- বি। দে । শ
- নভেম্বর ৯, ২০২৬
গাদি আইজেনকটকে নতুন সরকার গড়ার ডাক ইজরায়েলের প্রেসিডেন্টের, ‘জোট-জট’-এ ছয় সপ্তাহের কঠিন পরীক্ষা
ইজরায়েলের ক্ষমতার রাজনীতিতে ফের অনিশ্চয়তা। দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর সুযোগ তৈরি হলেও সরকার গড়ার অঙ্ক মেলাতে হিমশিম খাচ্ছেন বিরোধী শিবিরের নেতা, প্রাক্তন সেনাপ্রধান গাদি আইজেনকট। প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগের কাছ থেকে সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব পেয়েছেন তিনি। কিন্তু পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য যে রাজনৈতিক সমীকরণ প্রয়োজন, তা এখনো অধরা। একদিকে আরব দলগুলির সমর্থন নিয়ে বিরোধী শিবিরের আপত্তি, অন্যদিকে অতি-গোঁড়া ইহুদি দলগুলির সঙ্গে নীতিগত সংঘাত — দুইয়ের মাঝে কার্যত দিশাহারা আইজেনকট। অন্যদিকে, ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহুও বিরোধীদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
গাদি আইজেনকটকে সরকার গড়ার আনুষ্ঠানিক দায়িত্ব দিয়েছেন ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ। কিন্তু নেসেটে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় আগামী ছ–সপ্তাহ কার্যত অগ্নিপরীক্ষার মুখে আইজেনকট। আরব নেতৃত্বাধীন দলগুলির সমর্থন নেবেন, অতি-গোঁড়া ইহুদি দলগুলির সঙ্গে সমঝোতা করবেন, না কি একসময়ের প্রধান প্রতিপক্ষ নেতানিয়াহুর সঙ্গেই হাত মেলাবেন — সে সিদ্ধান্তই এখন ইজরায়েলের রাজনীতির সবচেয়ে বড়ো প্রশ্ন। গত ২৭ অক্টোবর ইজ়রায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচন হয়েছিল। ফল প্রকাশের পর দেখা যায়, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি। ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ‘লিকুদ পার্টি’র জোট পেয়েছে ৫৩টি আসন। আইজেনকটের নেতৃত্বাধীন চার দলের বিরোধী জোটের ঝুলিতে রয়েছে ৪৮টি। আরব নেতৃত্বাধীন দলগুলি পেয়েছে ১৯টি আসন। ফলে সরকার গঠনের ক্ষেত্রে কার্যত নির্ণায়ক শক্তি হয়ে উঠেছে আরব দলগুলিই। এ পরিস্থিতিতে প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় অধিকাংশ রাজনৈতিক দলের প্রতিনিধিরা আইজেনকটকেই প্রথম সরকার গঠনের সুযোগ দেওয়ার সুপারিশ করেন। রবিবার তাঁর হাতে আনুষ্ঠানিক ভাবে সে দায়িত্ব তুলে দেন হেরজগ।
প্রেসিডেন্টের কাছ থেকে দায়িত্ব পাওয়ার পর সমাজমাধ্যমে আইজেনকট লেখেন, এখন জাতীয় স্বার্থে জরুরি ভিত্তিতে সরকার গঠনের সময় এসেছে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে সম্ভাব্য সব রকম চেষ্টা করবেন বলেও জানিয়েছেন তিনি। প্রেসিডেন্টের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর বক্তব্য, ইজ়রায়েল এখন এক গভীর সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। দেশের অমীমাংসিত যুদ্ধ, নিরাপত্তা পরিস্থিতি ও আন্তর্জাতিক কূটনৈতিক চাপের মধ্যে দ্রুত একটি স্থায়ী সরকার গঠন জরুরি। তাঁর মতে, ‘আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখান থেকে ফিরে আসার পথ ক্রমশ কঠিন হয়ে উঠছে। একটি জাতীয় জরুরি সরকার গঠন করতে হবে। তার জন্য প্রয়োজন সৃজনশীল এবং প্রচলিত রাজনৈতিক সমীকরণের বাইরে গিয়ে কিছু পদক্ষেপ।’ সরকার গঠনের জন্য প্রথমে ২৮ দিন সময় পাবেন আইজেনকট। প্রয়োজনে প্রেসিডেন্ট আরও ১৪ দিন সময় বাড়াতে পারেন। অর্থাৎ সব মিলিয়ে ছ–সপ্তাহের মধ্যে তাঁকে সংখ্যাগরিষ্ঠতার সমর্থন জোগাড় করতে হবে। সে সময়ের মধ্যে সরকার গঠন করতে না পারলে অন্য কোনো প্রার্থীকে দায়িত্ব দিতে পারেন প্রেসিডেন্ট। সে প্রক্রিয়াতেও সমাধান না মিললে নতুন নির্বাচনের সম্ভাবনা তৈরি হবে। ফলে নেতানিয়াহুর দীর্ঘ শাসনের অবসান ঘটানোর সুযোগ তৈরি হলেও বিরোধীদের সামনে সময় অত্যন্ত সীমিত।
আইজেনকটের এ রাজনৈতিক লড়াইয়ের সঙ্গে হাঙ্গেরিতে ভিক্টর অরবানের পরাজয়ের পর পিটার মাগিয়ারের ক্ষমতায় আসার তুলনা টানা হচ্ছে। নেতানিয়াহু ও অরবান, দু-জনেই ১৫ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন। আন্তর্জাতিক ক্ষেত্রে ইজরায়েলের বিচ্ছিন্নতা বাড়লেও অরবানের সঙ্গে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিচারবিভাগের স্বাধীনতা আর সংবাদমাধ্যমের মুক্ত পরিসর দুর্বল করে ক্ষমতা সংহত করার অভিযোগেও দুই নেতাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে হাঙ্গেরির মতো পরিস্থিতি বর্তমানে ইজরায়েলে নেই। সেখানে মাগিয়ারের টিসা পার্টি একাই সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। ফলে জোটের সমীকরণ নিয়ে ভাবতে হয়নি তাঁকে। কিন্তু ইজরায়েলে আইজেনকটের হাতে সংখ্যাগরিষ্ঠতা তো দূর, বিরোধী শিবিরের মধ্যেই একাধিক বিষয়ে মতপার্থক্য রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী কয়েক সপ্তাহে আইজেনকটের সামনে মূলত তিনটি বিকল্প রয়েছে। প্রথমত, আরব নেতৃত্বাধীন দলগুলির সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠন। দ্বিতীয়ত, অতি-গোঁড়া ইহুদি দলগুলির সঙ্গে সমঝোতা করে ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন। তৃতীয়ত, দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিপক্ষ নেতানিয়াহুর সঙ্গে হাত মিলিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন। কিন্তু তিনটি পথের কোনোটিই যে সহজ নয়, তা স্পষ্ট।
প্রথম বিকল্প হিসেবে আরব দলগুলির সমর্থন পাওয়ার সম্ভাবনা যথেষ্ট জোরালো। নির্বাচনে আরব নেতৃত্বাধীন দলগুলি ঐতিহাসিক সাফল্য পেয়েছে। তাদের আসনসংখ্যা বেড়ে হয়েছে ১৯। এর মধ্যে রা’আম বা ‘ইউনাইটেড আরব লিস্ট’ পেয়েছে আটটি আসন। নেতানিয়াহুর ধর্মীয়-জাতীয়তাবাদী জোটের বিরোধিতায় সরব এই দলগুলি আইজেনকটকে সরকার গঠনের সুযোগ দেওয়ার পক্ষে। ইজরায়েলি সংবাদমাধ্যম ‘হারেৎজ়’-এর প্রতিবেদন অনুযায়ী, রা’আমের এক শীর্ষ নেতা জানিয়েছেন, সরকার গঠনের চূড়ান্ত চুক্তি না হলেও আইজেনকটের দল যখন সরকার গঠনের প্রস্তাব পেশ করবে, তখন তাঁদের দল সমর্থন জানাতে প্রস্তুত। অর্থাৎ, সরকারে সরাসরি যোগ না দিয়েও বাইরে থেকে আইজেনকটের সরকারকে সমর্থন করতে পারে রা’আম। তবে আরব দলগুলির সমর্থন নেওয়ার পথে বড়ো বাধা বিরোধী শিবিরেরই একাংশ। ইজরায়েলের আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলির সঙ্গে রাজনৈতিক সমঝোতা নিয়ে ইহুদি দলগুলির মধ্যে দীর্ঘদিনের আপত্তি রয়েছে। ইজরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া এবং হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করার প্রশ্নে আরব দলগুলির অবস্থান নিয়ে বিতর্ক রয়েছে। গাজায় দীর্ঘ সামরিক অভিযানের পর সে সমীকরণ আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। ফলে আরব দলগুলির সমর্থনে সরকার গঠন করলে আইজেনকটকে নিজের শিবিরের একাংশের বিরোধিতার মুখে পড়তে হতে পারে।
