Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • নভেম্বর ৯, ২০২৬

ছ-মাসে রাজ্যে চতুর্থ ‘এনকাউন্টার’! রায়গঞ্জে পুলিশের গুলিতে নিহত অভিযুক্ত

আরম্ভ ওয়েব ডেস্ক
ছ-মাসে রাজ্যে চতুর্থ ‘এনকাউন্টার’! রায়গঞ্জে পুলিশের গুলিতে নিহত অভিযুক্ত

বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জের পর এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। ১২ বছরের এক কিশোরীকে যৌন নির্যাতন করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত দিলীপ রায়ের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। গত  চার দিন ধরে তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। তদন্তকারীদের দাবি, বিহার সীমান্ত দিয়ে রাজ্য ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি। পুলিশের অভিযানের সময় গুলি চালান অভিযুক্ত। পাল্টা গুলিতে তাঁর মৃত্যু হয়।

জানা যাচ্ছে, সোমবার ভোরে বাংলা-বিহার সীমান্ত লাগোয়া এলাকায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় দিলীপ রায়ের। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। দিলীপের মৃত্যুর পর রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যুর ঘটনা বেড়ে দাঁড়াল চারে। এর আগে বারুইপুর, গাইঘাটা ও মুর্শিদাবাদের সামশেরগঞ্জে একই ধরনের ঘটনা ঘটেছিল। পুলিশ সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই দিলীপের খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন তদন্তকারীরা। গোপন সূত্রে খবর আসে, রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় আত্মগোপন করে রয়েছেন তিনি। পুলিশের অনুমান ছিল, গ্রেফতারি এড়াতে বিহার সীমান্ত পেরিয়ে অন্য রাজ্যে পালানোর চেষ্টা করতে পারেন অভিযুক্ত। সে খবরের ভিত্তিতেই রবিবার গভীর রাতে ওই এলাকায় অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

ভোর সাড়ে ৩টে নাগাদ পুলিশের একটি দল সেখানে পৌঁছয়। পুলিশের অভিযোগ, বাহিনীকে দেখতে পেয়েই গুলি চালাতে শুরু করেন দিলীপ। তাঁর ছোড়া গুলি পুলিশের গাড়ির টায়ার-সহ একাধিক জায়গায় লাগে। যদিও এ ঘটনায় কোনো পুলিশকর্মী আহত হননি বলে সূত্রের খবর। পাল্টা গুলি চালায় পুলিশও। তাতেই গুরুতর জখম হন দিলীপ। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। অভিযুক্তের হাতে আগ্নেয়াস্ত্র এল কী ভাবে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার সূত্রপাত গত ৩ নভেম্বর। পরিবারের দাবি, সে দিন বিকেলে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল ১২ বছরের কিশোরী। তার পর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় উদ্বিগ্ন পরিবারের সদস্যেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে রায়গঞ্জ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। দু–দিন পর, ৫ নভেম্বর কুলিক নদীর কাছে একটি জঙ্গল থেকে কিশোরীর পচাগলা দেহ উদ্ধার হয়। কিশোরীর মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরিবারের অভিযোগ ছিল, তাঁকে যৌন নির্যাতন করে খুন করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ‘পকসো আইন’-এ মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তে নেমে দিলীপ রায়ের নাম উঠে আসে বলে পুলিশ সূত্রে খবর। কিন্তু অভিযুক্তের হদিস না মেলায় তাঁকে ধরতে তল্লাশি শুরু হয়। চার দিন ধরে বিভিন্ন এলাকায় খোঁজ চালানোর পর গৌরী গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় তাঁর অবস্থান সম্পর্কে খবর পান তদন্তকারীরা। পুলিশের দাবি, বিহার সীমান্ত দিয়ে পালানোর আগেই তাঁকে ধরার চেষ্টা করা হয়েছিল।

এদিকে, কিশোরীর দেহের ময়নাতদন্তে যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে বলে তদন্তকারী সূত্রের দাবি। দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। এমনকি কয়েকটি হাড়ও ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনায় দিলীপের সঙ্গে আরও কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ফলে, মূল অভিযুক্তের মৃত্যু হলেও তদন্তের পর্ব এখনো শেষ হয়নি। বিশেষত, এ ঘটনায় অন্য কারও ভূমিকা ছিল কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। রায়গঞ্জের ঘটনাটি আগের তিনটি এনকাউন্টারের থেকেও কিছুটা আলাদা। কারণ, বারুইপুর, গাইঘাটা কিংবা সামশেরগঞ্জের ঘটনায় অভিযুক্তেরা পুলিশের হেফাজতে ছিলেন। ঘটনার পুনর্নির্মাণের জন্য তাঁদের নিয়ে যাওয়ার সময় আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। পুলিশের দাবি ছিল, আত্মরক্ষার্থেই পাল্টা গুলি চালাতে হয়েছিল তাদের। কিন্তু রায়গঞ্জের ক্ষেত্রে দিলীপকে গ্রেফতারই করতে পারেনি পুলিশ। পুলিশের অভিযানের সময় তাঁর গুলিচালনার অভিযোগ এবং পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে তাঁর।

গত জুলাই মাসে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে প্রথম এনকাউন্টারের ঘটনা সামনে আসে। ১২ বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের মামলায় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের গুলিতে নিহত হন। পুলিশের দাবি ছিল, ঘটনার পুনর্নির্মাণের জন্য তাঁকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সে সময় পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালানোর চেষ্টা করেন প্রভাস। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। এর পর গত ২৬ অক্টোবর উত্তর ২৪ পরগনার গাইঘাটায় পুলিশের গুলিতে মৃত্যু হয় প্রহ্লাদ দাসের। ১৭ বছরের এক কিশোরীকে যৌন নির্যাতন ও খুনের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। পুলিশের দাবি, ঘটনার পুনর্নির্মাণের সময় এক সাব-ইনস্পেক্টরের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে গুলি চালান প্রহ্লাদ। পাল্টা গুলিতে জখম হন তিনি। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গাইঘাটার ঘটনার পরের দিনই, ২৭ অক্টোবর মুর্শিদাবাদের সামশেরগঞ্জে আরও একটি এনকাউন্টারের ঘটনা ঘটে। বিজেপি কর্মী সুজিত মণ্ডল খুনের মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত সামাউল হক ওরফে সামায়ুন শেখের মৃত্যু হয় পুলিশের গুলিতে। সিআইডির দাবি ছিল, ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়ার সময় এক আধিকারিকের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালান তিনি। পাল্টা গুলিতে মৃত্যু হয় সামাউলের।

বারুইপুর, গাইঘাটা এবং সামশেরগঞ্জের পর এ বার রায়গঞ্জ। গত ছ–মাসে রাজ্যে পুলিশের গুলিতে মোট চার অভিযুক্তের মৃত্যুর ঘটনা সামনে এল। প্রতিটি ক্ষেত্রেই পুলিশের বক্তব্য, অভিযুক্তদের গুলিচালনার জবাবে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালাতে হয়েছে বাহিনীকে। রায়গঞ্জের ঘটনা প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ‘কেউ যদি আইনের বিরুদ্ধে কাজ করেন, নিজের হাতে আইন তুলে নেন কিংবা আইন ভাঙেন, তা হলে তাঁকে পুলিশের মুখোমুখি হতে হবে। বিশেষ কিছু পরিস্থিতিতে পুলিশ এমন পদক্ষেপ করতে বাধ্য হতে পারে। এমন পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেটাই কাম্য। প্রত্যেকের উচিত আইন মেনে চলা।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!