Advertisement
  • এই মুহূর্তে
  • নভেম্বর ৯, ২০২৬

নতুন পাসপোর্টের আবেদন শেখ হাসিনার! প্রত্যর্পণে অনড় ঢাকা, দিল্লির সঙ্গে বাড়ছে টানাপোড়েন

আরম্ভ ওয়েব ডেস্ক
নতুন পাসপোর্টের আবেদন শেখ হাসিনার! প্রত্যর্পণে অনড় ঢাকা, দিল্লির সঙ্গে বাড়ছে টানাপোড়েন

ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা। আদালতে আত্মসমর্পণ করার ইচ্ছার কথাও আগেই জানিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন তাঁর আইনজীবীরা। কিন্তু হাসিনাকে নতুন করে ভ্রমণের নথি দেওয়ার পক্ষপাতী নয় ঢাকা। বাংলাদেশের দাবি, পাসপোর্ট দিয়ে নয়, ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি মেনেই তাঁকে দেশে ফেরাতে হবে। এ নিয়ে ফের দিল্লির উপর চাপ বাড়াল তারেক রহমানের সরকার। হাসিনার প্রত্যাবর্তন ঘিরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও নতুন করে অস্বস্তির আশঙ্কা তৈরি হয়েছে।

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি স্টার’-এর প্রতিবেদন অনুযায়ী, বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট জানিয়েছেন, শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চায় ঢাকা। তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তাই নতুন পাসপোর্ট দেওয়ার পরিবর্তে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা উচিত। কবিরের কথায়, হাসিনা একজন ‘সন্ত্রাসবাদী’ ও ‘ দণ্ডিত পলাতক আসামী’। তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য দু-দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সে চুক্তি কার্যকর করেই প্রয়োজনীয় পদক্ষেপ করা উচিত। নতুন পাসপোর্টের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন বাংলাদেশের প্রতিমন্ত্রী। তাঁর বক্তব্য, এটি কোনো সাধারণ ভ্রমণের বিষয় নয়। অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনার জন্য পাসপোর্টের প্রয়োজন হয় না। এ ক্ষেত্রে নির্দিষ্ট বিচারবিভাগীয় ও কূটনৈতিক প্রক্রিয়া রয়েছে। সে পথেই হাসিনাকে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশের বিএনপি সরকার।

অন্যদিকে, হাসিনার আইনজীবীদের দাবি, বাংলাদেশের নাগরিক হিসাবে তাঁর পরিচয় অস্বীকার করার কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তাঁর পুরনো পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছিল। তাই নতুন করে ওই দু-টি নথি দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠি পাঠিয়েছেন লন্ডনের আইনি সংস্থা ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর আইনজীবীরা। তাতে হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। আইনজীবীদের বক্তব্য, বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোর আওতায় দেশের যে বাধ্যবাধকতা রয়েছে, তা মেনেই আবেদনটি বিবেচনা করা উচিত। হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান বলেও তাঁর সহযোগীরা জানিয়েছেন। তাঁদের দাবি, প্রয়োজনীয় প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ হলেই দেশে ফেরার নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হবে। যদিও এ আবেদন নিয়ে এখনও পর্যন্ত বাংলাদেশ হাইকমিশন বা প্রধানমন্ত্রী তারেক রহমানের দফতরের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বাংলাদেশ ছাড়তে বাধ্য হন মুজিব কন্যা। তার পর থেকেই আত্মগোপনে রয়েছেন তিনি। দীর্ঘ প্রায় দেড় দশক ক্ষমতায় থাকার পর তাঁর সরকারের পতন বাংলাদেশের রাজনীতিতে বড়োসড়ো পালাবদল ঘটায়। আন্দোলন চলাকালীন বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলি আর ব্যাপক দমনপীড়নের অভিযোগ ওঠে তৎকালীন আওয়ামী সরকারের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিচার শুরু হয়। ২০২৫ সালের নভেম্বর মাসে হাসিনার অনুপস্থিতিতেই তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে ট্রাইব্যুনাল। একটি মামলায় মৃত্যুদণ্ড এবং অন্য একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। তবে শুরু থেকেই বিচারপ্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা। তাঁর দাবি, গোটা বিচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

এরই মধ্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে সংসদীয় নির্বাচন হয়। তার পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। ক্ষমতায় এসে হাসিনার প্রত্যর্পণের দাবিতে নিজেদের অবস্থান বজায় রেখেছে নতুন সরকার। ঢাকার বক্তব্য, হাসিনার বিরুদ্ধে আদালতের রায় রয়েছে। ফলে তাঁকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করাই সরকারের লক্ষ্য। অন্যদিকে, হাসিনার দল আওয়ামী লীগ বর্তমানে বাংলাদেশে নিষিদ্ধ। দলের বহু নেতা কারাবন্দি। অনেকে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। হাসিনা অবশ্য আগেই ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন। এক সাক্ষাৎকারে তাঁর বক্তব্য ছিল, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান তিনি। কারাবাস কিংবা মৃত্যুদণ্ডের আশঙ্কা থাকলেও বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে চান না বলেও জানিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। সে ঘোষণার পরেই নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আবেদন ঘিরে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা নতুন করে আলোচনায় এসেছে।

এ পরিস্থিতিতে ভারতের অবস্থানও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ইতিমধ্যেই শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য দিল্লির কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে। আবেদন পাওয়ার কথা স্বীকার করেছে ভারতের বিদেশ মন্ত্রক। তবে প্রত্যর্পণ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। ভারত জানিয়েছে, প্রতিষ্ঠিত আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া মেনেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রশ্ন দীর্ঘদিন ধরেই ভারত-বাংলাদেশ সম্পর্কের অন্যতম অস্বস্তির কারণ। তাঁকে ভারতে আশ্রয় দেওয়ার অভিযোগের পর থেকেই ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কে টানাপড়েন বেড়েছে। এখন নতুন পাসপোর্টের আবেদন এবং বাংলাদেশের প্রত্যর্পণের দাবির মধ্যে কোন পথে এগোয় দুই দেশ, তা নিয়ে কূটনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। একদিকে হাসিনার দেশে ফেরার রাজনৈতিক ও ব্যক্তিগত সিদ্ধান্ত, অন্যদিকে তাঁর বিরুদ্ধে বাংলাদেশের আদালতের রায় এবং দুই দেশের প্রত্যর্পণ চুক্তি — সব মিলিয়ে দুই দেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!