- বৈষয়িক
- অক্টোবর ২৭, ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ব্যয়ের জের, ভারতসহ ৪ দেশে ৬০ হাজার কর্মী ছাঁটাই মাইক্রোসফটের
কৃত্রিম বুদ্ধিমত্তা আসার পর থেকেই চাকরির বাজার অনেকটাই কমে গেছে। অনেক সংস্থাই এআই–এর ওপর অত্যাধিক মাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছে। সেই দিকেই এগোচ্ছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটও। কৃত্রিম বুদ্ধিমত্তা পরিকাঠামোতে বিপুল বিনিয়োগ করার পাশাপাশি কর্মী খরচ নিয়ন্ত্রণের ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও কানাডার কর্মী সংকোচনের সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ দিচ্ছে এই প্রযুক্তি জায়ান্ট। প্রায় ৬০০০০ কর্মী এই কর্মসূচির আওতায় আসতে পারেন, যা সংস্থাটির বিশ্বব্যাপী কর্মীসংখ্যার এক-চতুর্থাংশের বেশি।
মাইক্রোসফট জানিয়েছে, এই সীমিত সময়ের স্বেচ্ছায় চাকরি ছাড়ার বিষয়টি চারটি দেশের অংশগ্রহণকারী কর্মীদের জন্য উপলব্ধ হবে। ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কর্মীরা এই ব্যাপারে বিস্তারিত তথ্য পাবেন, যার মাধ্যমে তাঁরা বিভিন্ন সুবিধাসহ স্বেচ্ছায় কোম্পানি ছেড়ে যেতে পারবেন। এই কর্মসূচির আওতায় এআই এক্সপেরিয়েন্সেস, কোপাইলট, ফিন্যান্স, হিউম্যান রিসোর্সেস, এক্সবক্স এবং উইন্ডোজ+ ডিভাইসসহ বিভিন্ন বিভাগের যোগ্য কর্মীরা অন্তর্ভুক্ত হবেন। মার্কেটিং, কমার্শিয়াল বিজনেস এবং সিকিউরিটি টিম এর আওতা থেকে বাদ থাকবে।
এমন এক সময়ে মাইক্রোসফট কর্মী সংকোচনের সিদ্ধান্ত নিয়েছে, যখন অন্যান্য প্রযুক্তি জায়ান্টরা ডেটা সেন্টার ও চিপসহ কৃত্রিম বুদ্ধিমত্তার পরিকাঠামোতে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। যা বিনিয়োগকারীদের মনে এই প্রশ্ন তুলেছে যে এই বিপুল ব্যয়ের তুলনায় প্রত্যাশিত আয় যথেষ্ট হবে কিনা। মাইক্রোসফট ২০২৬ সালের জন্য ১৭৫ বিলিয়ন ডলার মূলধনী ব্যয়ের পূর্বাভাস দিয়েছে। বুধবার বাজার বন্ধ হওয়ার পর কোম্পানিটি তাদের প্রথম ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করবে।
মাইক্রোসফট জানিয়েছে যে, এই স্বেচ্ছামূলক অবসর কানাডা, ভারত, মার্কিন যুক্তরাজ্য এবং ইংল্যান্ডের লেভেল ৭০ ও তার নিচের যোগ্য কর্মীদের জন্য উপলব্ধ হবে। সংস্থার চিফ পিপল অফিসার অ্যামি কোলম্যান কর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক মেমোতে এই উদ্যোগের যুক্তি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, ‘এই প্রস্তাবটি যোগ্য কর্মীদের, যারা কোম্পানির বাইরে ভবিষ্যৎ গড়ার কথা ভাবছেন, তাদের সহায়তার মাধ্যমে এখনই সেই পরিবর্তনটি করার দারুণ সুযোগ। এটা অংশগ্রহণকারী সংস্থাগুলোকেও তাদের কর্মী বাহিনীকে পরিবর্তনশীল চাহিদার সাথে খাপ খাইয়ে নেওয়ার আরেকটা উপায় করে দেয়।’
মাইক্রোসফট এই উদ্যোগকে একটা সময়–সীমিত, স্বেচ্ছামূলক কর্মসূচি হিসেবে বর্ণনা করেছে, যা পূর্ববর্তী একটা স্বেচ্ছামূলক অবসর কর্মসূচি থেকে প্রাপ্ত অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি। সোমবার সংস্থাটি জানিয়েছে, যোগ্য কর্মীরা আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এর বিস্তারিত তথ্য পাবেন বলে আশা করা হচ্ছে। মাইক্রোসফটের বার্ষিক প্রতিবেদন অনুসারে, এবছর ৩০ জুন পর্যন্ত বিশ্বব্যাপী ২২৩০০০ পূর্ণকালীন কর্মী ছিল।
চলতি বছরেই মাইক্রোসফট স্বেচ্ছামূলক কর্মী ছাঁটাই কর্মসূচি নিয়েছিল, যার আওতায় ছিল ৯০০০ মার্কিন কর্মী। এবছর জুলাই মাসে মাইক্রোসফট এক্সবক্স গেমিং ব্যবসার পুনর্গঠন এবং পাঁচটি পর্যন্ত স্টুডিও বিক্রি করে দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে ৪৮০০ কর্মী ছাঁটাইয়ের কথাও ঘোষণা করে, যা তার বিশ্বব্যাপী মোট কর্মীসংখ্যার প্রায় ২.১ শতাংশ। বছরের পর বছর ধরে বিপুল বিনিয়োগের পর গেমিং বিভাগ থেকে আয় বাড়ানোর লক্ষ্যেই এই পরিবর্তনগুলো আনা হয়েছিল। সর্বশেষ এই কর্মী সংকোচনের প্রস্তাব মাইক্রোসফটের কর্মী কাঠামো পুনর্বিন্যাসের প্রচেষ্টার আরেকটা পদক্ষেপ, যার পাশাপাশি তারা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ও অবকাঠামোতে বিপুল পরিমাণ সম্পদ বিনিয়োগ অব্যাহত রাখছে।
❤ Support Us








