Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১০, ২০২৬

বিজেপি শাসিত রাজ্যের গণ্ডি পেরিয়ে গোটা দেশে অভিন্ন দেওয়ানি বিধি ! বড়ো ইঙ্গিত কেন্দ্রীয় মন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
বিজেপি শাসিত রাজ্যের গণ্ডি পেরিয়ে গোটা দেশে অভিন্ন দেওয়ানি বিধি ! বড়ো ইঙ্গিত কেন্দ্রীয় মন্ত্রীর

বিজেপি শাসিত রাজ্যগুলিতেই নয়, গোটা দেশেই অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্রীয় সরকার। এমনই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় আইন ও সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তাঁর বক্তব্য, অভিন্ন দেওয়ানি বিধির সাংবিধানিক ভিত্তি রয়েছে। তাই এই আইনকে শুধুমাত্র কয়েকটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ রাখার কোনও যুক্তি নেই।
সম্প্রতি সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ইউসিসি কি শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলিতেই কার্যকর থাকবে, নাকি ভবিষ্যতে গোটা দেশেই এই আইন চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের ?
এর উত্তরে মেঘওয়াল জানান, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ইতিমধ্যেই বিস্তারিত আলোচনা হয়েছে। সংবিধান প্রণেতারা সংবিধানের ৪৪ নম্বর অনুচ্ছেদে এই বিষয়ে বিশেষ নির্দেশনা রেখেছেন। পাশাপাশি, সুপ্রিম কোর্টও একাধিকবার অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মন্তব্য করেছে। তাঁর মতে, কয়েকটি রাজ্যে এই আইন কার্যকর হওয়ার বিষয়টি যথেষ্ট উৎসাহজনক।
গোয়ার প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সেখানে বহু বছর ধরেই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর রয়েছে। এমনকী, বিজেপি ক্ষমতায় আসার আগে থেকেই গোয়ায় এই ব্যবস্থা চালু ছিল। এরপরই তিনি স্পষ্ট করে জানান, কেন্দ্রীয় সরকার বিশ্বাস করে যে দেশের সর্বত্র অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হওয়া উচিত। সেই লক্ষ্যেই সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর কথায়, ইউসিসির সাংবিধানিক ভিত্তি থাকায় শুধুমাত্র কয়েকটি রাজ্যের মধ্যে এই আইনকে আটকে রাখার কোনো কারণ নেই।
উল্লেখ্য, অভিন্ন দেওয়ানি বিধি বিজেপির দীর্ঘদিনের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। দলের নির্বাচনী ইস্তেহারে বারবার এই বিষয়টি উঠে এসেছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, রাম মন্দির নির্মাণ এবং সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ অবলুপ্তির পর এবার অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করাকেই বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি।
এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও জানিয়েছিলেন, দেশের প্রত্যেক নাগরিকের জন্য একই আইন কার্যকর করা অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি চালু করা বিজেপির অন্যতম প্রধান প্রতিশ্রুতি। ২০২৯ সালের আগেই বিজেপি ও এনডিএ শাসিত ২১টি রাজ্যে এই বিধি কার্যকর করার লক্ষ্য রয়েছে বলেও তিনি জানিয়েছিলেন।
এদিকে, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের পথে ইতিমধ্যেই কয়েকটি রাজ্য পদক্ষেপ করেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে উত্তরাখণ্ড দেশের প্রথম রাজ্য হিসেবে অভিন্ন দেওয়ানি বিধি পাশ করে। অন্যদিকে, গোয়ায় দীর্ঘদিন ধরেই এই ধরনের দেওয়ানি আইন চালু রয়েছে। এছাড়াও গুজরাট ও অসমে ইউসিসি কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রিসভার বৈঠকেও সর্বসম্মতিক্রমে অভিন্ন দেওয়ানি বিধি অনুমোদিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
সব মিলিয়ে, বিজেপি শাসিত কয়েকটি রাজ্যে ইউসিসি কার্যকরের উদ্যোগের পর এবার জাতীয় স্তরেও এই আইন চালুর বিষয়ে কেন্দ্রের অবস্থান আরও স্পষ্ট করলেন অর্জুন রাম মেঘওয়াল। ফলে আগামী দিনে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে জাতীয় রাজনীতিতে আলোচনা আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • Tags:
❤ Support Us
error: Content is protected !!