Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১২, ২০২৬

শতাব্দীপ্রাচীন কণ্ঠস্বর রক্ষায় উদ্যোগী যাদবপুর বিশ্ববিদ্যালয় ! কয়েক হাজার দুর্লভ গ্রামোফোন রেকর্ডের ডিজিটাল সংরক্ষণ, সহযোগীতায় ব্রিটিশ লাইব্রেরি

আরম্ভ ওয়েব ডেস্ক
শতাব্দীপ্রাচীন কণ্ঠস্বর রক্ষায় উদ্যোগী যাদবপুর বিশ্ববিদ্যালয় ! কয়েক হাজার দুর্লভ গ্রামোফোন রেকর্ডের ডিজিটাল সংরক্ষণ, সহযোগীতায় ব্রিটিশ লাইব্রেরি

সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে ইতিহাসের বহু অমূল্য শব্দ-স্মৃতি। কোথাও ভেঙে যাচ্ছে পুরনো গ্রামোফোনের রেকর্ড, কোথাও আবার অবহেলায় নষ্ট হচ্ছে শতাব্দী প্রাচীন পুরনো গানের ডিস্ক। সেই বিপন্ন শব্দ-ঐতিহ্য সংরক্ষণে এ বার উদ্যোগী যাদবপুর বিশ্ববিদ্যালয়। ব্রিটিশ লাইব্রেরির সহযোগিতায় ১৯০২ সাল থেকে ১৯৩০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত প্রকাশিত বিভিন্ন ভারতীয় ভাষার শেলাক এবং কার্ডবোর্ডের অডিয়ো ডিস্ক ডিজিটাইজ করার প্রকল্প হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয়। প্রকল্পের আওতায় প্রায় তিন হাজার পুরনো রেকর্ড ডিজিটাল মাধ্যমে সংরক্ষণের পরিকল্পনা করা হয়েছে। বাংলা, হিন্দি, উর্দু, গুজরাটি, তামিল, তেলুগু এবং কন্নড়-সহ একাধিক ভারতীয় ভাষার রেকর্ড রয়েছে সে তালিকায়। শেলাকের তৈরি গ্রামোফোন ডিস্কের পাশাপাশি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এক সময়ের অত্যন্ত জনপ্রিয়, কিন্তু বর্তমানে প্রায় বিস্মৃত পিচবোর্ডের রেকর্ডগুলির উপরেও। ব্রিটিশ লাইব্রেরির ‘এন্ডেঞ্জার্ড আর্কাইভস প্রোগ্রাম’ (ইএপি)-এর আর্থিক সহায়তায় এ কাজ চলছে। অভূতপূর্ব এ উদ্যোগের মাধ্যমে সংরক্ষিত হতে চলেছে ভারতের প্রাথমিক রেকর্ডিং-শিল্পের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে গত ৬ নভেম্বর প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এ প্রকল্পের জন্য এক জন ডোমেন এক্সপার্ট নিয়োগের কথা জানানো হয়। ব্রিটিশ লাইব্রেরির ‘এন্ডেঞ্জার্ড আর্কাইভস প্রোগ্রাম’-এর অধীনে এই কাজ হবে। প্রকল্পটির নাম ‘ডিজিটাইজেশন অফ শেলাক অ্যান্ড কার্ডবোর্ড অডিয়ো ডিস্ক রেকর্ডস পাবলিশড ফ্রম ১৯০২ টু মিড-১৯৩০স ইন ভেরিয়াস ভার্নাকুলার্স অফ ইন্ডিয়া’। প্রকল্পটির দায়িত্বে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ছন্দম চক্রবর্তী। নির্বাচিত বিশেষজ্ঞের দায়িত্ব হবে পুরনো রেকর্ডগুলির শনাক্তকরণ, সংরক্ষণ, শ্রেণিবিন্যাস, তথ্য নথিভুক্তকরণ এবং ক্যাটালগ তৈরির কাজে সহায়তা করা। শুধু শব্দের ডিজিটাল প্রতিলিপি তৈরি করাই নয়, প্রতিটি রেকর্ডের ঐতিহাসিক পরিচয় ও প্রাসঙ্গিক তথ্য যথাযথ ভাবে সংরক্ষণ করাও এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।

