Advertisement
  • দে । শ
  • নভেম্বর ৯, ২০২৬

দীপাবলির প্রদীপ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ! মধ্যপ্রদেশে শিশু-সহ একই পরিবারের ১২ জনের মৃত্যু

আরম্ভ ওয়েব ডেস্ক
দীপাবলির প্রদীপ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ! মধ্যপ্রদেশে শিশু-সহ একই পরিবারের ১২ জনের মৃত্যু

আলোর উৎসবের রাতেই নেমে এল অন্ধকার। দীপাবলির প্রদীপ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মধ্যপ্রদেশে প্রাণ হারালেন একই পরিবারের ছয় সদস্য। মৃতদের মধ্যে রয়েছে মাত্র দু’মাসের এক শিশুও। অন্যদিকে, রাজ্যের আরও একটি জেলায় স্বর্ণ ব্যবসায়ীর তিনতলা বাড়িতে আগুন লেগে মৃত্যু হয়েছে তাঁর পরিবারের ছয় সদস্যের। পরপর দুই অগ্নিকাণ্ডে সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২।

প্রথম মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের কাটনি জেলার বারহি শহরে। সোমবার ভোররাতে একটি তিনতলা বাড়িতে ভয়াবহ আগুন লাগে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সারা রাত জ্বলতে থাকা একটি মাটির প্রদীপ থেকেই আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাড়ির বিভিন্ন তলায়। সেই সময় বাড়ির ভিতরেই ঘুমিয়ে ছিলেন পরিবারের সদস্যরা।

এই অগ্নিকাণ্ডে একই পরিবারের তিন প্রজন্মের ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ৭৭ বছর বয়সি পূরণ আগরওয়াল, তাঁর স্ত্রী চন্দ্রকলা, পুত্রবধূ পুনম এবং নাতনি আর্যা (১৪), আনভি (৬) ও মাত্র দু’মাসের এক শিশু। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, মায়ের কোলেই মৃত্যু হয় ওই শিশুর।

বাড়িটির নীচের তলায় ছিল থালাবাসনের দোকান। উপরের তলাগুলিতে বসবাস করত আগরওয়াল পরিবার। কাটনির পুলিশ সুপার অভিনব বিশ্বকর্মা জানিয়েছেন, প্রাথমিক তদন্ত এবং দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের বক্তব্য অনুযায়ী, কফি মেশিনের কাছে রাখা একটি মাটির প্রদীপ থেকেই আগুন লাগে। পরে তা দ্রুত গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে।

কাটনির জেলাশাসক আশিস তিওয়ারি জানিয়েছেন, রাত সাড়ে ১২টা নাগাদ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। রাত পৌনে ১টার দিকে দমকলের প্রথম গাড়ি ঘটনাস্থলে পৌঁছয়। পরে আরও দমকলের গাড়ি পাঠানো হয়। রাত দেড়টা নাগাদ কন্ট্রোল রুমে অতিরিক্ত দমকল ইউনিটের জন্য অনুরোধ পৌঁছলে আরও বাহিনী ঘটনাস্থলে আসে। শেষ পর্যন্ত আগুন থেকে মাত্র দু’জনকে উদ্ধার করা সম্ভব হয়।

তবে দমকলের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মৃতদের আত্মীয়রা। তাঁদের অভিযোগ, বারহি পুরসভার প্রথম দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে প্রায় এক ঘণ্টা দেরি করে। শুধু তাই নয়, ওই গাড়ির হোস পাইপও খারাপ ছিল। ফলে প্রাথমিক পর্যায়ে উদ্ধারকাজ ও আগুন নেভানোর কাজে বাধা তৈরি হয়।

এদিকে, কাটনি থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে সিওনি জেলার ছাপারা শহরেও ঘটে দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা। সোমবার ভোর সাড়ে ৪টে নাগাদ স্বর্ণ ব্যবসায়ী কুন্দন লাল সোনির তিনতলা বাড়িতে আগুন লাগে। সেই সময় বাড়ির ভিতরে পরিবারের মোট ১০ জন সদস্য ছিলেন। তাঁদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ৭৫ বছর বয়সি কুন্দন লাল সোনি, তাঁর স্ত্রী, দুই পুত্রবধূ, এক আত্মীয় এবং ১৬ বছর বয়সি এক নাতি। বাকি চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে এবং অগ্নিদগ্ধ হয়ে ওই ছয়জনের মৃত্যু হয়েছে।

দীপাবলির উৎসবের রাতে প্রদীপের আলো থেকেই এমন ভয়াবহ পরিণতি, আর পরপর দুই অগ্নিকাণ্ডে একই রাজ্যে ১২ জনের মৃত্যু—মধ্যপ্রদেশের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতিতে দমকলের দ্রুত পৌঁছনো নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!