Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • নভেম্বর ৯, ২০২৬

শতাধিক উপন্যাস পড়ে চূড়ান্ত বাছাইয়ে ছয়, সোমরাতেই ঘোষণা হবে এ বছরের বুকারজয়ীর নাম

আরম্ভ ওয়েব ডেস্ক
শতাধিক উপন্যাস পড়ে চূড়ান্ত বাছাইয়ে ছয়, সোমরাতেই ঘোষণা হবে এ বছরের বুকারজয়ীর নাম

সাহিত্যের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার বুকার প্রাইজের ২৬ সালের বিজয়ীর নাম ঘোষণা হতে চলেছে সোমবার, ৯ নভেম্বর। লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী রাত ৯টা ৪৫ মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী রাত ২টো ১৫ মিনিটে) প্রকাশ করা হবে বিজয়ী লেখকের নাম। এ বছর পুরস্কারের জন্য চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে ৬ টি উপন্যাস। ঐতিহাসিক আখ্যান থেকে সমকালীন সামাজিক বাস্তবতা, এমনকি ভিনগ্রহের প্রাণীর আক্রমণে বিপর্যস্ত পৃথিবীর কল্পবিজ্ঞান—বিষয়ের বৈচিত্র্যে নজর কেড়েছে এবারের তালিকা।

তবে এবারের বুকার পুরস্কারের গুরুত্ব কেবল ছ–টি উপন্যাসের চূড়ান্ত বাছাইয়ে সীমাবদ্ধ নয়। চূড়ান্ত তালিকা তৈরির পিছনে রয়েছে বিচারকদের কয়েক মাসের কঠোর সাহিত্যিক পরীক্ষা। ১৬৩টি উপন্যাস পড়ে, আলোচনা করে, একাধিক বার পুনর্মূল্যায়নের পর তৈরি হয়েছে চূড়ান্ত তালিকা। বিচারকমণ্ডলীর সভাপতি ব্রিটিশ ধ্রুপদী সাহিত্য গবেষক মেরি বিয়ার্ড জানান, জীবনে এত পরিশ্রম তিনি আগে কখনো করেননি। হোমার ও ভার্জিলের মহাকাব্য নিয়ে দীর্ঘদিন গবেষণা এবং অধ্যাপনা করেছেন বিয়ার্ড। কিন্তু এ বার তাঁর দায়িত্ব ছিল সম্পূর্ণ ভিন্ন। গত বছরের ডিসেম্বর নাগাদ বিচারকদের কাছে একের পর এক বইয়ের বাক্স পৌঁছতে শুরু করে। প্রতিটি বাক্সে থাকত প্রায় ৩০টি বই। মোট ১৬৩টি উপন্যাস পড়তে হয়েছিল পাঁচ সদস্যের বিচারকমণ্ডলীকে। নিয়ম ছিল, প্রতিদিন অন্তত একটি বই শেষ করতে হবে। প্রয়োজনে পড়তে হবে একাধিক বইও। এক সাক্ষাৎকারে বিয়ার্ড জানিয়েছেন, ‘জীবনে কখনো এত পরিশ্রম করিনি। বই লেখা এর চেয়ে অনেক সহজ।’ তবে এই অভিজ্ঞতাকে একই সঙ্গে সৌভাগ্যের ও বিস্ময়কর বলে বর্ণনা করেছেন তিনি।

