Advertisement
  • বি। দে । শ
  • নভেম্বর ১১, ২০২৬

নিরাপদ ভবিষ্যতের সন্ধানে ঝুঁকির যাত্রা, সমুদ্রপথে মৃত্যু হাজার হাজার অভিবাসীর

আরম্ভ ওয়েব ডেস্ক
নিরাপদ ভবিষ্যতের সন্ধানে ঝুঁকির যাত্রা, সমুদ্রপথে মৃত্যু হাজার হাজার অভিবাসীর

সংঘাত ও ক্রমহ্রাসমান জীবিকার জন্য নিরাপদ ভবিষ্যতের সন্ধানে বিপজ্জনক সমুদ্রযাত্রার ঝুঁকি নিচ্ছে হাজার হাজার মানুষ। আটলান্টিক থেকে বঙ্গোপসাগর, গত কয়েক বছর ধরে সর্বত্র একই ছবি দেখা যাচ্ছে। কেউ গন্তব্যস্থানে পৌঁছতে পারছে, কেউ আবার পারছে না। এই ঝুঁকির যাত্রায় নৌকা ডুবিতে মারা যাচ্ছেন অনেকেই। সম্প্রতি এই ঘটনা ঘটেছে সেনেগালে।

৮ নভেম্বর উত্তর সেনেগালের সেন্ট–লুই থেকে স্পেনের দিকে অভিবাসীবাহী একটা কাঠের মাছ ধরার নৌকা (‌যা পিরোগ নামে পরিচিত)‌ কুবের উপকূলে উল্টে গিয়ে ৩৯ জন নিহত হয়েছেন। একসময় উপকূলীয় জীবিকা নির্বাহের জন্য ব্যবহৃত হলেও এই ধরনের নৌকাগুলো এখন ইউরোপে বিপজ্জনক যাত্রার জন্য ব্যবহৃত হচ্ছে। সেনেগালের এই নৌকাডুবি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ইউরোপের সমুদ্রপথগুলি জুড়ে একই ছবি দেখা যাচ্ছে, গন্তব্যে পৌঁছনোর মানুষের সংখ্যা কমছে এবং পথেই মারা যাচ্ছে আরও বেশি মানুষ।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, এবছর ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৬০০০০ মানুষ সমুদ্রপথে ইউরোপে পৌঁছেছেন। যা গতবছরের ৯৮০৪০ জনের চেয়ে ৩৯ শতাংশ কম। ঝুঁকির যাত্রাপথে অন্তত ২২৯২ জন মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। গতবছরের তুলনায় ১৫ শতাংশ বেশি। গতবছর প্রায় ২০০০ জন মারা গিয়েছিলেন। প্রকৃত মৃতের সংখ্যা সম্ভবত আরও বেশি।

কঠোর সীমান্ত নিয়ন্ত্রণ পশ্চিম আফ্রিকা থেকে যাত্রা বন্ধ করতে পারেনি। বরং তা নৌকাগুলিকে গাম্বিয়া, গিনি–বিসাউ এবং গিনির মতো আরও দূরবর্তী স্থানগুলির দিকে ঠেলে দিয়েছে। মিশ্র অভিবাসন কেন্দ্রের মতে, কিছু যাত্রা এখন ২০০০ কিলোমিটারেরও বেশি। যা অতিক্রম করতে প্রায় ১০ দিন পর্যন্ত সময় লাগে। কিন্তু এই ঝুঁকির পথ অতিক্রমের স্রোত থামেনি। ১ থেকে ৬ নভেম্বরের মধ্যে ৪৯টি নৌকায় করে ৪৫৮৭ জন অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। প্রায় ১১৪০০ জনসংখ্যা অধ্যুষিত এল হিয়েরো দ্বীপে এক সপ্তাহেরও কম সময়ে ৩৩০০ জনেরও বেশি অভিবাসীর আগমনের ফলে দ্বীপ কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছে।

