- দে । শ
- নভেম্বর ৩, ২০২৬
আরব সাগরে ভারতীয় নৌসেনার বড়সড় অভিযান ! সোমালীয় জলদস্যুদের কবল থেকে ২০ নাবিক
আরব সাগরে সোমালিয়ার জলদস্যুদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে সাফল্য পেল ভারতীয় নৌসেনা। অপহৃত একটি ইরানি মাছ ধরার ট্রলার থেকে ২০ জন নাবিককে নিরাপদে উদ্ধার করল । এই অভিযানে নৌসেনাকে আকাশপথে সহযোগিতা করে ভারতীয় বায়ুসেনাও। প্রায় ৪৮ ঘণ্টার এই যৌথ অভিযানে জলদস্যুদের কবল থেকে ট্রলার এবং তার ২০ জন নাবিককে মুক্ত করা সম্ভব হয়েছে। এই সাফল্যের জন্য নৌসেনা ও বায়ুসেনাকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। ওই দিন আরব সাগরে চলাচলকারী একটি ইরানি মাছ ধরার ট্রলার অপহরণ করে সোমালিয়ার জলদস্যুরা। তবে ট্রলার অপহরণের খবর ভারতীয় কর্তৃপক্ষের কাছে পৌঁছয় রবিবার। খবর পাওয়ার পরেই দ্রুত উদ্ধার অভিযানে নামে ভারতীয় নৌসেনা। মুম্বই থেকে প্রায় ৩ হাজার কিলোমিটার দূরে আরব সাগরের সংশ্লিষ্ট এলাকায় শুরু হয় এই অভিযান। সমুদ্রে ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজের পাশাপাশি আকাশপথে নজরদারি চালায় বায়ুসেনাও। শেষ পর্যন্ত যৌথ বাহিনীর তৎপরতায় ২০ জন নাবিককেই নিরাপদে উদ্ধার করা হয়।
এই অভিযানের প্রশংসা করে এক্স হ্যান্ডলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লেখেন, বায়ুসেনার সময়োচিত সহযোগিতায় ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত জলদস্যুদের দ্রুত চিহ্নিত করা এবং তাদের গতিবিধি নিয়ন্ত্রণে এনে বন্দিদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁর মতে, এই অভিযান ভারতীয় সশস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মতৎপরতা এবং সামুদ্রিক নিরাপত্তা ও জলদস্যুদের মোকাবিলায় কার্যকর পদক্ষেপ করার সক্ষমতার পরিচয় দিয়েছে।
কিন্তু কেন একটি মাছ ধরার ট্রলারকে অপহরণ করেছিল জলদস্যুরা? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বড় কোনও বাণিজ্যিক জাহাজকে অপহরণের উদ্দেশ্যেই ছোট মাছ ধরার ট্রলারটিকে ব্যবহার করতে চেয়েছিল তারা। আন্তর্জাতিক জলপথে জলদস্যুদের এই ধরনের কৌশল নতুন নয়। ছোট জাহাজ বা মাছ ধরার নৌকাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে পরবর্তীতে বড় বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর চেষ্টা করে দস্যুরা।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সোমালিয়া উপকূলবর্তী এলাকায় জলদস্যুদের তৎপরতা ফের বৃদ্ধি পেয়েছে। গত এপ্রিল মাসে জলদস্যুদের হামলায় প্রাণ হারান কলকাতার এক যুবক-সহ মোট পাঁচজন নাবিক। গত দশ বছরের মধ্যে সেটিই ছিল সোমালীয় জলদস্যুদের হামলায় কোনও নাবিকের মৃত্যুর প্রথম ঘটনা বলে জানা গিয়েছিল।
এরপর গত আগস্ট মাসেও জলদস্যুদের হামলার ঘটনা সামনে আসে। পুন্টল্যান্ডের ইল জেলার মাররায়া উপকূল থেকে প্রায় সাড়ে তিন নটিক্যাল মাইল দূরে ‘লুতুফ’ নামে একটি বাণিজ্যিক জাহাজকে ঘিরে ধরে জলদস্যুরা। ওই জাহাজে ছয়জন ভারতীয় নাবিক ছাড়াও ছিলেন তুরস্কের একজন নাগরিক, জর্জিয়ার একজন নাগরিক এবং সার্বিয়ার দুই নিরাপত্তারক্ষী।
ক্রমবর্ধমান এই জলদস্যু হামলার প্রেক্ষিতে আরব সাগরে ভারতীয় নৌসেনার সাম্প্রতিক অভিযান বিশেষ তাৎপর্যপূর্ণ। আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ভারতীয় নৌসেনা ও বায়ুসেনার এই যৌথ তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করল।
❤ Support Us






