- ন | ন্দ | ন | চ | ত্ব | র বি। দে । শ
- নভেম্বর ১০, ২০২৬
প্রথম বার কল্পবিজ্ঞানকে স্বীকৃতি ! ‘বুকার পুরস্কার’ পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন
সাহিত্যের কোনো নির্দিষ্ট ঘরানা কি কোনো লেখকের সার্বিক পরিচয় নির্ধারণ করে দিতে পারে? কল্পবিজ্ঞানের কাহিনি কি সাহিত্যের মূল স্রোতের বাইরে থাকা স্বতন্ত্র জগৎ? না কি কল্পবিজ্ঞানের আড়ালেও বলা সম্ভব সমকালীন সমাজ, রাজনীতি, মানুষের অস্তিত্বের গভীরতম সঙ্কটের কথা? ২৬ সালের বুকার পুরস্কার পুরনো সেই বিতর্ককেই নতুন করে সামনে নিয়ে এল। ব্রিটিশ লেখক এম জন হ্যারিসনের ‘দ্য এন্ড অফ এভরিথিং’ পেল এ বছরের বুকার পুরস্কার। বুকারের ৫৭ বছরের ইতিহাসে এই প্রথম বিজ্ঞান কল্পকাহিনি হিসেবে বিবেচিত কোনো উপন্যাস এ সম্মান অর্জন করল। সোমবার রাতে লন্ডনে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার ঘোষণা করা হয়।
৮১ বছর বয়সি হ্যারিসন শুধু এ বছরের বুকারজয়ীই নন, পুরস্কারটির ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে সম্মানিত লেখকও বটে। এর আগে ২০১৯ সালে ৭৯ বছর বয়সে বুকার পেয়েছিলেন কানাডীয় লেখক মার্গারেট অ্যাটউড। তবে হ্যারিসনের জয়কে নিছক বয়সের নিরিখে নতুন নজির হিসেবে দেখলে ভুল হবে। ছয় দশকের সাহিত্যজীবনে যিনি বার বার প্রচলিত সাহিত্যিক পরিচয়ের সীমারেখা অতিক্রম করতে চেয়েছেন, তাঁর এই স্বীকৃতি আসলে সাহিত্যের ঘরানাগত বিভাজন নিয়েই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিল। নিজেকে কেবল বিজ্ঞান কল্পকাহিনির লেখক হিসেবে দেখতে নারাজ হ্যারিসন। তাঁর মতে, সাহিত্যের বিভিন্ন ধারাকে আলাদা আলাদা খোপে বন্দি করে রাখার সময় ফুরিয়েছে। পুরস্কার পাওয়ার পর তিনি বলেন, ‘এ বই দেখিয়েছে, দুই নয়, তিন কিংবা চারটি সাহিত্যধারাকে একসঙ্গে মিশিয়েও উপন্যাস লেখা সম্ভব। বুকার পুরস্কারও এখন সেই কথাই স্বীকার করছে।’
হ্যারিসন জানান, লেখক হিসেবে প্রায় ৪০ থেকে ৫০ বছর ধরে তিনি সাহিত্য এবং বিজ্ঞান কল্পকাহিনির মধ্যে তৈরি করা কৃত্রিম বিভাজন সরানোর চেষ্টা করেছেন। লাগাতার প্রশ্ন তুলেছেন, ভালো ভাবে লেখা বিজ্ঞান কল্পকাহিনিকে সাহিত্য হিসেবে বিবেচনা করা হবে না কেন? নিশ্চিতভাবেই প্রশ্নটি নতুন নয়। দীর্ঘদিন ধরেই প্রকাশনা জগতে বিজ্ঞান কল্পকাহিনি, ফ্যান্টাসি এবং মূলধারার গুরুগম্ভীর কথাসাহিত্যকে পৃথক বিপণন ও পাঠকগোষ্ঠীর মধ্যে ভাগ করে রাখার প্রবণতা রয়েছে। কোনো বইয়ের বিষয়বস্তু, আখ্যানরীতি কিংবা