- বি। দে । শ
- নভেম্বর ৯, ২০২৬
চিনা গুপ্তচরের সঙ্গে সম্পর্ক, তথ্যপাচার ? ‘প্রতারণা’র কথা স্বীকার এনভিডিয়া কর্তার, তদন্ত শুরু সংস্থার
মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা ‘এনভিডিয়া’র সিইও জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্ক তুঙ্গে। অভিযোগ, চিনের এক গুপ্তচর মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন জেনসেন। সে সম্পর্কের সূত্র ধরে তাঁর কাছ থেকে সংস্থার গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য হাতিয়ে নেওয়া হয়ে থাকতে পারে। তাঁর বিরুদ্ধে স্বাধীন অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে এনভিডিয়ার পরিচালন পর্ষদ। সবদিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। চিনের গোয়েন্দা সংস্থার পরিকল্পিত অভিযানের নিশানায় ছিলেন এনভিডিয়া প্রধান — এমনই সন্দেহ মার্কিন গোয়েন্দাদের। এদিকে, স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতার কথা নিজেই স্বীকার করে নিয়েছেন জেনসেন।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির সন্দেহ, জেনসেনকে নিজেদের জালে জড়াতে একাধিক কৌশল নিয়েছিল চিনের গোয়েন্দা সংস্থা। সে সূত্রেই সিঙ্গাপুরের মেগাস্পিড ইন্টারন্যাশনাল সংস্থার প্রাক্তন উচ্চপদস্থ আধিকারিক অ্যালিস হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় তাঁর। অ্যালিস চিনের নাগরিক। তিনি হুয়াং লে নামেও পরিচিত। অভিযোগ, চিনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রক তাঁকে নিয়োগ করেছিল এনভিডিয়া সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য। যদিও এ অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি। অ্যালিসের সঙ্গে জেনসেনের সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই প্রযুক্তি ও রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। যদিও প্রথম দিকে ওই মহিলার সঙ্গে যাবতীয় যোগাযোগকে স্বাভাবিক ব্যবসায়িক সম্পর্ক বলেই দাবি করেছিলেন এনভিডিয়া প্রধান।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ়ের একটি প্রতিবেদন অনুযায়ী, পরে সংস্থার কর্মীদের উদ্দেশে ব্যক্তিগত বার্তায় বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছেন জেনসেন। সেখানে তিনি লেখেন, ‘আমি আমার স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। আমার কাজের ফলে স্ত্রী এবং সন্তানরা আঘাত পেয়েছে। আমি যা করেছি, তার কোনো অজুহাত হতে পারে না।’ নিজের কাজের জন্য অনুতাপ প্রকাশ করে তার সম্পূর্ণ দায়ও স্বীকার করেছেন তিনি। জেনসেন আহ্বান জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত কাজের জন্য পরিবারকে কোনো ভাবেই দায়ী করা উচিত নয়। স্ত্রী ও সন্তানদের ব্যক্তিগত পরিসর রক্ষার আবেদনও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, শুধু ক্ষমা চাইলেই যে ক্ষত মুছে যাবে, তা তিনি জানেন। তবে সময়ের সঙ্গে পরিবারের বিশ্বাস ফিরে পাওয়ার আশা রাখেন। তবে তাঁর ব্যক্তিগত সম্পর্কের বিতর্ক এখন আর শুধু পারিবারিক পরিসরে আটকে নেই। এর সঙ্গে জড়িয়ে পড়েছে আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তি, মার্কিন জাতীয় নিরাপত্তা এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি সংস্থার গোপন তথ্যের সুরক্ষার প্রশ্ন। অভিযোগ সামনে আসার পরেই জেনসেনের বিরুদ্ধে স্বাধীন তদন্তের ঘোষণা করেছে এনভিডিয়ার পরিচালন পর্ষদ। তবে তদন্ত চলাকালীন সিইও পদে বহাল থাকছেন তিনি।
