Advertisement
  • বি। দে । শ
  • নভেম্বর ৭, ২০২৬

মার্কিন প্রেসিডেন্টকে হত্যার চক্রান্ত, হোয়াইট হাউসের সামনে অস্ত্রভর্তি ট্রাক ! গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

আরম্ভ ওয়েব ডেস্ক
মার্কিন প্রেসিডেন্টকে হত্যার চক্রান্ত, হোয়াইট হাউসের সামনে অস্ত্রভর্তি ট্রাক ! গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

আমেরিকার রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য। হোয়াইট হাউসের সামনে অস্ত্রশস্ত্রভর্তি একটি সন্দেহজনক ট্রাককে কেন্দ্র করে গ্রেপ্তার করা হল ২৬ বছর বয়সি এক ভেনেজুয়েলার যুবককে। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র ও প্রচুর গোলাবারুদ। এমনকী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার উদ্দেশ্য নিয়েই ওয়াশিংটন ডিসিতে এসেছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে ওই যুবক। যদিও গোটা ঘটনার নেপথ্যে অন্য কারও মদত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ঘটনাটি ঘটে হোয়াইট হাউসের সামনে। জানা গিয়েছে, নিয়মমাফিক টহল দেওয়ার সময় পুলিশের নজরে আসে একটি সন্দেহজনক ট্রাক। দীর্ঘক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকা গাড়িটিকে দেখে সন্দেহ হয় কর্তব্যরত আধিকারিকদের। এরপর ট্রাকের কাছে গিয়ে ভিতরে থাকা যুবকের সঙ্গে কথা বলেন তাঁরা। ওই যুবককে জিজ্ঞাসা করা হয়, সে কোনও বিপদের আশঙ্কা করছে কি না অথবা তার কাছে কোনও আগ্নেয়াস্ত্র রয়েছে কি না।

পুলিশের দাবি, জবাবে ওই যুবক জানায়, কেউ তাকে খুন করার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছিল সে। সেই কারণেই নিজের কাছে আগ্নেয়াস্ত্র রেখেছে। এরপর নিজেই একটি খয়েরি রঙের ব্যাগের দিকে পুলিশের দৃষ্টি আকর্ষণ করে সে। ব্যাগটি খুলতেই কার্যত হতবাক হয়ে যান আধিকারিকরা। তার ভিতর থেকে উদ্ধার হয় একটি ম্যাক-১০ মেশিন পিস্তল, একটি গ্লক পিস্তল এবং একটি এআর-১৫ রাইফেল। পাশাপাশি ব্যাগে প্রচুর গোলাবারুদও মজুত ছিল।

তদন্তে আরও জানা যায়, ওই ট্রাকটি দক্ষিণ ক্যারোলিনা থেকে চুরি করা হয়েছিল। এরপরই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত জানায়, তার মাথার ভিতর থেকে নির্দেশ এসেছিল ওয়াশিংটন ডিসিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার। সেই নির্দেশ মেনেই সে সেখানে পৌঁছেছিল বলে অভিযোগ। এমনকী, নিজের মস্তিষ্কই তাকে এই কাজ করার পরামর্শ দিয়েছিল বলেও দাবি করে সে।

উল্লেখযোগ্য বিষয়, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত সমস্ত কথা গুগল ট্রান্সলেটরের সাহায্যে পুলিশকে জানিয়েছিল বলে জানা গিয়েছে।

এদিকে, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, কোনও বৃহত্তর ষড়যন্ত্রের পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযুক্তকে ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে।

মধ্যবর্তী নির্বাচন ঘিরে আমেরিকার রাজনৈতিক উত্তাপের মধ্যেই হোয়াইট হাউসের সামনে এমন অস্ত্র উদ্ধারের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং ঘটনার সম্পূর্ণ নেপথ্যকাহিনি জানতে তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে প্রশাসন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!