- দে । শ
- নভেম্বর ৩, ২০২৬
শুল্কের চাপেই ভারতের সঙ্গে বাণিজ্য সমঝোতা ! মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের ১২৭ প্রতিশ্রুতি পূরণের খতিয়ান প্রকাশ হোয়াইট হাউসের
আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাফল্যের খতিয়ান প্রকাশ করল হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের দাবি, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলির অধিকাংশই পূরণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই দাবির সমর্থনে মোট ১২৭ দফা প্রতিশ্রুতি পূরণের তালিকা প্রকাশ করেছে হোয়াইট হাউস। আর সেই তালিকায় বিশেষ ভাবে জায়গা পেয়েছে ভারত-আমেরিকা বাণিজ্যিক সমঝোতা। পাশাপাশি ভারত-পাকিস্তান সংঘাত থামানোর ক্ষেত্রে ট্রাম্পের মধ্যস্থতার দাবিও তুলে ধরা হয়েছে।
ভারত ও আমেরিকার মধ্যে পূর্ণাঙ্গ বাণিজ্যচুক্তি এখনও চূড়ান্ত হয়নি। তবে গত ফেব্রুয়ারিতে দু’দেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত একটি অন্তর্বর্তী সমঝোতা হয়েছিল। হোয়াইট হাউসের প্রকাশিত বিবৃতিতে ভারতকে আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যসঙ্গী হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে দাবি করা হয়েছে, শুল্ককে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করেই ভারতের সঙ্গে এই সমঝোতায় পৌঁছেছে ওয়াশিংটন।
প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকেই শুল্কনীতিকে নিজের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে তুলে ধরেছিলেন ট্রাম্প। ২০২৪ সালের মার্চে প্রচার চলাকালীন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে মার্কিন শিল্পক্ষেত্রের উন্নয়ন এবং দেশের শ্রমিকদের স্বার্থরক্ষায় বিশেষ গুরুত্ব দেবেন। তাঁর অভিযোগ ছিল, বিভিন্ন দেশের সঙ্গে অসম বাণিজ্যচুক্তির কারণে আমেরিকার শিল্প ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই পরিস্থিতির পরিবর্তন ঘটানোর আশ্বাস দিয়েছিলেন তিনি। এ বার সেই প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনেই হোয়াইট হাউসের দাবি, বিভিন্ন দেশের সঙ্গে নতুন বাণিজ্যিক সমঝোতা ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণেরই প্রমাণ।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, শুল্ককে দর কষাকষির মাধ্যম হিসেবে কাজে লাগিয়ে আমেরিকার প্রধান বাণিজ্যসঙ্গীদের সঙ্গে আগের তুলনায় আরও অনুকূল বাণিজ্যচুক্তি করেছেন ট্রাম্প। এই তালিকায় রয়েছে ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, চিন, ভারত, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপিনস এবং কম্বোডিয়া।
২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা শুরু করে ট্রাম্প প্রশাসন। অন্য দিকে, নয়াদিল্লিও ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যিক সমঝোতায় পৌঁছনোর চেষ্টা চালায়। কিন্তু একাধিক দফার আলোচনার পরেও বিভিন্ন বিষয়ে মতপার্থক্যের কারণে চুক্তি চূড়ান্ত হতে দেরি হয়। এর মধ্যেই ভারতীয় পণ্যের উপর প্রথমে ২৫ শতাংশ শুল্ক চাপায় আমেরিকা। রাশিয়া থেকে তেল কেনার কারণ দেখিয়ে ভারতের উপর আরও ২৫ শতাংশ অতিরিক্ত ‘শাস্তিমূলক শুল্ক’ আরোপের সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন।
তবে পরবর্তী সময়ে অন্তর্বর্তী বাণিজ্যিক সমঝোতা হওয়ার পর রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় আমেরিকা। পাশাপাশি মার্কিন বাজারে ভারতীয় পণ্যের উপর সামগ্রিক শুল্কের হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার কথাও ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তকেই নিজেদের বাণিজ্যিক কূটনীতির সাফল্য হিসেবে তুলে ধরছে হোয়াইট হাউস।
শুধু বাণিজ্য নয়, আন্তর্জাতিক সংঘাত থামানোর ক্ষেত্রেও নিজের সাফল্যের দাবি তুলে ধরেছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের প্রকাশিত তালিকায় দাবি করা হয়েছে, বিশ্বের আটটি সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই তালিকায় রয়েছে ভারত-পাকিস্তান সংঘাত এবং ইজ়রায়েল-ইরান পরিস্থিতিও।
ভারত-পাকিস্তান সংঘাত থামানোর ক্ষেত্রে মধ্যস্থতা করার দাবি ট্রাম্প একাধিক বার করেছেন। কিন্তু নয়াদিল্লি বরাবরই সেই দাবি খারিজ করেছে। ভারতের বক্তব্য, দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে কোনও তৃতীয় দেশ মধ্যস্থতা করেনি। ফলে এই বিষয়ে ওয়াশিংটন ও নয়াদিল্লির অবস্থান সম্পূর্ণ আলাদা।
অন্য দিকে, ইজ়রায়েল-ইরান সংঘাতের প্রসঙ্গও ট্রাম্পের সাফল্যের তালিকায় তুলে ধরেছে হোয়াইট হাউস। যদিও গত ফেব্রুয়ারিতেই ইরানের উপর ইজ়রায়েলের সঙ্গে যৌথ ভাবে সামরিক হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। ফলে সংঘাত থামানোর ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়েও আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে।
উল্লেখ্য, বাণিজ্যিক ক্ষেত্রে শুল্ককে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করার ট্রাম্পের নীতি নিয়ে আন্তর্জাতিক মহলে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। ব্রিক্স গোষ্ঠীর সদস্য ভারত, চিন ও রাশিয়া-সহ একাধিক দেশ বিভিন্ন সময়ে মার্কিন শুল্কনীতির সমালোচনা করেছে। তবে সেই বিতর্কের মধ্যেই শুল্কের চাপ তৈরি করে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সমঝোতায় পৌঁছনোকেই নিজেদের অন্যতম বড় সাফল্য হিসেবে তুলে ধরছে ট্রাম্প প্রশাসন।
মধ্যবর্তী নির্বাচনের আগে প্রকাশিত ১২৭ দফার এই তালিকার মাধ্যমে মার্কিন ভোটারদের কাছে ট্রাম্প প্রশাসন মূলত এই বার্তাই দিতে চাইছে—নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করেছে হোয়াইট হাউস এবং বাণিজ্য থেকে আন্তর্জাতিক কূটনীতি, একাধিক ক্ষেত্রেই আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
❤ Support Us