লেখকের পরিচয়ের ভিত্তিতে তার জন্য নির্দিষ্ট ঘরানা ঠিক করে দেওয়া হয়। হ্যারিসনের আপত্তি সেখানেই। তাঁর অভিযোগ, প্রকাশনা শিল্প বইয়ের নিজস্ব সাহিত্যিক পরিচয়ের চেয়ে বিক্রির সুবিধার জন্য তাকে কোনো একটি নির্দিষ্ট তকমায় আটকে রাখতে বেশি আগ্রহী। তাঁর মতে, ‘আজকাল নিজের বই নিজে লেখারই বা কী অর্থ রয়েছে! কারণ, বইটি বিক্রি করার জন্য তাকে অন্য কোনো পরিচয়ের মধ্যে ফেলে দেওয়া হবে। এক অর্থে, বিষয়টি লেখকের কাছে বেশ অপমানজনক।’ বুকারের স্বীকৃতি সেই তকমা থেকে মুক্তির সুযোগ করে দিয়েছে বলেই মনে করেন তিনি।
মাত্র ১৯৮ পাতার উপন্যাস ‘দ্য এন্ড অফ এভরিথিং’। এ বছরের বুকারের সংক্ষিপ্ত তালিকায় থাকা ৬টি বইয়ের মধ্যে এটিই ছিল আয়তনে সবচেয়ে ছোটো। কিন্তু পৃষ্ঠা সংখ্যায় কম হলেও উপন্যাসটির কল্পনার পরিসর বিশাল, বিস্তৃত। ইংল্যান্ডের দক্ষিণ-পূর্ব উপকূলের এক ভবিষ্যৎ পৃথিবীকে কেন্দ্র করে গড়ে উঠেছে কাহিনি। কোনো এক অজ্ঞাত বিপর্যয়ে ব্রিটেনের পরিচিত সামাজিক ও রাজনৈতিক কাঠামো ভেঙে পড়েছে। সরকারের অস্তিত্ব প্রায় নামমাত্র, আইনশৃঙ্খলার ভার চলে গিয়েছে বিভিন্ন স্বেচ্ছাচারী গোষ্ঠীর হাতে। ইউরোপ যেন তার পরিচয় হারিয়ে ফেলেছে। সমুদ্রের জলেও দেখা মিলছে অচেনা প্রাণীর। বিপর্যস্ত সেই পৃথিবীতে হাজির হয়েছে রহস্যময় ভিনগ্রহের প্রাণী, যাদের নাম ‘আইগেটি’।
কাহিনির কেন্দ্রে ফিলিপ টেনেন্ট নামে এক সৈকত-সংগ্রাহক। ইংলিশ চ্যানেলের উপকূলে সমুদ্রের জলে ভেসে আসা বিচিত্র বস্তু সংগ্রহ করেই তার জীবিকা চলে। তার সঙ্গে থাকে বৃদ্ধা পিসি মার্নি। এক দিন সমুদ্রসৈকতে এমন একটি বস্তু তার হাতে আসে, যার কোনো পরিচিত ব্যাখ্যা নেই। দেখতে অনেকটা জেলির মতো বস্তুটি ক্রমশ আকার বদলায়, ক্রমশ বড়ো হতে থাকে এবং এক সময়ে কথা বলতে শুরু করে। শুধু তা-ই নয়, নিজের মানব-পরিচর্যাকারীদের নির্দেশ দিতেও শুরু করে সেটি। রহস্যময় বস্তুটিকে নিয়ে ফিলিপকে যেতে হয় উপকূলের ভিতরের দিকে। কিন্তু সে যাত্রা কেবল একটি অদ্ভুত প্রাণীকে নিয়ে পথ চলার গল্প নয়, বরং পরিচিত পৃথিবী সম্পর্কে মানুষের যাবতীয় ধারণার মুখোমুখি দাঁড়ানোর আখ্যান।
