Advertisement
  • দে । শ
  • নভেম্বর ৯, ২০২৬

বৃটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা ! বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা, জল সরবরাহেও টান

আরম্ভ ওয়েব ডেস্ক
বৃটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা ! বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা, জল সরবরাহেও টান

পুজোর মরশুমে আচমকা জল-বিপর্যয়ে বিপর্যস্ত হয়ে পড়ল উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকা। বৃষ্টি হয়নি, অথচ রাস্তায় থইথই জল। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ টালা রেলস্টেশনের কাছে রেললাইনের নিচ দিয়ে যাওয়া পানীয় জলের একটি বিশাল পাইপলাইন ফেটে বিপত্তি। মুহূর্তের মধ্যে প্রবল বেগে জল বেরিয়ে প্লাবিত করে দেয় টালা ব্রিজ সংলগ্ন এলাকা। বনমালী সরকার স্ট্রিট-সহ আশপাশের একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। কোথাও হাঁটুসমান জল, কোথাও আবার বাড়ি ও দোকানের ভিতরে ঢুকে পড়ে জল। পরিস্থিতি সামাল দিতে বিচ্ছিন্ন করে দেওয়া হয় সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ সংযোগ। শুধু স্থানীয় জনজীবনই নয়, এ বিপত্তির প্রভাব পড়েছে উত্তর কলকাতার বিস্তীর্ণ অংশের পানীয় জল সরবরাহ ব্যবস্থাতেও।

কলকাতা পুরসভা সূত্রে খবর, টালা রেল ইয়ার্ডের মধ্য দিয়ে যাওয়া প্রায় ৭২ ইঞ্চি ব্যাসের একটি পুরনো পাইপলাইনে ফাটল ধরেছে। ব্রিটিশ আমলের এই পাইপলাইন টালা জলাধারের সঙ্গে যুক্ত। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পানীয় জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই পাইপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে পাইপ ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই বিপুল পরিমাণ জল বেরিয়ে আসে। ব্যস্ত সময়ে এমন বিপত্তিতে স্বাভাবিক ভাবেই জল সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কী ভাবে ঘটল বিপত্তি? স্থানীয় বাসিন্দাদের দাবি, পাইপটিতে বেশ কয়েক দিন ধরেই চিড় দেখা যাচ্ছিল। সেখান থেকে অল্প অল্প করে জলও বেরোচ্ছিল। বিষয়টি কলকাতা পুরনিগমের পানীয় জল সরবরাহ বিভাগের নজরে আনা হয়েছিল বলে দাবি তাঁদের। কিন্তু অভিযোগ, সময়মতো মেরামতির ব্যবস্থা করা হয়নি। শেষ পর্যন্ত সোমবার সকালে পাইপের ফাটল বড়ো আকার ধারণ করে। তার পরেই প্রবল বেগে জল বেরিয়ে এসে আশপাশের এলাকাকে কার্যত জলাশয়ে পরিণত করে। যদিও পাইপ ফাটার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়।

জলের তোড়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বনমালী সরকার স্ট্রিট ও সংলগ্ন এলাকার বাসিন্দারা। রাস্তায় জল জমে যাওয়ায় চলাচল কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে। জল ঢুকে পড়েছে আশপাশের বাড়ি, দোকানপাট, কয়েকটি পুজো মণ্ডপেও। জলমগ্ন হয়ে পড়েছে রেললাইনের নিচের অংশও। এর ফলে টালায় চক্ররেল চলাচলেও বিঘ্ন ঘটছে বলে জানা গিয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রশাসনের তরফে দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জল ও বিদ্যুতের সংযোগে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, সে সতর্কতাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বিদ্যুৎ দফতর। তবে তার ফলে বিদ্যুৎহীন অবস্থায় আরও সমস্যায় পড়েন এলাকার বাসিন্দারা। বিপর্যয়ের প্রভাব শুধু টালাতেয় আটকে নেই। এই জলাধার থেকে বেরোনো সংশ্লিষ্ট পাইপলাইনের মাধ্যমে শহরের বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ করা হয়। ফলে পাইপের চাপ কমানো ও মেরামতির কাজের জন্য বিভিন্ন এলাকায় জল সরবরাহে বিঘ্ন ঘটেছে। কলকাতা পুরসভার তরফে ইতিমধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, সি আর অ্যাভিনিউ, রাজাবাজার ও সংলগ্ন এলাকা, কলেজ স্ট্রিট, বিধান সরণি, পার্ক সার্কাস, এ জে সি বোস রোড, বালিগঞ্জ এবং কসবা-সহ একাধিক এলাকায় জল সরবরাহ প্রভাবিত হতে পারে। সকাল থেকেই বিভিন্ন এলাকায় জলের চাপ কমতে শুরু করে। কোথাও কোথাও সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। ফলে দৈনন্দিন প্রয়োজনের জল সংগ্রহ করতে সমস্যায় পড়েছেন বহু মানুষ।