অ্যালিসকে ঘিরে অভিযোগের গুরুত্ব আরও বেড়েছে তাঁর প্রাক্তন কর্মস্থল মেগাস্পিড ইন্টারন্যাশনালকে কেন্দ্র করে। ওই সংস্থার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে চিনের হাতে উন্নত প্রযুক্তির এনভিডিয়া এআই চিপ পৌঁছে দিতে সাহায্য করার অভিযোগ রয়েছে। জো বাইডেনের প্রশাসনের শেষ পর্বেই সংস্থাটির বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল মার্কিন বাণিজ্য দফতর। সিঙ্গাপুর সরকারও বিষয়টি নিয়ে তদন্তে নেমেছিল। ফলে জেনসেনের সঙ্গে অ্যালিসের ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি মেগাস্পিডের সঙ্গে এনভিডিয়ার ব্যবসায়িক যোগাযোগও এখন তদন্তকারীদের নজরে।অভিযোগ প্রকাশ্যে আসার পরেই বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে এনভিডিয়ার পরিচালন পর্ষদ। বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তা এনভিডিয়ার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। সংস্থা এবং তার অংশীদারদের স্বার্থের সঙ্গেও এই নিরাপত্তার প্রশ্ন ওতপ্রোত ভাবে জড়িত।
তবে, এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি, যার ভিত্তিতে মনে করা যেতে পারে যে আমেরিকার জাতীয় নিরাপত্তা কিংবা এনভিডিয়ার গোপন তথ্যের কোনো ক্ষতি হয়েছে। তবে অভিযোগগুলিকে হালকা ভাবে দেখা হচ্ছে না। এ সংক্রান্ত যাবতীয় তথ্য খতিয়ে দেখবে তদন্ত কমিটি। তদন্তের জন্য স্বাধীন পরিচালকদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সংস্থার বাইরের স্বাধীন আইনি উপদেষ্টারা তদন্তপ্রক্রিয়ায় সহযোগিতা করবেন এবং তার পর্যালোচনা করবেন। পরিচালন পর্ষদের বক্তব্য, তদন্তটি সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে পরিচালিত হবে। অর্থাৎ, অভিযোগের কেন্দ্রে যিনি রয়েছেন, সেই জেনসেনের প্রভাবের বাইরে থেকেই তদন্তের কাজ এগোবে বলে জানিয়েছে সংস্থা। তবে, তদন্তের কারণে সংস্থার স্বাভাবিক কাজকর্মে কোনো ব্যাঘাত ঘটবে না। জেনসেনই সিইও হিসাবে দায়িত্ব পালন করবেন। তাঁর নেতৃত্বে সংস্থার কাজকর্ম অব্যাহত থাকবে। আপাতত তাঁর পদ থেকে সরে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি পরিচালন পর্ষদ।
বিশ্লেষকদের মতে, এ তদন্তের গুরুত্ব শুধু জেনসেনের ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক প্রযুক্তি বাজারে এনভিডিয়ার অবস্থান ও উন্নত সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে সংস্থাটির আধিপত্যের কারণেই বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এনভিডিয়ার তৈরি জিপিইউ বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে এআই মডেল তৈরি, তথ্য বিশ্লেষণ, উন্নত কম্পিউটিংয়ের কাজে ব্যবহৃত হয়। ফলে সংস্থার হাতে রয়েছে বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও প্রযুক্তিগত তথ্য। সেসব তথ্য বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার হাতে পৌঁছনোর সম্ভাবনা তৈরি হলে তা শুধু একটি বেসরকারি সংস্থার সমস্যা থাকে না, জাতীয় নিরাপত্তার প্রশ্নও হয়ে ওঠে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির সন্দেহ, জেনসেনের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে তাঁর কাছ থেকে এনভিডিয়ার গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা করেছিলেন অ্যালিস।
এদিকে, চিনে উন্নত সেমিকন্ডাক্টর এবং এআই চিপ রফতানির ক্ষেত্রে মার্কিন বিধিনিষেধ নিয়েও জেনসেনের অবস্থান তদন্তকারীদের নজরে রয়েছে বলে আমেরিকার একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। অভিযোগ, চিনের বাজারে উন্নত প্রযুক্তির চিপ সরবরাহের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করার পক্ষে ছিলেন এনভিডিয়া প্রধান। এ বিষয়ে ট্রাম্প প্রশাসনকে রাজি করানোর চেষ্টাও করেছিলেন তিনি বলে দাবি। অ্যালিসকে ঘিরে গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রকাশ্যে আসার পর মেগাস্পিডের সঙ্গে এনভিডিয়ার ব্যবসায়িক সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। মার্কিন বাণিজ্য দফতরের তদন্তের কেন্দ্রে রয়েছে সে অভিযোগই— মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে চিন যাতে এনভিডিয়ার উন্নত এআই চিপ হাতে পায়, সে ব্যবস্থা করতে সাহায্য করেছিল সিঙ্গাপুরের সংস্থাটি। তবে এই অভিযোগের প্রেক্ষিতে আগেই মুখ খুলেছিলেন জেনসেন। মেগাস্পিডের সঙ্গে এনভিডিয়ার সমস্ত ব্যবসায়িক লেনদেন নিয়মমাফিক ছিল বলে দাবি করেছিলেন তিনি। তাঁর বক্তব্য ছিল, সংস্থাটি কোথায় এবং কী ভাবে এনভিডিয়ার গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) ব্যবহার করেছে, তার সম্পূর্ণ হিসাব রাখা হয়েছে। মার্কিন সরকারও বিষয়টি সম্পর্কে অবগত ছিল বলে দাবি করেন তিনি।
অ্যালিসের সঙ্গে নিজের যোগাযোগের বিষয়েও সাফাই দিয়েছিলেন এনভিডিয়া প্রধান। তাঁর কথায়, মেগাস্পিডের আধিকারিক ও চিনা গ্রাহকদের সঙ্গে যে ধরনের যোগাযোগ সাধারণত হয়ে থাকে, অ্যালিসের সঙ্গেও তেমনই যোগাযোগ ছিল। এর মধ্যে অস্বাভাবিক কিছু ছিল না। অ্যালিস বর্তমানে আর মেগাস্পিডের সঙ্গে যুক্ত নন বলেও জানিয়েছিলেন তিনি। পাশাপাশি, অ্যালিসকে নিয়ে মার্কিন সরকারের সন্দেহের কথা তাঁকে কখনও জানানো হয়নি বলেও দাবি করেছিলেন জেনসেন। প্রবল বিতর্কের মাঝে এনভিডিয়ার সিইও-কে কেন্দ্র করে চিনা গুপ্তচরবৃত্তির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বেজিং। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুন জানিয়েছেন, এ বিষয়ে চিন আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। চিনা গুপ্তচর সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, অনুমাননির্ভর। চিনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হয়েছে। অন্যদিকে, আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়ো এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। রবিবার ফ্লোরিডার হোমস্টেডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এনভিডিয়ার অভ্যন্তরীণ তদন্তের বিষয়ে তাঁর কিছু বলার নেই। বিষয়টির প্রকৃতি বিবেচনা করে এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা সম্ভব নয় বলেও জানান তিনি।
এত বিতর্কের মধ্যেও এনভিডিয়ার সিইও-র পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেনসেনকে ‘ভালো মানুষ’ বলে উল্লেখ করে তাঁর সিইও পদে থাকা উচিত বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি। রবিবার ট্রাম্প বলেন, ‘এ বিষয়ে আমি ওঁর সঙ্গে কথা বলিনি। আমি শুধু জানি, উনি এক জন ভালো মানুষ। তবে কী ঘটছে, তা তো কখনোই নিশ্চিত করে বলা যায় না।’ এর আগে মার্কিন গোয়েন্দা কর্তারা ট্রাম্প প্রশাসনকে জানিয়েছিলেন, জেনসেনের ঘনিষ্ঠ হয়ে ওঠা এক মহিলা চিনের গুপ্তচর সংস্থার হয়ে কাজ করছেন। তাঁকে নিয়োগ করা হয়েছিল এনভিডিয়া প্রধানের কাছ থেকে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে। শুক্রবার দ্য নিউ ইয়র্ক টাইমস–এর প্রতিবেদনে এই দাবি প্রকাশিত হয়। রবিবার আরও একটি প্রতিবেদনে জানানো হয়, বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের অন্দরেও উদ্বেগ তৈরি হয়েছিল। উল্লেখ্য, জেনসেন আমেরিকার প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য।