বিচারপ্রক্রিয়ার গোপনীয়তা বজায় রাখার জন্য কোন বই পড়ছেন, তা পুরস্কার ঘোষণার আগে কাউকে জানাতে পারেননি বিচারকেরা। নির্ধারিত সময়ের তুলনায় একবার অনেকটা পিছিয়ে পড়েছিলেন বিয়ার্ড। সে ঘাটতি পূরণ করতে গ্রিসের সমুদ্রতীরবর্তী একটি হোটেলে গিয়ে আশ্রয় নেন তিনি। সেখানে দিনে ১২ ঘণ্টা পর্যন্ত বই পড়েছেন। অন্য বিচারকদেরও দৈনন্দিন জীবনের সঙ্গে তাল মিলিয়ে চালাতে হয়েছে এই পাঠ-পর্ব। লেখক ও সমালোচক রেবেকা লিউ জানিয়েছেন, নাইটক্লাবের বাইরে অপেক্ষা করার সময়ও বইয়ের কয়েক পাতা পড়ে নিতে হয়েছে তাঁকে। ব্রিটিশ ব্যান্ড ‘পাল্প’-এর গায়ক জার্ভিস ককারকে আবার ব্যান্ডের সফরের ফাঁকে বই পড়তে হয়েছে। কখনো ছাপা বইয়ের বদলে আইপ্যাডে পড়েছেন ডিজিটাল সংস্করণ। ককার জানান, ভ্রমণের সময় বই পড়া কিছুটা একঘেয়ে মনে হলেও বইগুলি তাঁকে অন্য জগতে নিয়ে গিয়েছে। এক বার অস্ট্রেলিয়া থেকে বিচারকদের বৈঠকে যোগ দিতে হয়েছিল তাঁকে। কবি রেমন্ড অ্যান্ট্রোবাসের কাছে অভিজ্ঞতা আরও আবেগঘন। তিনি জানান, বই পড়তে গিয়ে প্রায় প্রতি রাতেই তাঁর কান্না পেত। উপন্যাসের চরিত্র ও ঘটনাগুলি এমন ভাবে মনে প্রভাব ফেলেছিল যে সেগুলি স্বপ্নেও ফিরে আসত। লেখকের নির্মিত জগতে প্রবেশ করার পাশাপাশি সেই জগতের চরিত্রগুলির আকাঙ্ক্ষা ও অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হওয়ার মধ্যে রয়েছে এক গভীর মানবিক অনুভূতি।

১৬৩টি বই পড়ার পর শুরু হয় বাছাইয়ের দ্বিতীয় পর্ব। ৫ সদস্যের প্রত্যেক বিচারককেই প্রতিটি বই পড়তে হয়েছিল। প্রথমে ১৬৩টি বই থেকে বেছে নেওয়া হয় ১৩টি উপন্যাস। এ তালিকা পরিচিত ‘বুকার ডজন’ নামে। পরে সেই ১৩টি বই ফের পড়ে চূড়ান্ত করা হয় ৬টি উপন্যাসের সংক্ষিপ্ত তালিকা। বিজয়ী নির্বাচনের ক্ষেত্রেও চলেছে দীর্ঘ আলোচনা ও মতবিনিময়। লন্ডনের অভিজাত ‘ডিপার্টমেন্টাল স্টোর ফোর্টনাম অ্যান্ড মেসন’-এ তিন ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন বিচারকেরা। তবে সে আলোচনা সব সময় শান্ত সাহিত্যিক বিতর্কের পর্যায়ে থাকেনি। মার্কিন কবি প্যাট্রিসিয়া লকউড জানিয়েছেন, মতবিরোধের সময়ে তাঁকে বার বার চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে হয়েছে। এমনকি রাগের মাথায় বই ছুড়ে ফেলার ঘটনাও ঘটেছে।

বিতর্ক সামলাতে বিচারকেরা ব্যবহার করেছিলেন ‘ট্র্যাফিক লাইট’ পদ্ধতি। প্রত্যেকে নিজেদের মূল্যায়ন অনুযায়ী বইগুলিকে সবুজ, হলুদ অথবা লাল শ্রেণিতে ভাগ করতেন। যে বই নিয়ে বিচারকদের মতামত সবচেয়ে বেশি আলাদা ছিল, সেগুলি নিয়েই আলোচনা হয়েছে বেশি। মেরি বিয়ার্ডের মতে, কোনো বই সম্পর্কে এক বিচারকের প্রবল উৎসাহ এবং অন্য বিচারকের সম্পূর্ণ প্রত্যাখ্যান — এই বিপরীত অবস্থান থেকেই সবচেয়ে আকর্ষণীয় বিতর্কের জন্ম হয়েছে। বুকার পুরস্কারের ক্ষেত্রে বই নির্বাচনের কোনো নির্দিষ্ট বা বাঁধাধরা মানদণ্ড নেই। এ নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা রয়েছে। তবে এ বারের বিচারকেরা নিজেদের আলোচনায় দু–টি প্রশ্নকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। প্রথমত, বইটি কি তাঁরা আবার পড়তে চাইবেন? দ্বিতীয়ত, অন্য কাউকে কি বইটি পড়ার পরামর্শ দেবেন?