উপন্যাসটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, বিপর্যয়ের প্রকৃতি সম্পর্কে লেখক পাঠককে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেন না। কী ঘটেছিল, কেন ঘটেছিল, কী ভাবে পরিচিত সমাজব্যবস্থা ভেঙে পড়ল—তার কোনো পূর্ণাঙ্গ বিবরণ নেই। চরিত্রগুলির মতোই পাঠককেও অন্ধকারে থাকতে হয়। এ অনিশ্চয়তা কোনো আখ্যানগত দুর্বলতা নয়, লেখকের সচেতন শিল্পকৌশল। হ্যারিসন পাঠককে এমন এক অভিজ্ঞতার মধ্যে নিয়ে যেতে চান, যেখানে পৃথিবী সম্পর্কে মানুষের দীর্ঘদিনের বিশ্বাস, জ্ঞান আর ব্যাখ্যার কাঠামো একে একে অকার্যকর হয়ে পড়ে। লেখকের নিজের কথাতেও সেই ইঙ্গিত রয়েছে। তাঁর মতে, ‘দ্য এন্ড অফ এভরিথিং’ এমন এক বিপর্যয়ের গল্প, যেখানে আসল বিপর্যয় হলো পরিস্থিতিকে বুঝতে না পারা। তিনি বলেছেন, ‘সব কিছু ভুল হয়ে যাওয়ার পরেও মানুষ এমন ভাবে বেঁচে থাকার চেষ্টা করে, যেন কিছুই ঘটেনি।’ চরিত্রগুলির বিভ্রান্তি ও ভবিষ্যৎ সম্পর্কে তাদের অনিশ্চয়তার কিছুটা পাঠকের মধ্যেও ছড়িয়ে দিতে চেয়েছেন তিনি।
এ ভাবনার সূত্র খুঁজতে গিয়ে ২০০৮ সালের আর্থিক সঙ্কটের কথা বলেছেন হ্যারিসন। তাঁর বক্তব্য, সমাজের নিজের অস্তিত্ব ব্যাখ্যা করার ক্ষমতা কী ভাবে ব্যর্থ হয়ে পড়ে, তা নিয়েই তিনি উপন্যাসটি লিখতে চেয়েছিলেন। তাঁর প্রশ্ন, ‘আপনার সম্পূর্ণ দর্শন, আপনার জ্ঞান ও উপলব্ধির কাঠামো নির্ভর করে আপনি কী জানেন, তার উপর। কিন্তু হঠাৎই যদি বুঝতে পারেন, কিছুই জানেন না, তখন কী হবে?’ এ প্রশ্নের মধ্যেই উপন্যাসটির সমকালীন তাৎপর্য নিহিত। বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনির আবরণ থাকলেও হ্যারিসনের লক্ষ্য ভবিষ্যৎ প্রযুক্তির বিস্ময়কর বিবরণ দেওয়া নয়। বর্তমান পৃথিবীর রাজনৈতিক, সামাজিক ও বৌদ্ধিক সঙ্কটকে ভবিষ্যতের একটি কাল্পনিক প্রেক্ষাপটে তুলে ধরা। বুকারের বিচারকমণ্ডলীর প্রধান মেরি বিয়ার্ডের মতে, এ বই ‘বর্তমান সময়ের রাজনীতিকে ভবিষ্যতের দৃষ্টিকোণ থেকে দেখার’ প্রয়াস।
উপন্যাসটির আখ্যানরীতি পাঠকমহলে অবশ্য একরকম প্রতিক্রিয়া তৈরি করেনি। কেউ একে বলেছেন ‘বিষণ্ণ অথচ অসাধারণ’, কারও কাছে আবার এটি ‘স্বপ্নের মতো, কিন্তু দুর্বোধ্য’। অনেকের মতে, উপন্যাসের ভাঙাচোরা পৃথিবী সম্পর্কে যত বেশি জানা যায়, তাকে বোঝা তত কঠিন হয়ে ওঠে। আবার কেউ কেউ বইটিকে অদ্ভুত সৌন্দর্যে ভরা, একই সঙ্গে কোমল ও ভীতিকর রচনা বলে অভিহিত করেছে। কিন্তু পাঠকের এ বিভ্রান্তিকেই উপন্যাসটির অন্যতম শক্তি হিসেবে দেখেছেন বিচারকেরা। মেরি বিয়ার্ড জানান, ‘এটি এমন এক সমাজের গল্প, যে সমাজ বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, অথচ বিপর্যয়ের প্রকৃত স্বরূপ সম্পর্কে তার কোনোরকম স্পষ্ট ধারণা নেই। যখন বিপর্যয় নেমে আসবে, তখন কী ঘটছে, তা হয়তো আমরা নিজেরাই বুঝতে পারব না।’ তাঁর মতে, পাঠক যখন চরিত্রগুলির সঙ্গে একই রকম অনিশ্চয়তার মধ্যে দিয়ে যান, তখনই উপন্যাসটির অভিজ্ঞতা আরও গভীর হয়ে ওঠে।