এসবের মধ্যে, জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক, চিনা গুপ্তচরবৃত্তির অভিযোগের কেন্দ্রে থাকা অ্যালিস হুয়াংয়ের অতীত কর্মজীবন নিয়েও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। হুয়াং লে নামেও পরিচিত ওই মহিলা চিনের নাগরিক। সিঙ্গাপুরের তথ্যকেন্দ্র সংস্থা মেগাস্পিড ইন্টারন্যাশনালের এক জন উচ্চপদস্থ আধিকারিক হিসাবে কাজ করেছেন তিনি। তবে তাঁর পেশাগত জীবনের পরিধি শুধু প্রযুক্তি ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। কর্মজীবনের শুরুতে টেলিভিশন সাংবাদিক ছিলেন অ্যালিস। হুনান টিভি ও চিনের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সিসিটিভি-তে কাজ করেছেন। এর পর ব্যাঙ্কিং ও আর্থিক পরিষেবা ক্ষেত্রেও কাজ করেছেন তিনি। জানা গিয়েছে, এইচএসবিসি ব্যাঙ্কের প্রাইভেট ব্যাঙ্কিং বিভাগের প্রেসিডেন্টের সহকারী হিসাবে কর্মরত ছিলেন অ্যালিস। পরবর্তী সময়ে চিনের অন্যতম বৃহৎ আর্থিক সংস্থা সিআইটিআইসি সিকিউরিটিজ়ে ভাইস প্রেসিডেন্টের দায়িত্বও সামলেছেন বলে জানা যাচ্ছে।
অ্যালিসের কর্মজীবনের বিবরণ নিয়েও প্রশ্ন উঠেছে। দ্য নিউ ইয়র্ক পোস্ট–এর একটি প্রতিবেদন অনুযায়ী, হুনান টিভির এক উচ্চপদস্থ আধিকারিক দাবি করেছেন, অ্যালিস হুয়াং নামে কাউকে তিনি চেনেন না। অন্যদিকে, সিসিটিভির ওয়েবসাইটেও অ্যালিসের নামে কোনো কর্মজীবনের পরিচিতি খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদপত্রটি। ফলে তাঁর অতীত পেশাগত পরিচয় এবং বিভিন্ন সংস্থায় কাজ করার দাবির সত্যতা নিয়েও সংশয় তৈরি হয়েছে। চিনের বিনিয়োগ সংক্রান্ত নথি অনুযায়ী, অ্যালিস সাংহাই হেক্সি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট নামে একটি সংস্থার কার্যনির্বাহী ডিরেক্টর এবং তহবিল পরিচালকের দায়িত্বেও ছিলেন। ওই সংস্থার সঙ্গে চিনের গেমিং সংস্থা 7Road-এর যোগসূত্র ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। মেগাস্পিড ইন্টারন্যাশনালের অতীতও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সংস্থাটির কর্পোরেট ইতিহাসের সূত্র পাওয়া যায় সিঙ্গাপুরে অবস্থিত 7Road International-এর মধ্যে। এটি ছিল চিনের গেমিং সংস্থা 7Road-এর বিদেশি ব্যবসায়িক শাখা। ২০২৩ সালে মেগাস্পিড প্রতিষ্ঠিত হয়। ওই বছরই সংস্থাটির মালিকানা ছিল অ্যালিস হুয়াংয়ের নেতৃত্বাধীন Huang Le Limited-এর হাতে। পরে একই বছরে সংস্থাটি সুইফটডেটার কাছে বিক্রি করে দেওয়া হয়। তবে মালিকানা হস্তান্তরের পরেও মেগাস্পিডের সঙ্গে অ্যালিসের প্রকাশ্য যোগাযোগ বজায় ছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
চিনের সঙ্গে সম্পর্কিত একাধিক সংস্থার জটিল ব্যবসায়িক নেটওয়ার্কের কেন্দ্রে রয়েছে মেগাস্পিড। দক্ষিণ-পূর্ব এশিয়ায় এনভিডিয়ার অন্যতম বড়ো গ্রাহক হিসাবেও পরিচিত সংস্থাটি। দ্য নিউ ইয়র্ক টাইমস–এর হিসাব অনুযায়ী, গত দু–বছরে মেগাস্পিড এনভিডিয়ার কাছ থেকে ৪৮০ কোটি ডলারেরও বেশি মূল্যের চিপ কিনেছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ কয়েক দশক হাজার কোটি টাকা। ফলে অ্যালিসের সঙ্গে এনভিডিয়ার শীর্ষকর্তার সম্পর্ক এবং মেগাস্পিডের বিপুল অঙ্কের চিপ কেনাবেচা— দু–টি বিষয়ই তদন্তের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাচ্ছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বাজারমূল্যের সংস্থা হিসাবে পরিচিত এনভিডিয়া গত তিন বছর ধরে ধারাবাহিক ভাবে ওয়াল স্ট্রিটের প্রত্যাশা ছাপিয়ে মুনাফা করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত প্রসারের সঙ্গে সঙ্গে সংস্থার তৈরি উচ্চক্ষমতাসম্পন্ন চিপের চাহিদা বিপুল ভাবে বেড়েছে। এআই প্রযুক্তির পরিকাঠামো নির্মাণে এই চিপগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় সদর দফতর অবস্থিত সংস্থাটি গত আগস্টে প্রকাশিত আর্থিক ফলাফলে জানিয়েছিল, এক ত্রৈমাসিকে তাদের মুনাফার পরিমাণ ছিল ৫৯.৬৯ বিলিয়ন ডলার। প্রযুক্তি দুনিয়ায় এনভিডিয়ার এই বিপুল প্রভাবের কারণেই সংস্থার সিইও-কে ঘিরে ওঠা গুপ্তচরবৃত্তির অভিযোগ মার্কিন প্রশাসনের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
❤ Support Us