এ উদ্যোগের গুরুত্ব বুঝতে হলে ফিরে তাকাতে হবে বিংশ শতকের গোড়ার দিকে। ভারতে বাণিজ্যিক গ্রামোফোন রেকর্ডিংয়ের সূচনাপর্বের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে কলকাতার নাম। ১৯০২ সালের ৮ নভেম্বর। ‘গ্রামোফোন অ্যান্ড টাইপরাইটার কোম্পানি’র রেকর্ডিং ইঞ্জিনিয়ার ফ্রেডরিক উইলিয়াম গাইসবার্গ কলকাতায় এসে একাধিক শিল্পীর গান রেকর্ড করেন। রেকর্ডিংয়ের ঘরে নাটকের সংলাপ পাঠ করছেন, গান গাইছেন ক্লাসিক থিয়েটারের দুই অভিনেত্রী শশীমুখী ও ফণীবালা। ভারতীয় উপমহাদেশে বাণিজ্যিক শব্দ-রেকর্ডিংয়ের ইতিহাসে দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। এর ঠিক তিন দিন পরে, ১১ নভেম্বর রেকর্ড করা হয়েছিল গওহর জানের গান। রেকর্ডিংয়ের নিরিখে শশীমুখী ও ফণীবালার পালা আগে এলেও ভারতের প্রথম প্রকাশিত গ্রামোফোন রেকর্ড হিসেবে ইতিহাসে জায়গা করে নেয় গওহর জানের গান।  এক শতাব্দীরও বেশি সময় পেরিয়ে সেই সময়ের শিল্পীদের কণ্ঠস্বর, তাঁদের পরিবেশনা এবং ভারতীয় রেকর্ডিং শিল্পের শুরুর দিকের ইতিহাসকে নতুন করে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ব্রিটিশ লাইব্রেরির সহযোগিতায় ১৯০২ থেকে ১৯৩০-এর দশকের মাঝামাঝি সময় পর্যন্ত প্রকাশিত দুর্লভ গ্রামোফোন রেকর্ড ডিজিটাইজ করার কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অফ কালচারাল টেক্সটস অ্যান্ড রেকর্ডস’। তবে প্রকল্পের ক্ষেত্রে সময়সীমা এবং অর্থের বিষয়টিও গুরুত্বপূর্ণ। ব্রিটিশ লাইব্রেরির ‘এন্ডেঞ্জার্ড আর্কাইভস প্রোগ্রাম’-এর আর্থিক সহায়তার নির্দিষ্ট সীমা রয়েছে। ১৯৫০ সালের পর প্রকাশিত রেকর্ডের জন্য এই প্রকল্পে অর্থসাহায্য পাওয়া যাচ্ছে না। তাই গবেষকেরা আপাতত ১৯০২ থেকে ১৯৩০-এর মধ্যে প্রকাশিত সাতটি ভাষার প্রায় তিন হাজার দুর্লভ রেকর্ডকে বেছে নিয়েছেন।

