Advertisement
  • বি। দে । শ
  • নভেম্বর ৭, ২০২৬

কেনিয়ার ধর্মীয় নেতা‌র ২০০ বছরের কারাদণ্ড

আরম্ভ ওয়েব ডেস্ক
কেনিয়ার ধর্মীয় নেতা‌র ২০০ বছরের কারাদণ্ড

১৯১ জনকে হত্যার দায়ে কেনিয়ার এক ধর্মীয় নেতাকে ২০০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যুর সঙ্গে এই ধর্মীয় নেতার যোগসূত্র রয়েছে বলে অভিযোগ। কেনিয়ার উপকূলীয় শহর মোম্বাসার হাইকোর্ট যাজক পল ম্যাকেঞ্জিকে এই দণ্ডাদেশ দিয়েছে। ম্যাকেঞ্জিকে ১৯০ জন শিশু ও একজন প্রাপ্তবয়স্ককে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। তিনি তাঁর অনুসারীদের পরামর্শ দিয়েছিলেন, যদি তাঁরা যিশু খ্রীস্টের সাক্ষাৎ পেতে চান, তাহলে যেন অনাহারে মৃত্যুবরণ করে।

পল ম্যাকেঞ্জি এবং তাঁর ২৮ জন অনুসারীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসা হয়েছিল। যাদের মধ্যে উপবাসের আদেশ কার্যকরকারী প্রহরী এবং গণকবরগুলি গোপন করতে সাহায্যকারী কবর খননকারীরাও অন্তর্ভুক্ত রয়েছে। কেবলমাত্র একজন দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছিল। বাকিরা সবাই অভিযোগ অস্বীকার করেছিল। ১৯ অক্টোবর আদালত ২৯ জন অভিযুক্তকেই ১৯১ জনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে। ২০২৩ সালে উপকূলীয় কিলফি কাউন্টির ৮০০ একরের চাকামা রাঞ্চাকি কবরস্থান থেকে ৪০০টিরও বেশি মৃতদেহ মাটি খুঁড়ে তোলা হয়। সেখানে ম্যাকেঞ্জির অনুসারীরা স্থানীয় সম্প্রদায় ও কর্তৃপক্ষের দৃষ্টির আড়ালে মাটির ঘরে বাস করত।

আইনজীবীরা বলেছেন, ম্যাকেঞ্জি এবং তাঁর গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চ একটা খ্রিস্টান কেয়ামতবাদী গোষ্ঠী তৈরি করেছিল। সেখানে ম্যাকেঞ্জি তাঁর অনুসারীদের কেয়ামতের আগে স্বর্গে পৌঁছনোর জন্য নিজেদের ও তাঁদের সন্তানদের অনাহারে রেখে মৃত্যুবরণ করার নির্দেশ দিয়েছিলেন। গণকবরগুলি আবিষ্কৃত হওয়ার পর থেকে মামলাটি কেনিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

২০১৭ সালে পুলিশ ম্যাকেঞ্জির বাসভবনে তল্লাশি চালানোর পর থেকে কর্তৃপক্ষের নজরে থাকা সত্ত্বেও তিনি কীভাবে তাঁর কাজ চালিয়ে গিয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন ওঠে। পুলিশ জানায়, ২০১৯ সালে কর্তৃপক্ষ ম্যাকেঞ্জির গীর্জাটি বন্ধ করে দেয় এবং তিনি শাকাহোলা ফরেস্টে চলে যান। ম্যাকেঞ্জি হত্যার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ভুক্তভোগীদের অনাহারে থাকতে বাধ্য করেননি, কিন্তু আদালত এই যুক্তি প্রত্যাখ্যান করে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!