এ আশঙ্কা থেকেই বিরোধী জোটের নেতা আভিগদর লিবারম্যান স্পষ্ট জানিয়েছেন, আরব দলগুলির সমর্থনের উপর নির্ভর করে সরকার গঠনে তিনি রাজি নন। তাঁর নেতৃত্বাধীন দক্ষিণপন্থী দল ‘ইজরায়েল বেইতেনু’ কোনো অবস্থাতেই আরব দলগুলির সঙ্গে সরকার গঠনের পক্ষে নয়। এমনকি সাময়িক ভাবে বাইরে থেকে তাদের সমর্থন নেওয়ার বিষয়েও আপত্তি রয়েছে লিবারম্যানের। ফলে আইজেনকটের নিজের জোটের মধ্যেই প্রথম বিকল্পটি নিয়ে ঐকমত্য নেই। দ্বিতীয় বিকল্প হিসেবে রয়েছে অতি-গোঁড়া ইহুদি দল ‘শাস’ এবং ই’উনাইটেড তোরাহ জুডাইজ়ম’-এর সমর্থন আদায়। এই দুই দলকে পাশে পেলে আইজেনকটের পক্ষে ঠিক ৬১টি আসনের সমর্থন নিয়ে সরকার গঠন সম্ভব। বিশেষ করে ‘ইউনাইটেড তোরাহ জুডাইজ়ম’-এর একাংশের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের শরিক থাকলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারা আইজেনকটকে সমর্থন করতে পারে বলে ইঙ্গিত মিলেছে। তেমনটা হলে আরব দলগুলির উপর নির্ভর করতে হবে না বিরোধী নেতাকে।
কিন্তু এ সমীকরণেরও জটিলতা কম নয়। অতি-গোঁড়া ইহুদি পুরুষদের বাধ্যতামূলক সামরিক পরিষেবার বিরোধী ‘শাস’ এবং ‘ইউনাইটেড তোরাহ জুডাইজ়ম’। অন্যদিকে, আইজেনকটের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি হলো দেশের সব নাগরিকের জন্য বাধ্যতামূলক পরিষেবা নিশ্চিত করা। সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিশেষ ছাড় দেওয়ার বিরোধী তিনি। ফলে যে প্রশ্নে নেতানিয়াহুর ধর্মীয় শরিকদের সঙ্গে আইজেনকটের বিরোধ, সে প্রশ্নেই নতুন করে সমঝোতার রাস্তা খুঁজতে হবে তাঁকে। রাজনৈতিক মহলের একাংশের মতে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন মিললেও নীতিগত প্রশ্নে আপস করতে হলে নিজের ভোটারদের ক্ষোভের মুখে পড়তে পারেন আইজেনকট। তৃতীয় সম্ভাবনা হলো, নেতানিয়াহুর সঙ্গে হাত মিলিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন। শনিবার রাতেই একটি ভিডিয়ো বার্তায় সে প্রস্তাব সামনে এনেছেন নেতানিয়াহু। তাঁর দাবি, দেশের বর্তমান নিরাপত্তা ও কূটনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক বিভাজন সরিয়ে সব প্রধান ইহুদি দলকে নিয়ে একটি ‘জাতীয় ঐক্যের সরকার’ গঠন করা প্রয়োজন। তবে সে সরকারে তাঁর জোটের সমস্ত শরিককে রাখতে হবে বলেও শর্ত দিয়েছেন তিনি। ফলে আইজেনকটের কাছে সে প্রস্তাব আদৌ গ্রহণযোগ্য কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
ভিডিয়ো বার্তায় নেতানিয়াহু আরব দলগুলির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তাঁর অভিযোগ, আরব দলগুলি সন্ত্রাসবাদের সমর্থক। তাদের সমর্থন নিয়ে সরকার গঠন করলে দেশের নিরাপত্তা বিপন্ন হবে। আইজেনকটের নাম না করে তিনি বলেন, ‘কেউ কেউ অত্যন্ত তাড়াহুড়ো করছেন। আগামী সপ্তাহেই সন্ত্রাসবাদের সমর্থকদের সাহায্যে সরকার গঠনের শপথ নিতে পারেন তাঁরা।’ তাঁর দাবি, এমন সরকার তৈরি হলে ইজরায়েলের অস্তিত্বই বিপন্ন হবে। হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান, গাজা এবং লেবাননে ইজরায়েলি সেনার কার্যকলাপও এ সরকারের কারণে বাধার মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নেতানিয়াহু। তিনি আরও বলেছেন, ইহুদি রাষ্ট্র হিসেবে ইজরায়েলকে সুরক্ষিত রাখতে জাতীয় ঐক্যের সরকার প্রয়োজন। সে সরকারে দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া রাজনৈতিক দলগুলিকে সামিল করতে হবে। ইরানের পরমাণু অস্ত্রের হুমকি মোকাবিলার ক্ষেত্রেও রাজনৈতিক ঐক্যের প্রয়োজন রয়েছে বলে দাবি করেন তিনি।
নেতানিয়াহুর এ বক্তব্যের কড়া জবাব দিয়েছে আইজেনকটের দল ‘ইয়াশার’। সমাজমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে ‘লিকুদ’ এবং তার সহযোগী দলগুলির বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ তুলেছে তারা। ‘ইয়াশার’-এর বক্তব্য, নেতানিয়াহু যদি সত্যিই জাতীয় ঐক্যের সরকার চান, তা হলে প্রথমে তাঁকে ধর্মীয়-জাতীয়তাবাদী চরমপন্থী দলগুলির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। আইজেনকটের ঘোষিত নীতিগুলি মেনে নিয়ে তাঁর নেতৃত্বাধীন সরকারে যোগ দেওয়ার কথা প্রকাশ্যে জানাতে হবে ‘লিকুদ’ সদস্যদের। বিবৃতিতে আরও বলা হয়েছে, আইজেনকট কেবল সেই সমস্ত দল এবং সংসদ সদস্যদের নিয়েই সরকার গঠন করতে চান, যাঁরা তাঁর ঘোষিত নীতি ও আদর্শের প্রতি আস্থাশীল। নেতানিয়াহুর মতো যাঁরা এক দিকে ঐক্যের কথা বলছেন, অন্য দিকে রাজনৈতিক বিভাজন তৈরি করছেন, তাঁদের সঙ্গে সমঝোতা সম্ভব নয় বলেই ইঙ্গিত দিয়েছে ইয়াশার। আইজেনকট এবং নেতানিয়াহুর মধ্যে মতপার্থক্যের আর একটি বড়ো কারণ ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা। ওই দিন ইজ়রায়েলে ঢুকে হামলা চালিয়েছিল হামাস। তার পর থেকে গাজায় শুরু হয় ইজরায়েলের সামরিক অভিযান। দীর্ঘ সংঘর্ষে ইজ়রায়েলের অভ্যন্তরীণ রাজনীতি যেমন অস্থির হয়েছে, তেমনই আন্তর্জাতিক ক্ষেত্রেও দেশটি ক্রমশ চাপের মুখে পড়েছে। ৭ অক্টোবরের হামলা প্রতিরোধে নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থার ব্যর্থতা নিয়ে তদন্তের দাবি দীর্ঘদিন ধরেই উঠছে। আইজেনকটও সে ব্যর্থতার দায় নির্ধারণের পক্ষে। অন্যদিকে, নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ, তিনি এ তদন্তের প্রশ্নে গড়িমসি করছেন। ফলে জাতীয় ঐক্যের সরকার গঠনের আলোচনা হলেও এই বিষয়টি দুই নেতার মধ্যে সমঝোতার পথে অন্যতম বাধা হয়ে উঠতে পারে।
উল্লেখ্য, ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইজরায়েলের সেনাপ্রধান ছিলেন আইজেনকট। গাজায় ইজরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর প্রথম আট মাস নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় পর্যবেক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। কিন্তু পরবর্তী সময়ে নেতানিয়াহুর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসেন। নির্বাচনে তাঁর চার দলের জোট ৪৮টি আসন পেলেও আরব নেতৃত্বাধীন দলগুলির সমর্থন তাঁকে সরকার গঠনের দৌড়ে এগিয়ে দিয়েছে। আইজেনকট সরকার গঠনের জন্য চারটি নীতির কথাও জানিয়েছেন। হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের সামরিক ঘাঁটি ও প্রশাসনিক ক্ষমতা ধ্বংস করা, ইজরায়েলকে ইহুদিপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, দেশের