সেনেগালের উপকূলীয় অঞ্চলে মৎস্য শিকার মানুষের জীবিকা নির্বাহের প্রধান উৎস। কিন্তু বছরের পর বছর ধরে অতিরিক্ত মাছ ধরার ফলে ক্রমবর্ধমান চাপ সৃষ্টি হয়েছে। লন্ডন–ভিত্তিক ‘‌এনভায়রনমেন্টাল জাস্টিস ফাউন্ডেশন’‌ (ইজেএফ)–এর মতে, সেনেগালের মোট জীবিকার প্রায় ৩ শতাংশ মৎস্য খাতে নিযুক্ত। অথচ মূল্যায়নকৃত মাছের প্রজাতিগুলোর ৫৭ শতাংশই হয় বিলুপ্তির পথে অথবা ইতোমধ্যেই বিলুপ্ত হয়ে গেছে।

ইজেএফ শিল্পভিত্তিক নৌবহর, বিশেষ করে বিদেশি জাহাজগুলির চাপের কথা উল্লেখ করেছে। যদিও সমস্যাটি শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। শিল্পভিত্তিক ও ক্ষুদ্র উভয় ধরনের নৌবহরের কয়েক দশক ধরে অতিরিক্ত মাছ ধরার ফলে মাছের মজুত আরও কমে গেছে। মাছ ধরার ওপর নির্ভরশীল উপকূলীয় জনগোষ্ঠীর জন্য কমে যাওয়া মাছের পরিমাণ মানে আয় হ্রাস পাওয়া। তাই কারও কারও জন্য যে সমুদ্র একসময় তাদের জীবিকার উৎস ছিল, তা–ই এখন মুক্তির পথ হয়ে উঠেছে।

ইউএনওডিসি–র তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইউরোপের চারটি প্রধান সমুদ্রপথ দিয়ে ১৯০০০০ থেকে ২০৯০০০ মানুষকে পাচার করা হয়েছে। যার জন্য ৩৮৮ মিলিয়ন থেকে ৫০৯ মিলিয়ন ডলার পর্যন্ত অর্থ প্রদান করা হয়েছে। এর মধ্যে আটলান্টিক পথ দিয়ে পাচার হওয়া মানুষের সংখ্যা ছিল ৩৩০০০। ইউএনওডিসি বলছে, অপরাধীরা মুনাফা অর্জনের জন্যই পাচারের মতো অপরাধ করে থাকে।

ইউরোপের সমস্ত সমুদ্রপথে এই একই চিত্র দেখা যাচ্ছে। মধ্য ভূমধ্যসাগরীয় পথে ইতালিতে যাত্রীর আগমন ৫৫ শতাংশ কমে ২১৩৯৩-এ দাঁড়িয়েছে, কিন্তু মৃতের সংখ্যা ১৮ শতাংশ বেড়ে ৯৯৬ হয়েছে। গ্রিসে যাত্রীর আগমন কমে ২০৪২৮–তে নেমে এলেও মৃতের সংখ্যা ৪৭ শতাংশ বেড়ে ৪১৭ হয়েছে। আটলান্টিক ও পশ্চিম ভূমধ্যসাগরীয় পথে স্পেনে যাত্রীর আগমন ২৭ শতাংশ কমে ১৬৭৯৪–তে দাঁড়িয়েছে। তবুও ৮৭৯ জন মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।

বঙ্গোপসাগরের চিত্রটি সবচেয়ে ভয়াবহ। ইউএনএইচসিআর–এর মতে, শরণার্থী বা অভিবাসীদের জন্য ব্যবহৃত প্রধান সমুদ্রপথগুলির মধ্যে এখানেই মৃত্যুর হার সবচেয়ে বেশি। ২০২৫ সালে সাড়ে ৬ হাজারেরও বেশি রোহিঙ্গা এই পথ পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল এবং তাদের মধ্যে প্রায় ৯০০ জন মারা গিয়েছিল বা নিখোঁজ হয়েছিল, যা প্রতি সাতজনের মধ্যে প্রায় একজন। বাংলাদেশের কক্সবাজার অথবা মায়ানমারের রাখাইন রাজ্য থেকে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে নৌকা ছেড়ে যায়। সাম্প্রতিক বছরগুলিতে এই যাত্রায় অর্ধেকেরও বেশি ছিলেন মহিলা ও শিশু। এ বছর আন্দামান সাগরে টেকনাফ থেকে আসা একটা নৌকাডুবিতে প্রায় ২৫০ জন রোহিঙ্গা ও বাংলাদেশি  নিখোঁজ হন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!