- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ১২, ২০২৬
সনিয়ার স্মৃতিকথা ফের উস্কে দিল শিখবিরোধী দাঙ্গার ক্ষত ! দিল্লিতে বই পুড়িয়ে প্রতিবাদ
১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার চার দশক কেটে গেছে। অথচ সেই হত্যাকাণ্ডের দায়, বিচার না পাওয়ার প্রশ্নে রাজনৈতিক বিতর্ক আজও সমানভাবেই চলছে। কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ ঘিরে নতুন করে যেন চাগাড় দিয়ে উঠেছে পুরনো সেই ক্ষত। বৃহস্পতিবার দিল্লির রাকাবগঞ্জ গুরুদ্বারে বইটির প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ জানালেন ৮৪ সালের দাঙ্গায় নিহতদের পরিবারের সদস্য এবং দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির (ডিএসজিএমসি) সদস্যেরা। তাঁদের অভিযোগ, স্মৃতিকথায় দাঙ্গার প্রকৃত ইতিহাসকে বিকৃত করে রাজীব গান্ধী, কংগ্রেস নেতৃত্বের ভূমিকা আড়াল করার চেষ্টা করেছেন সনিয়া।
স্মৃতিকথায় ১৯৮৪ সালের শিখবিরোধী হিংসাকে ভারতের ইতিহাসের ‘মর্মান্তিক ও লজ্জাজনক’ অধ্যায় বলে উল্লেখ করেছেন সনিয়া। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে শিখদের উপর যে সংগঠিত আক্রমণ নেমে এসেছিল, তার বিবরণও দিয়েছেন তিনি। সোনিয়ার কথায়, শুধু দিল্লিতেই ২,০০০-এর বেশি প্রাণ গিয়েছিল। নিরপরাধ মানুষকে অত্যন্ত নিষ্ঠুর ভাবে হত্যা করা হয়েছিল, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল বহু জায়গায়। কিন্তু দাঙ্গার বিবরণ দিতে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী, তাঁর স্বামী রাজীব গান্ধীর ভূমিকা সম্পর্কে সনিয়ার যে ব্যাখ্যা, তা নিয়েই আপত্তি উঠেছে। তাঁর দাবি, রাজীবের মনে কোনো সাম্প্রদায়িক বিদ্বেষ বা প্রতিহিংসা ছিল না। বরং এমন এক পরিস্থিতিতে তাঁকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে হয়েছিল, যখন দেশের প্রশাসনিক ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছিল। সেই প্রশাসনিক বিপর্যয়ের সুযোগেই বর্বর হিংসা ছড়িয়ে পড়ে।
স্মৃতিকথায় সনিয়া লিখেছেন, ইন্দিরা গান্ধীর হত্যার খবর ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। বিকেলের মধ্যেই দিল্লি সহ বহু শহরে দাঙ্গা শুরু হয়। শিখ সম্প্রদায়ের নিরপরাধ মানুষদের উপর নেমে আসে আক্রমণ। ইন্দিরা হত্যার পরবর্তী দিনগুলিতে রাজীব গান্ধীর ভূমিকার পক্ষেও সওয়াল করেছেন সনিয়া। তাঁর বক্তব্য, হত্যাকাণ্ডের রাতেই দূরদর্শনে ভাষণ দিয়ে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছিলেন রাজীব। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সেটিই ছিল তাঁর প্রথম দিকের প্রকাশ্য পদক্ষেপ। পরবর্তী সময়ে দিল্লির হিংসাকবলিত এলাকাগুলিও পরিদর্শন করেন তিনি। তাঁর দফতরের কর্মীরা শিখ সহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে খোঁজখবর নেন। ১ নভেম্বর সাধারণ মানুষের সঙ্গে কথা বলে প্রতিশোধের পথে না যাওয়ার আবেদন জানান রাজীব। পরের দিন ফের দেশবাসীর উদ্দেশে ভাষণ দিয়ে ইন্দিরা গান্ধীর কথাই উদ্ধৃত করেন তিনি— ‘রক্ত ঝরাবেন না, ঘৃণা ঝরান’।
