দিক থেকেই বিশেষ গুরুত্ব পেতে চলেছে।
❤ Support Us