বিচারকদের বিশেষ ভাবে মুগ্ধ করেছে হ্যারিসনের সূক্ষ্ম, পরাবাস্তব ও রসবোধ। বিপর্যস্ত পৃথিবী, ভেঙে পড়া সমাজব্যবস্থা, অজানা প্রাণীর উপস্থিতি — সব কিছুর মধ্যেও লেখক এমন কিছু মুহূর্ত তৈরি করেছেন, যা পাঠককে হাসতে বাধ্য করে। বিষয়বস্তুর কথা বিবেচনা করলে আশ্চর্যজনক ভাবে কিছুটা আশাবাদও জাগিয়ে তোলে। বিচারকদের মতে, উপন্যাসটিকে একই সঙ্গে থ্রিলার, রহস্যকাহিনি, ব্যঙ্গাত্মক রচনা, ‘ডিস্টোপিয়া’, ‘রোড নভেল’ এবং বাস্তবধর্মী কথাসাহিত্য হিসেবে পড়া সম্ভব। বইটির আখ্যানের আর একটি অভিনব দিক হলো, চারপাশে ভেসে বেড়ানো কথোপকথনের টুকরোকে লেখক নতুন ভাবে ব্যবহার করেছেন। পরিবেশ থেকে সংগ্রহ করা কথার সে পুনর্বিন্যাস অনেকটা কোলাজ শিল্পের মতো। উপন্যাসের অস্থায়ী, খণ্ডিত, অস্বস্তিকর পৃথিবীর সঙ্গে তা বিশেষ ভাবে মানানসই। চূড়ান্ত তালিকার ৬ টি বই নিয়ে বিচারকদের দীর্ঘ আলোচনা হয়েছিল। প্রায় চার-পাঁচ ঘণ্টার বৈঠকের শেষে সর্বসম্মত ভাবে হ্যারিসনের উপন্যাসটিকে বিজয়ী ঘোষণা করা হয়। বিচারকমণ্ডলীতে মেরি বিয়ার্ড ছাড়াও ছিলেন কবি রেমন্ড অ্যান্ট্রোবাস, সংগীতশিল্পী ও লেখক জার্ভিস ককার, সাংবাদিক ও সমালোচক রেবেকা লিউ এবং মার্কিন লেখক প্যাট্রিসিয়া লকউড। বিয়ার্ড স্পষ্ট জানিয়েছেন, বুকার আজীবন সাহিত্যসাধনার পুরস্কার নয়। হ্যারিসনের উপন্যাসটি তার নিজস্ব সাহিত্যিক গুণেই এ স্বীকৃতি অর্জন করেছে।
১৯৬৫ সালে প্রথম গল্প প্রকাশ করেন হ্যারিসনের। ১৯৬৯ সালে তিনি যোগ দেন ব্রিটিশ কল্পবিজ্ঞান কাহিনি পত্রিকা ‘নিউ ওয়ার্ল্ডস’-এর সম্পাদকীয় দলে। ১৯৭৮ সাল পর্যন্ত সেখানে বইয়ের পাতা সম্পাদনা করেছেন। বিজ্ঞান কল্পকাহিনির জগতে তাঁর দীর্ঘদিনের পরিচিতি থাকলেও তাঁর সাহিত্যকর্ম নির্দিষ্ট ঘরানায় সীমাবদ্ধ নয়। ১৯৮৯ সালে ‘ক্লাইম্বার্স’ উপন্যাসের জন্য পেয়েছিলেন বোর্ডম্যান-টাস্কার পুরস্কার। ২০০৭ সালে ‘নোভা সুইং’-এর জন্য পান আর্থার সি ক্লার্ক পুরস্কার। ২০২০ সালে ‘দ্য সানকেন ল্যান্ড বিগিনস টু রাইজ এগেইন’ উপন্যাসের জন্য তাঁর ঝুলিতে আসে গোল্ডস্মিথস পুরস্কার। এ ছাড়াও প্রকাশিত হয়েছে তাঁর পাঁচটি ছোটোগল্পের সংকলন এবং একটি ‘অ্যান্টি-মেমোয়ার’। সাহিত্য সমালোচক হিসেবেও কাজ করেছেন ‘টাইমস লিটারারি সাপ্লিমেন্ট’, ‘দ্য টেলিগ্রাফ’, ‘দ্য গার্ডিয়ান’ এবং ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর মতো সংবাদমাধ্যমে। ২০২২ সালে বুকার পুরস্কারের বিচারকমণ্ডলীতেও ছিলেন তিনি। ছয় দশকের সাহিত্যজীবনে ১৩টি উপন্যাস লিখেছেন হ্যারিসন। এত দিনেও নিজের লেখক-পরিচয় নিয়ে তাঁর আত্মবিশ্বাসের অভাব ছিল। পুরস্কার পাওয়ার পর তিনি বলেন, ‘অবশেষে নিজেকে একজন যথার্থ লেখক বলে মনে হচ্ছে। যদিও আত্মবিশ্বাসের অভাব আমার এখনো কাটেনি।’
এ বারের বুকার তালিকায় হ্যারিসনের প্রতিদ্বন্দ্বী ছিলেন দুই প্রাক্তন বুকারজয়ী লেখক। মার্লন জেমসের ‘দ্য ডিসেপিয়ারার্স’ এবং ডগলাস স্টুয়ার্টের ‘জন অফ জন’ ছিল আলোচনার কেন্দ্রে। এ ছাড়াও ছিলেন পুলিৎজারজয়ী এলিজাবেথ স্ট্রাউটের ‘দ্য থিংস উই নেভার সে’, লুক কেনার্ডের ‘ব্ল্যাক ব্যাগ’ ও রেবেকা পেরির ‘মে উই ফিড দ্য কিং’। শেষ পর্যন্ত সব ক-টিকে পিছনে ফেলে বিজয়ী হলো ১৯৮ পাতার উপন্যাসটি। ‘বুকার প্রাইজ ফাউন্ডেশন’-এর প্রধান কার্যনির্বাহী আধিকারিক গ্যাবি উডের বক্তব্য, পুরস্কারের প্রচারমূলক নথি থেকে ‘লিটারারি ফিকশন’ বা সাহিত্যধর্মী কথাসাহিত্য শব্দবন্ধটি সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তাঁর মতে, ‘সব কথাসাহিত্যই সাহিত্য।’ হ্যারিসনকে তিনি এমন এক লেখক হিসেবে বর্ণনা করেছেন, যিনি প্রচলিত ঘরানার সীমানা অতিক্রম করে চিন্তা ও ধারণাকে সাহিত্যের কেন্দ্রে নিয়ে আসেন। হ্যারিসনের উপন্যাসটির প্রকাশক সার্পেন্টস টেল। ব্রিটেনের স্বাধীন প্রকাশনা সংস্থা প্রোফাইল বুকসের এই প্রকাশনা-শাখার জন্যও এ এক ঐতিহাসিক জয়। এর আগে তাদের প্রকাশিত চারটি বই বুকারের দীর্ঘ ও সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেও পুরস্কার আসেনি।
উল্লেখ্য, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত ‘বুকার পুরস্কার’ ইংরেজি ভাষায় প্রকাশিত শ্রেষ্ঠ উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ স্বীকৃতি। ব্রিটেন ও আয়ারল্যান্ডে প্রকাশিত ইংরেজি ভাষার উপন্যাসের জন্য বিশ্বের যে কোনো দেশের লেখকই এ পুরস্কারের যোগ্য। অতীতে এ পুরস্কার পেয়েছেন সলমন রুশদি, ইয়ান ম্যাকইওয়ান, অরুন্ধতী রায়ের মতো লেখক। ২০২৫ সালে পুরস্কার পেয়েছিলেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সালাই, তাঁর উপন্যাস ‘ফ্লেশ’-এর জন্য। পাশাপাশি, কন্নড় ছোটোগল্প সংকলন ‘হার্ট ল্যাম্প-এর জন্য ‘আন্তর্জাতিক বুকার পুরস্কার’ পান বানো মুস্তাক। বইটি মূল কন্নড় থেকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন দীপা ভাস্তি।
❤ Support Us