শুধু গওহর জান নন, সে সময়ের রেকর্ডে ধরা পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠস্বরও। ১৯০৪ থেকে ১৯০৬ সালের মধ্যে ‘কুন্তলীন’ খ্যাত হেমেন্দ্রমোহন বসু ফরাসি সংস্থা প্যাথেফোনের সঙ্গে যৌথ উদ্যোগে বাজারে আনেন ‘প্যাথেফোন-এইচ বোস রেকর্ড’। সেখানে রবীন্দ্রনাথের পাশাপাশি লালচাঁদ বড়াল, দ্বিজেন্দ্রলাল রায়, কৃষ্ণভামিনীর মতো শিল্পীদের কণ্ঠস্বরও সংরক্ষিত হয়েছিল। কবির নিজের কণ্ঠে কবিতা পাঠ, গান কিংবা বক্তব্য শোনার সুযোগ আজও গবেষক ও শ্রোতাদের কাছে বিশেষ আকর্ষণের বিষয়। মুদ্রিত রচনা বা স্বরলিপির বাইরে এই রেকর্ডিংগুলি রবীন্দ্রনাথের উচ্চারণ, কণ্ঠের ওঠানামা এবং পরিবেশনশৈলী সম্পর্কে প্রত্যক্ষ ধারণা দেয়। ফলে এই ধরনের শব্দ-নথি সংরক্ষণ কেবল সংগীতের ইতিহাসের জন্য নয়, সাহিত্য ও সাংস্কৃতিক ইতিহাসের গবেষণার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে, লালচাঁদ বড়াল ও পূর্ণকুমারীদের মতো শিল্পীর পরিবেশনা নিয়ে অভিনব পিচবোর্ডের রেকর্ড প্রকাশ করেছিল ‘নিকোল রেকর্ডস’। প্রযুক্তির ইতিহাসে এই পিচবোর্ডের রেকর্ড বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, শেলাকের ডিস্কের পাশাপাশি বিকল্প উপাদান ব্যবহার করে শব্দ সংরক্ষণের যে পরীক্ষা-নিরীক্ষা চলছিল, তারও পরিচয় মেলে রেকর্ডগুলিতে।

প্রকল্পের প্রধান সমন্বয়কারী ছন্দম চক্রবর্তীর মতে, বিপুল এই সাংস্কৃতিক দলিলকে ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখাই উদ্যোগের মূল উদ্দেশ্য। বিশেষত পিচবোর্ডের মতো দুর্লভ মাধ্যমে তৈরি রেকর্ডগুলি সংরক্ষণের ব্যবস্থা না হলে সেগুলির অস্তিত্বই বিপন্ন হয়ে পড়তে পারে। ডিজিটাইজেশনের মাধ্যমে শুধু শব্দ নয়, প্রতিটি রেকর্ডের প্রকাশের সময়, প্রচ্ছদের নকশা, রেকর্ডিং সংস্থা, শিল্পীর পরিচয় এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যও সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ব্রিটিশ লাইব্রেরির ওয়েবসাইটে এ সংগ্রহের ডিজিটাল সংস্করণ তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতে ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে গানগুলি ছড়িয়ে দেওয়ার কথাও ভাবা হচ্ছে। তাতে এক শতাব্দী আগের সংগীত নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছবে বলে আশা প্রকল্পের সঙ্গে যুক্ত গবেষকদের। শতাব্দীপ্রাচীন রেকর্ডগুলির আধুনিক সংরক্ষণ করার কাজ সহজ নয়। শেলাকের তৈরি ডিস্ক অত্যন্ত ভঙ্গুর। সামান্য অসতর্কতায় সেগুলিতে ফাটল ধরতে পারে, ভেঙে যেতে পারে ডিস্কের অংশ। তাপমাত্রা ও আর্দ্রতার পরিবর্তন, ধুলোবালি এবং অনুপযুক্ত যন্ত্রে বারবার চালানোর ফলে রেকর্ডের শব্দের গুণমানও নষ্ট হতে পারে। পুরনো রেকর্ড বাজানোর উপযুক্ত যন্ত্র, প্রযুক্তি এখন আর সহজে মেলে না। ফলে শুধু রেকর্ড হাতে পেলেই তার শব্দ উদ্ধার করা সম্ভব নয়। প্রয়োজন বিশেষজ্ঞ জ্ঞান, উপযুক্ত যন্ত্রপাতি এবং নির্দিষ্ট সংরক্ষণ-পদ্ধতি।