স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লিখিত মূল্যবোধ মেনে চলা এবং সব নাগরিকের জন্য বাধ্যতামূলক পরিষেবা চালু করা — এই চারটি বিষয়কে তিনি সরকার গঠনের ভিত্তি হিসেবে তুলে ধরেছেন। তাঁর বক্তব্য, নেসেটের যে সদস্যেরা এই নীতিগুলিকে সমর্থন করবেন, তাঁদের নিয়েই সরকার গঠন করতে চান তিনি। ফলে নেতানিয়াহুর দল ‘লিকুদ’-এর সদস্যদের জন্যও তাঁর শিবিরের দরজা খোলা রেখেছেন আইজেনকট। তবে শর্ত, তাঁদের এই নীতিগুলির প্রতি প্রকাশ্যে সমর্থন জানাতে হবে।
আইজেনকট বলেছেন, তাঁর কাছে জাতীয় ঐক্য কোনো রাজনৈতিক দরকষাকষির হাতিয়ার নয়, নিছক স্লোগানও নয়। বরং প্রকৃত অংশীদারির মধ্য দিয়ে তা গড়ে উঠতে হবে। একই সঙ্গে ‘লিকুদ’ পার্টির সদস্যদের উদ্দেশে তাঁর আহ্বান, তাঁরা যেন ধর্মীয়-জাতীয়তাবাদী চরমপন্থী শরিকদের সঙ্গ ছেড়ে তাঁর নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করেন। এদিকে, আরব দলগুলির সমর্থন নিয়ে সরকার গঠনের বিরোধিতা করতে গিয়ে নির্বাচনে কারচুপির অভিযোগও তুলেছেন নেতানিয়াহু। তাঁর দাবি, আরব ভোটারদের সংগঠিত ভাবে ভোটদানে উৎসাহিত করে নির্বাচনের ফলাফল ‘চুরি’ করা হয়েছে। আরব অধ্যুষিত এলাকায় বিদেশি হস্তক্ষেপের অভিযোগে ইজরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা ‘শিন বেত’ তদন্ত শুরু করেছে। যদিও তদন্তের বিষয়ে ‘শিন বেত’-এর প্রধান এবং অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, এমন কোনো প্রমাণ এখনো মেলেনি, যার ভিত্তিতে নির্বাচনের ফল উল্লেখযোগ্য ভাবে বদলে যাওয়ার আশঙ্কা করা যায়। দেশের কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং প্রেসিডেন্ট হেরজগও ভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেননি।
সরকার গঠনের এই টানাপড়েনের মধ্যে ইজরায়েলের নিরাপত্তা ও কূটনৈতিক পরিস্থিতিও যথেষ্ট উদ্বেগজনক। প্রেসিডেন্ট হেরজগ আইজেনকটের হাতে দায়িত্ব তুলে দেওয়ার অনুষ্ঠানে ইরানের হুমকির প্রসঙ্গ তুলে বলেন, অবিলম্বে তার মোকাবিলা করা প্রয়োজন। গাজা নিয়ে ২০ দফার পরিকল্পনা কার্যকর করার পাশাপাশি লেবানন এবং পশ্চিম এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে আলোচনাও এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন তিনি। আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের পর সে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে যে পরিবর্তন এসেছে, তার প্রভাবও ইজরায়েলের কূটনৈতিক অবস্থানের উপর পড়তে পারে বলে মনে করছেন ইজরায়েলের প্রেসিডেন্ট। এ পরিস্থিতিতে দ্রুত স্থায়ী সরকার গঠনকে অত্যন্ত জরুরি বলে মনে করছে ইজরায়েলের রাজনৈতিক মহল। তবে আইজেনকট ব্যর্থ হলে কী হবে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। প্রেসিডেন্টের দেওয়া সময়সীমার মধ্যে তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারলে পরবর্তী সুযোগ পেতে পারেন নেতানিয়াহু। তিনিও সরকার গঠনে ব্যর্থ হলে অন্য কোনো প্রার্থীকে দায়িত্ব দেওয়া হতে পারে। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো সমাধান না মিললে ফের নির্বাচনের পথে হাঁটতে হতে পারে দেশটিকে। তত দিন অবশ্য অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকতে পারবেন নেতানিয়াহু।
❤ Support Us







