- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ২৮, ২০২৬
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দিঘা-মন্দারমণিতে জলোচ্ছ্বাস! দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, বাতিল একাধিক উড়ান
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় শুরু হয়েছে প্রবল ঝড়বৃষ্টি। এই মুহূর্তে ঘূর্ণিঝড়টির ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অর্ণবের প্রভাবে বিশাখাপত্তনমে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, সঙ্গে ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত বেগে বাতাস বইছে। ঝড়ের তাণ্ডবে কয়েকশ গাছ উপড়ে গেছে এবং অন্তত ১০০টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। তবে বড়ো ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লোকজনকে ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়া হয়েছিল। মধ্যরাত থেকে রাত ১টা পর্যন্ত প্রবল বাতাস ও বজ্রঝড়ের কারণে লোকজন শিবিরেই থাকতে বাধ্য হন। উপকূল বরাবর উপ্পাদা সড়ক সম্পূর্ণভাবে ভেসে গেছে। ওড়িশায় ও অন্ধ্রপ্রদেশ উপকূলে লাল সতর্কতা জারি করা হয়েছে।
শুধু অন্ধ্রপ্রদেশেই নয়, পশ্চিমবঙ্গের দীঘা, উপকূলীয় ওড়িশা ও ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় সমুদ্রের জলস্তর স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেড়েছে। দিঘা, মন্দারমণি-সহ উপকূলের বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাসের পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা বিমানবন্দর থেকে একাধিক উড়ান বাতিল করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু-দিন দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ঝড়বৃষ্টি ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার দক্ষিণবঙ্গের চারটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা থাকলেও পূর্বাভাস অনুযায়ী, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে।
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টের পর পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয়েছিল। তার পর থেকে জেলায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। তবে বুধবার ভোর থেকেই কাঁথি, রামনগর-সহ একাধিক এলাকায় ঝোড়ো হাওয়া বইতে দেখা যায়। বুধবার সকাল থেকে বঙ্গোপসাগরে জলোচ্ছ্বাসের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি বলে জানা গিয়েছে। তাজপুর ও শঙ্করপুর সংলগ্ন উপকূলবর্তী এলাকাগুলিতে প্রশাসনের পক্ষ থেকে লাগাতার মাইকিং করে সতর্ক করা হচ্ছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের। সমুদ্রে স্নান করার উপর নিষেধাজ্ঞাও জারি রয়েছে। উপকূলবর্তী এলাকায় পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী কয়েক দিনে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে বুধবার উত্তরবঙ্গের কোনও জেলাতেই ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়নি।
বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় লাগাতার বৃষ্টির জেরে ধস নামতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে কলকাতা বিমানবন্দরেও বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একাধিক উড়ান বাতিল করা হয়েছে। ফলে যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার কাছ থেকে উড়ানের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে, ঘূর্ণিঝড় অর্ণবের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে এখনো সীমিত থাকলেও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাস, ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতেও আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
❤ Support Us