ডিজিটাইজেশনের মাধ্যমে এ সমস্যার মোকাবিলা করা সম্ভব। পুরনো ডিস্ক থেকে শব্দ সংগ্রহ করে ডিজিটাল ফাইল তৈরি করা হলে মূল রেকর্ডটি বারবার বাজানোর প্রয়োজন কমে। একই সঙ্গে সে শব্দ ভবিষ্যতের গবেষক, সংগীতশিল্পী এবং সাধারণ শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়। তবে ডিজিটাল প্রতিলিপি তৈরির ক্ষেত্রেও রেকর্ডের অবস্থা, বাজানোর গতি, স্টাইলাসের ধরন এবং শব্দ পুনরুদ্ধারের প্রযুক্তিগত দিকগুলি বিশেষ গুরুত্ব পায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগ অবশ্য একেবারে নতুন নয়। দীর্ঘ দিন ধরেই বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অফ কালচারাল টেক্সটস অ্যান্ড রেকর্ডস’ ভারতীয় ভাষা, সাহিত্য, সংগীত ও সংস্কৃতির বিপন্ন উপাদান সংরক্ষণে কাজ করছে। ২০০৩ সালে প্রতিষ্ঠিত এই কেন্দ্রের অন্যতম উল্লেখযোগ্য কাজ রবীন্দ্রনাথের রচনার ডিজিটাল সংরক্ষণ ও পাঠভেদ নির্ণয়ের প্রকল্প ‘বিচিত্রা’। সে প্রকল্পে রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি, মুদ্রিত বই ও সাময়িকপত্রের বিপুল সংগ্রহ ডিজিটাল মাধ্যমে সংরক্ষিত হয়েছে। গবেষকেরা একই রচনার বিভিন্ন সংস্করণ পাশাপাশি রেখে তুলনা করার সুযোগ পান।

এর আগেও ব্রিটিশ লাইব্রেরির ‘এন্ডেঞ্জার্ড আর্কাইভস প্রোগ্রাম’-এর সঙ্গে যৌথ ভাবে উত্তর ভারতীয় শাস্ত্রীয় সংগীত, বাংলা গানের পুরনো রেকর্ডিং সংরক্ষণের কাজ করেছে যাদবপুর। সেই উদ্যোগগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ১৯০২ থেকে ১৯৩৭ সালের মধ্যে তৈরি বাংলা গানের রেকর্ডিং সংরক্ষণ প্রকল্প। ওই প্রকল্পে ১৬টি সংগ্রহ থেকে মোট ৬,৮৬০টি ট্র্যাক, যার সম্মিলিত দৈর্ঘ্য প্রায় ১,৬৭০ ঘণ্টা, ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করা হয়েছিল। অর্থাৎ, নতুন প্রকল্পটি বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের আর্কাইভ-সংরক্ষণ উদ্যোগেরই সম্প্রসারিত রূপ। এ ধরনের উদ্যোগের গুরুত্ব শুধু অতীতের গান বাঁচিয়ে রাখার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এক একটি সময়ের সাংস্কৃতিক ও সামাজিক ইতিহাসের দলিল। পুরনো রেকর্ডগুলি থেকে জানা যেতে পারে, এক শতাব্দী আগে বিভিন্ন অঞ্চলের সংগীতচর্চা কেমন ছিল, শিল্পীরা কী ভাবে গান পরিবেশন করতেন, কোন ভাষার গান কী ভাবে বাণিজ্যিক বাজারে পৌঁছত। রেকর্ডের লেবেল, শিল্পীর নাম, প্রকাশের সাল এবং সংশ্লিষ্ট সংস্থার তথ্য থেকে তৎকালীন সংগীতশিল্পের বিকাশ সম্পর্কেও ধারণা পাওয়া সম্ভব। সংগীতের পাশাপাশি ভাষাতত্ত্ব, সাহিত্য, ইতিহাস, নৃতত্ত্ব এবং উপনিবেশ-পরবর্তী সাংস্কৃতিক গবেষণার ক্ষেত্রেও এই সংগ্রহগুলি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠতে পারে।

