Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১০, ২০২৬

‘সংসদেও বুলডোজার নীতি মোদি সরকারের’, বাদল অধিবেশনের সমাপ্তি ঘোষণা নিয়ে পদ্মকে বিঁধলো হাত

আরম্ভ ওয়েব ডেস্ক
‘সংসদেও বুলডোজার নীতি মোদি সরকারের’, বাদল অধিবেশনের সমাপ্তি ঘোষণা নিয়ে পদ্মকে বিঁধলো হাত

ভারতের সংসদীয় ইতিহাসে নজিরবিহীন ঘটনা! লোকসভা ও রাজ্যসভা অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হওয়ার পর পেরিয়ে গিয়েছে ৮৮ দিন। তবুও আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়নি সংসদের বাদল অধিবেশনের। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। অধিবেশনের সমাপ্তি ঘোষণা করতে এত দেরি কেন, তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। এবার এই ইস্যুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে কেন্দ্রের বিরুদ্ধে ‘বুলডোজার নীতি’ প্রয়োগের অভিযোগ তুলল কংগ্রেস।
সোমবার সমাজমাধ্যম এক্স-এ একটি পোস্ট করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ এই বিষয়ে সরব হন। তাঁর দাবি, সংসদীয় রীতিনীতি অনুযায়ী লোকসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হওয়ার পর সাধারণত দুই থেকে চার দিনের মধ্যেই অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। বিশেষ পরিস্থিতিতে এই সময়সীমা সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত বাড়তে পারে। সংসদ বিষয়ক মন্ত্রকের প্রকাশিত একটি বইয়েও এমন নিয়মের উল্লেখ রয়েছে বলে দাবি করেছেন তিনি। বইটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তাও রয়েছে।
জয়রাম রমেশ আরও জানান, সংসদ বিষয়ক মন্ত্রী দাবি করেছেন, ২০০৮ সালের বাদল অধিবেশন ৮৭ দিন পর সমাপ্ত ঘোষণা করা হয়েছিল। যদিও সংশ্লিষ্ট বইয়ে এমন ঘটনার কোনও উল্লেখ নেই বলে অভিযোগ কংগ্রেস নেতার। তাঁর বক্তব্য, ২০০৮ সালের ঘটনাকে সত্যি বলে মেনে নিলেও বর্তমান অধিবেশনের ক্ষেত্রে ইতিমধ্যেই ৮৮ দিন পেরিয়ে গিয়েছে। ফলে এতদিন ধরে অধিবেশনের সমাপ্তি ঘোষণা না করার পিছনে কেন্দ্রের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে।
কংগ্রেসের অভিযোগ, আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন সংক্রান্ত বিল পাশ করানোর লক্ষ্যেই ইচ্ছাকৃতভাবে বাদল অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছে না কেন্দ্রীয় সরকার। এই প্রসঙ্গে অমিত শাহকে সরাসরি আক্রমণ করে জয়রাম রমেশের বক্তব্য, যে কোনও উপায়ে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে মরিয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদেও নিজেদের ‘বুলডোজার নীতি’ কার্যকর করতে চাইছে সরকার। তবে বিরোধীরা এই পরিকল্পনা সফল হতে দেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
জয়রাম রমেশের দাবি, আসন পুনর্বিন্যাসের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত ছয় মাস ধরে সর্বদলীয় বৈঠক করার প্রস্তাব দিয়েছিল কংগ্রেস। কিন্তু প্রতিবারই প্রধানমন্ত্রী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে অভিযোগ তাঁর।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট লোকসভা ও রাজ্যসভা—দুই কক্ষই অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করা হয়েছিল। সংসদীয় রীতি অনুযায়ী, সাধারণত তার তিন থেকে চার দিনের মধ্যেই অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। কিন্তু এতদিন পেরিয়ে গেলেও সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়নি। এই অস্বাভাবিক বিলম্ব নিয়েই সরব হয়েছে বিরোধী শিবির।
এদিকে, সংসদের বাদল অধিবেশনের সমাপ্তি ঘোষণা না হওয়াকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক জল্পনাও তৈরি হয়েছে। নারী সংরক্ষণ বিলের সঙ্গে যুক্ত আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন সংক্রান্ত বিষয়ে আলোচনা কিংবা বিল পাশ করানোর জন্য সরকার বিশেষ অধিবেশন ডাকতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, বাজেট অধিবেশনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার সংশ্লিষ্ট বিল পাশ করাতে পারেনি বলে দাবি করা হয়েছে। সেই কারণেই ফের বিশেষ অধিবেশনের মাধ্যমে বিষয়টি সংসদে আনার পরিকল্পনা করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
সব মিলিয়ে, সংসদের বাদল অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা না হওয়াকে কেন্দ্র করে কেন্দ্র ও বিরোধীদের সংঘাত আরও তীব্র হয়েছে। যদিও কেন্দ্রের তরফে এই বিলম্বের প্রকৃত কারণ নিয়ে কী ব্যাখ্যা দেওয়া হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

  • Tags:
❤ Support Us
error: Content is protected !!