এ বারের বিচারকমণ্ডলীর গঠনেও রয়েছে বৈচিত্র্য। মেরি বিয়ার্ডের পাশাপাশি রয়েছেন লেখক ও সমালোচক রেবেকা লিউ, কবি রেমন্ড অ্যান্ট্রোবাস, পাল্পের গায়ক জার্ভিস ককার এবং মার্কিন কবি প্যাট্রিসিয়া লকউড। সাহিত্যিক প্রতিষ্ঠানের প্রচলিত পরিসরের বাইরের ব্যক্তিত্বদের বিচারকমণ্ডলীতে অন্তর্ভুক্ত করার যে প্রবণতা বুকার পুরস্কারে দেখা যাচ্ছে, এ বারের তালিকাতেও তার প্রতিফলন রয়েছে। তবে বিচারকদের আলোচনায় একটি বিষয় বিশেষ গুরুত্ব পেয়েছে —কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান উপস্থিতির মধ্যে সাহিত্যের মানবিক বৈশিষ্ট্যকে কী ভাবে চিহ্নিত করা যায়। বিচারকেরা এমন বইয়ের প্রতি আকৃষ্ট হয়েছেন, যেখানে মানুষের অপূর্ণতা, অস্বাভাবিকতা, বিচিত্র অভিজ্ঞতা এর অনিশ্চয়তা স্পষ্ট। রেবেকা লিউ জানিয়েছেন, বিচারপ্রক্রিয়ার শেষের দিকে তাঁরা সচেতন ভাবেই এমন একটি তালিকা তৈরি করতে চেয়েছিলেন, যেখানে নিখুঁত ও পূর্বানুমানযোগ্য আখ্যানের বদলে মানুষের ত্রুটি, বিচিত্রতা এবং অপূর্ণতার উদ্‌যাপন থাকবে।

এ বারের সংক্ষিপ্ত তালিকায় সবচেয়ে আলোচিত হচ্ছে ডগলাস স্টুয়ার্টের ‘জন অফ জন’। এছাড়াও রয়েছে পাঁচটি উপন্যাস। সেগুলির বিষয়বস্তু ও আখ্যানের ধরন একে অন্যের থেকে সম্পূর্ণ আলাদা। ‘শাগি বেইন’ উপন্যাসের জন্য ২০২০ সালে বুকার পুরস্কার পেয়েছিলেন স্কটিশ লেখক স্টুয়ার্ট। তাঁর তৃতীয় উপন্যাস ‘জন অফ জন’-এর পটভূমি স্কটল্যান্ডের আউটার হেব্রিডিস দ্বীপপুঞ্জের হ্যারিস। এক বিচ্ছিন্ন, রক্ষণশীল ফ্রি প্রেসবিটেরিয়ান ধর্মীয় সম্প্রদায়ের কঠোর অনুশাসনের মধ্যে বেড়ে ওঠা এক তরুণের যৌন পরিচয়, পারিবারিক সম্পর্ক ও পিতা-পুত্রের মধ্যেকার জটিল টানাপড়েনই এ উপন্যাসের মূল বিষয়। সামাজিক বিধিনিষেধের পাশাপাশি অবদমিত আকাঙ্ক্ষা এবং দীর্ঘদিনের পারিবারিক নীরবতা কী ভাবে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে, তা সংবেদনশীল ভাবে তুলে ধরেছেন লেখক।

লুক কেনার্ডের ‘ব্ল্যাক ডগ’ বিশ্ববিদ্যালয়ের মনস্তাত্ত্বিক পরীক্ষাকে কেন্দ্র করে লেখা ব্যঙ্গাত্মক উপন্যাস। ১৯৬৭ সালে ‘ওরেগন স্টেট ইউনিভার্সিটি’তে পরিচালিত একটি পরীক্ষার অনুপ্রেরণায় রচিত এই বইয়ে এক অভিনেতা কালো ব্যাগে মুখ ঢেকে একটি সেমিনারে অংশ নেন। ক্রমশ সেই চরিত্রের সঙ্গে তাঁর ব্যক্তিগত পরিচয়ের সীমারেখা মুছে যেতে থাকে। পরিচয়, দৃশ্যমানতা এবং মানুষের অস্তিত্বের প্রশ্নকে হাস্যরস ও বিষণ্ণতার মিশেলে তুলে ধরেছেন কেনার্ড।