বিশেষ করে বাংলা গানের ইতিহাসের ক্ষেত্রে এই উদ্যোগের তাৎপর্য যথেষ্ট। গ্রামোফোনের আবির্ভাবের ফলে গান আর কেবল সরাসরি পরিবেশনার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ঘরের ভিতরে বসে গান শোনা, শিল্পীর কণ্ঠস্বরকে বারবার ফিরে পাওয়া আর শহর থেকে দূরবর্তী অঞ্চলে গান পৌঁছে দেওয়ার নতুন সংস্কৃতি তৈরি হয়েছিল। শাস্ত্রীয় সংগীত, নাটকের গান, কীর্তন, ভক্তিগীতি, রবীন্দ্রসংগীত এবং জনপ্রিয় বাংলা গানের বাণিজ্যিক প্রচার — সব কিছুর সঙ্গেই জড়িয়ে রয়েছে সে ইতিহাস। প্রশ্ন উঠছে, দেশের বিভিন্ন প্রান্তে ব্যক্তিগত সংগ্রহে কিংবা প্রতিষ্ঠানের অব্যবহৃত ভাণ্ডারে এখনও কত অমূল্য রেকর্ড ছড়িয়ে রয়েছে? সেগুলির কতগুলির যথাযথ তালিকা তৈরি হয়েছে, কতগুলিই বা সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা পেয়েছে? অনেক ক্ষেত্রে সংগ্রাহকদের মৃত্যুর পরে তাঁদের ব্যক্তিগত সংগ্রহের হদিস হারিয়ে যায়। আবার বহু রেকর্ড এমন অবস্থায় রয়েছে, যেগুলি দ্রুত সংরক্ষণ না করলে ভবিষ্যতে সেগুলি থেকে শব্দ উদ্ধার করাই অসম্ভব হয়ে উঠতে পারে।

সে প্রেক্ষিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ লাইব্রেরির যৌথ উদ্যোগ গুরুত্বপূর্ণ। প্রযুক্তির সাহায্যে অতীতের শব্দকে ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখার পাশাপাশি ভারতের বহুভাষিক সাংস্কৃতিক ইতিহাসের বিস্মৃত অধ্যায়কে গবেষণার আলোয় ফিরিয়ে আনার সুযোগ তৈরি করছে এ প্রকল্প।  প্রকল্পের অন্যতম গবেষক তথা ভাষাতাত্ত্বিক রাজীব চক্রবর্তী জানান, ভারতের প্রাথমিক রেকর্ডিং শিল্পের বাণিজ্যিক ইতিহাসও এ উদ্যোগের অন্যতম গবেষণার ক্ষেত্র। তিনি জানান, প্রথম দিকে ভারতে মোমের ডিস্কে শব্দ ধারণ করার পরে সেসব রেকর্ড জার্মানির হ্যানোভারে পাঠানো হতো। সেখানে গালার সাহায্যে তার বাণিজ্যিক প্রতিলিপি তৈরি করা হতো। ১৯০৭ সালে কলকাতায় নিজস্ব ‘প্রেসিং ইউনিট’ তৈরি হওয়ার পরে শহরটি ধীরে ধীরে এশিয়ার অন্যতম প্রধান রেকর্ডিং ও ‘প্রেসিং’ কেন্দ্রে পরিণত হয়। শুধু ভারত নয়, শ্রীলঙ্কা, আফগানিস্তান, তৎকালীন বার্মা, এমনকি চিনের বাজারের জন্য তৈরি রেকর্ডের প্রেসিংয়ের কাজও কলকাতায় হতো।