যদিও পুরসভার দাবি, বিকল্প পাইপলাইন সক্রিয় রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। সরবরাহ যাতে সম্পূর্ণ বন্ধ না হয়ে যায়, তার জন্য বিকল্প ব্যবস্থাও চালু করা হয়েছে। তবে ফেটে যাওয়া পাইপলাইনের গুরুত্বের কারণে শহরের সর্বত্র স্বাভাবিক পরিষেবা বজায় রাখা সম্ভব হচ্ছে না। ঘটনার খবর পেয়েই তৎপর হয়েছে কলকাতা পুরসভা। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন পুরকমিশনার স্মিতা পাণ্ডে। জল সরবরাহ বিভাগের পদস্থ আধিকারিক ও বাস্তুকারদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দেন তিনি। ঘটনাস্থলে দাঁড়িয়েই সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে একাধিক বার যোগাযোগ করতে দেখা যায় তাঁকে। পুরসভার ইঞ্জিনিয়ার ও মেরামতি বিভাগের কর্মীরাও পৌঁছে গিয়েছেন। পাইপের ভিতরে জলের চাপ কমানোর পাশাপাশি জমা জল সরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। তার জন্য এলাকায় পাম্প বসানো হয়েছে। তবে মেরামতির কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে রেললাইন এবং নিকাশি ব্যবস্থার জটিলতা। পাইপলাইনটি রেললাইনের নীচ দিয়ে যাওয়ায় সংশ্লিষ্ট এলাকায় কাজ করতে রেল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় প্রয়োজন।

পুরকমিশনার জানিয়েছেন, ওই অংশের নিকাশি ব্যবস্থার দায়িত্ব রেলের। এলাকায় একাধিক নালা থাকলেও জমা জলের গতিমুখ সময়মতো নালার দিকে ঘোরানো যায়নি। সে কারণেই এতটা জল জমেছে। পুরকর্মীরা জমা জল বের করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। তবে সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে কিছুটা সময় লাগবে বলেই মনে করছেন পুরকর্তারা। এখন সবচেয়ে বড়ো প্রশ্ন, কেন ফেটে গেল ব্রিটিশ আমলের এই ৭২ ইঞ্চি ব্যাসের পাইপলাইন? দীর্ঘদিনের ব্যবহারে পাইপের কাঠামোগত দুর্বলতা তৈরি হয়েছিল, না কি অতিরিক্ত জলের চাপের কারণেই এই বিপত্তি, তা খতিয়ে দেখা হচ্ছে। পাইপের ক্ষতিগ্রস্ত অংশ পরীক্ষা করে প্রয়োজনীয় মেরামতির ব্যবস্থা করা হবে বলে পুরসভা সূত্রে খবর। কাজ শেষ হলে মঙ্গলবার থেকে পানীয় জল সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হতে পারে। তবে তার আগে পর্যন্ত উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের জল নিয়ে সমস্যায় পড়তে হতে পারে। একই সঙ্গে টালার জলমগ্ন রাস্তাঘাট থেকে জল সরানো এবং বিদ্যুৎ পরিষেবা ফের চালু করাও প্রশাসনের কাছে বড়ো চ্যালেঞ্জ। উৎসবের আমেজ কাটতে না কাটতেই শহরের একাংশের এমন দুর্ভোগে স্বাভাবিক ভাবেই ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!