এম জন হ্যারিসনের ‘দ্য এন্ড অফ এভরিথিং’ কল্পবিজ্ঞানের আঙ্গিকে লেখা। কেন্ট উপকূলে ভিনগ্রহের অদ্ভুত সত্তা ‘আইগেটি’-র আগমন এবং তার ফলে মানুষের জীবনে নেমে আসা বিপর্যয় এ উপন্যাসের বিষয়। সমুদ্রতীরে একটি অদ্ভুত বস্তু খুঁজে পান ফিলিপ টেনেন্ট। সেটি ধীরে ধীরে মানুষের আচরণ অনুকরণ করতে শুরু করে। এর পরেই টেনেন্ট আর তাঁর স্মৃতিভ্রংশে আক্রান্ত পিসির জীবন জড়িয়ে পড়ে হিংসা ও নিষ্ঠুরতার মধ্যে। প্রচলিত কল্পবিজ্ঞানের কাঠামো ভেঙে বাস্তব ও অবাস্তবের মিশ্রণে নিজস্ব জগৎ তৈরি করেছেন লেখক। এলিজাবেথ স্ট্রাউটের ‘দ্য থিংস উই নেভার সে’ তুলনায় অনেক বেশি সংযত ও বাস্তবতানির্ভর। ম্যাসাচুসেটসের এক স্কুলশিক্ষক আর্টি ড্যামকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ আখ্যান। পরিবার, ছাত্রছাত্রী, সহকর্মী এবং বন্ধুদের সঙ্গে তাঁর সম্পর্কের মধ্যে দিয়ে উঠে এসেছে সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের নানা জটিলতা। পুলিৎজারজয়ী স্ট্রাউট এর আগে তিন বার বুকার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

মারলন জেমসের ‘দ্য ডিসেপিয়ারস্’ জ্যামাইকার সমকামী পুরুষদের জীবন ও সামাজিক বাস্তবতা নিয়ে লেখা। ১৯৮৮ থেকে ২০০৫ সালের পটভূমিতে নির্মিত উপন্যাসে আট জন পুরুষ একটি বিতর্কিত নাটকের মহড়ায় অংশ নেন। কিন্তু সমকামীবিদ্বেষী হামলার পর একজনের মৃত্যু হয়, একজন অন্ধ হয়ে যান এবং দু–জন নিখোঁজ হন। তাঁদের খোঁজ চলতে থাকে ছ–বছর ধরে। শ্রেণি, জাতিগত পরিচয়, যৌনতা এবং সামাজিক বৈষম্যের পাশাপাশি উপন্যাসে উঠে এসেছে সমাজের চোখে অদৃশ্য হয়ে যাওয়া মানুষের অস্তিত্বের সংকট। মারলন জেমস এর আগে এক বার বুকার প্রাইজ পেয়েছেন। ২০১৫ সালে তাঁর ‘আ ব্রিফ হিস্টরি অফ সেভেন কিলিংস’ উপন্যাসের জন্য। তিনি বুকারজয়ী প্রথম জ্যামাইকান লেখক।

অন্যদিকে, রেবেকা পেরির প্রথম উপন্যাস ‘মে উই ফিড দ্য কিং’ ইতিহাস, স্মৃতি ও গল্প বলার পদ্ধতি নিয়ে এক অভিনব আখ্যান। ঐতিহাসিক স্থানগুলিতে অতীতের খাবারের দৃশ্য নির্মাণ করেন উপন্যাসের এক অজ্ঞাতপরিচয় কথক। একটি পুরনো রাজপ্রাসাদে কাজ করতে গিয়ে তিনি এক মধ্যযুগীয় রাজার ব্যর্থতা ও দুর্বলতার বিবরণ খুঁজে পান। সে সূত্রেই খুলে যায় ইতিহাসের অন্য এক অধ্যায়। কবিতার ভাষা ও আখ্যানের দূরত্বকে কাজে লাগিয়ে ইতিহাসের প্রচলিত বয়ান নিয়ে প্রশ্ন তুলেছেন লেখক। সব মিলিয়ে এবারের বুকার সংক্ষিপ্ত তালিকায় রয়েছে পারিবারিক সম্পর্ক, যৌন পরিচয়, সামাজিক বৈষম্য, ইতিহাস, স্মৃতি এবং মানুষের অস্তিত্বের নানা প্রশ্ন। ছ–মাসের কঠোর পাঠ, বিচারকদের মতবিরোধ এবং একাধিক দফার পুনর্মূল্যায়নের পর শেষ পর্যন্ত কোন বইটি শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাবে, এখন সেই অপেক্ষাতেই সাহিত্যজগৎ। বিজয়ী লেখক পাবেন ৫০ হাজার পাউন্ড অর্থমূল্যের পুরস্কার। তবে অর্থমূল্যের বাইরেও বুকার স্বীকৃতি যে কোনো লেখকের আন্তর্জাতিক সাহিত্যিক পরিচিতি ও ভবিষ্যৎ প্রকাশনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। আজ রাতেই জানা যাবে, ২০২৬ সালের বুকার সম্মান উঠছে কার হাতে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!