অর্থাৎ, কলকাতা তখন কেবল ভারতীয় সংগীতের গুরুত্বপূর্ণ কেন্দ্রই ছিল না, এশিয়ার বিস্তৃত অঞ্চলের রেকর্ডিং ব্যবসার ক্ষেত্রেও প্রধান ভূমিকা রাখছিল। সে শিল্পের সঙ্গে জড়িয়ে ছিলেন শিল্পী, রেকর্ডিং প্রযুক্তিবিদ, ব্যবসায়ী, পরিবেশক থেকে বিভিন্ন ভাষার সংগীত-পরম্পরার প্রতিনিধিরা। কিন্তু সেই বিপুল বাণিজ্যিক কর্মকাণ্ডের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে এখনো পর্যাপ্ত গবেষণা হয়নি বলে মনে করছেন রাজীব। তাঁর মতে, রেকর্ডগুলিকে ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করা গেলে শিল্পের বিকাশ, বাজারের বিস্তার, ভাষাভিত্তিক সংগীতের প্রচার এবং উপনিবেশিক ভারতের সাংস্কৃতিক অর্থনীতি নিয়ে নতুন করে গবেষণার সুযোগ তৈরি হবে। এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষ এ প্রকল্পের সঙ্গে যুক্ত গবেষকদের হাতে রয়েছে প্রায় তিরিশ হাজার রেকর্ডের একটি বিশাল সংগ্রহ। রাজীব চক্রবর্তী ও তাঁর দলের দীর্ঘদিনের সংগ্রহের পাশাপাশি কলকাতার ফুটপাথ থেকেও বহু পুরনো রেকর্ড সংগ্রহ করা হয়েছে। শহরের পুরনো বাড়ি, ব্যক্তিগত সংগ্রহ এবং অব্যবহৃত ভাণ্ডারে ছড়িয়ে থাকা রেকর্ডগুলির অনেকগুলিরই যথাযথ পরিচয় বা তালিকা নেই। ফলে কোন রেকর্ডে কার গান রয়েছে, সেটি কবে প্রকাশিত হয়েছিল কিংবা কোন সংস্থা তা বাজারে এনেছিল, সে তথ্য উদ্ধার করাও গবেষণার অন্যতম চ্যালেঞ্জ।

এই সংরক্ষণ প্রকল্পের আর একটি গুরুত্বপূর্ণ দিক হলো, ভবিষ্যতের গবেষণার জন্য তথ্যভাণ্ডার তৈরি করা। কোনো রেকর্ডের শব্দ শুনে তার ঐতিহাসিক গুরুত্ব বোঝা গেলেও সংশ্লিষ্ট শিল্পী, প্রকাশক, রেকর্ডিংয়ের সময়, ভাষা এবং প্রচ্ছদের তথ্য না থাকলে গবেষণা অসম্পূর্ণ থেকে যায়। তাই প্রতিটি রেকর্ডের সঙ্গে তার পরিচয় ও প্রাসঙ্গিক তথ্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে সংগীতের ইতিহাসের পাশাপাশি ভাষা, সাহিত্য, মুদ্রণশিল্প, বিজ্ঞাপন, প্রযুক্তি এবং তৎকালীন বাজারব্যবস্থা নিয়েও কাজ করা সম্ভব হবে। বিশেষজ্ঞদের মতে, গ্রামোফোনের আবির্ভাব ভারতীয় সংগীতের সামাজিক পরিসরকে আমূল বদলে দিয়েছিল। কোনো শিল্পীর গান আর নির্দিষ্ট সভা, জলসা বা মঞ্চে উপস্থিত শ্রোতাদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। রেকর্ডের মাধ্যমে তা পৌঁছে গিয়েছিল বিভিন্ন শহর ও অঞ্চলের ঘরে ঘরে। ফলে সংগীতের বাণিজ্যিকীকরণ, শিল্পীর জনপ্রিয়তা এবং শ্রোতার রুচি তৈরির ক্ষেত্রেও নতুন অধ্যায়ের সূচনা হয়। সে পরিবর্তনের প্রত্যক্ষ প্রমাণ হিসেবে পুরনো রেকর্ডগুলির গুরুত্ব অপরিসীম।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!