সনিয়ার দাবি, রাজীব ছিলেন ন্যায়পরায়ণ ও সহানুভূতিশীল মানুষ। নিরপরাধ পুরুষ, মহিলা ও শিশুদের উপর আক্রমণের নির্দেশ তিনি দিতে পারেন না। তাঁর মতে, ইন্দিরা হত্যার পর রাজীবের তাৎক্ষণিক প্রতিক্রিয়াই প্রমাণ করে, তিনি হিংসার বিরোধী ছিলেন। তবে একই সঙ্গে সনিয়া স্বীকার করেছেন, সে সময় কার্যকর প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছিল। দেশের ইতিহাসে এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে সরকারকে কাজ করতে হয়েছিল। স্মৃতিকথায় রাজীবের সংসদে দেওয়া বক্তব্যের কথাও উল্লেখ করেছেন সোনিয়া। ১৯৮৪ সালের নভেম্বরের হত্যাকাণ্ডকে রক্তস্নান বলে বর্ণনা করেছিলেন রাজীব। তাঁর বক্তব্য ছিল, এ ঘটনা প্রত্যেক বিবেকবান ভারতীয়র মনে অপরাধবোধের ছাপ রেখে যাবে। দেশের রাজনৈতিক পালাবদলের এক অত্যন্ত সংকটময় সময়ে হিংসা ঘটলেও তা কোনোভাবেই হত্যাকাণ্ডের অজুহাত হতে পারে না বলেও জানিয়েছিলেন তিনি।
তবে দাঙ্গার পরবর্তী বিচারপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন সনিয়া। তাঁর বক্তব্য, কংগ্রেস এবং অ-কংগ্রেস — উভয় সরকারের আমলেই একাধিক তদন্ত কমিশন ও কমিটি গঠিত হয়েছে। কয়েকশো এফআইআর দায়ের হলেও কংগ্রেস কর্মীদের গ্রেফতার করা হয়েছিল মাত্র চার-পাঁচটি মামলায়। চারটি কমিশন, ন–টি কমিটি এবং দু’টি বিশেষ তদন্তকারী দল গঠনের পরেও বহু মামলা আদালতে ঝুলে রয়েছে। বহু আক্রান্ত পরিবার এখনও বিচার পায়নি বলে স্বীকার করেছেন তিনি। শিখ সম্প্রদায়ের সঙ্গে কংগ্রেসের সম্পর্কের প্রসঙ্গেও নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন কংগ্রেসের চেয়ারপার্সন। তাঁর দাবি, দেশের প্রতি শিখদের অবদানকে কংগ্রেস বরাবরই স্বীকৃতি দিয়েছে। ১৯৮৪ সালের হত্যাকাণ্ডের পরেও পাঞ্জাবের শিখ ভোটারেরা একাধিক বার কংগ্রেসকে ক্ষমতায় ফিরিয়ে এনেছেন। তাঁর মতে, ওই হত্যাকাণ্ডের পিছনে কোনো সম্প্রদায়ের প্রতি স্থায়ী বা গভীর বিদ্বেষ ছিল না। যদিও বিচার না পাওয়ার বিষয়টিকে দেশের প্রশাসনিক ব্যবস্থার ব্যর্থতা বলেই মেনে নিয়েছেন তিনি।
কিন্তু সনিয়ার এই বিবরণে সন্তুষ্ট নন বিজেপি, শিরোমণি অকালি দলের নেতারা। তাঁদের অভিযোগ, স্মৃতিকথার মাধ্যমে রাজীব গান্ধী, কংগ্রেস নেতৃত্বের দায় আড়াল করার চেষ্টা হয়েছে। বিশেষ করে সেনা মোতায়েন নিয়ে সোনিয়ার বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিজেপি নেতা, প্রবীণ আইনজীবী এইচ এস ফুলকা মঙ্গলবার দিল্লিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে দাবি করেন, সেনা মোতায়েন নিয়ে সনিয়ার বিবরণ সরকারি নথির সঙ্গে মেলে না। স্মৃতিকথায় সনিয়া লিখেছেন, ৩১ অক্টোবর রাতে রাজীব গান্ধী সেনাপ্রধান জেনারেল এ এস বৈদ্যকে সেনা নামানোর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু দিল্লির কাছাকাছি থাকা সেনা ইউনিটগুলিতে শিখ জওয়ান রয়েছেন, এ আশঙ্কায় জেনারেল বৈদ্য তাঁদের মোতায়েন করতে চাননি। পরিবর্তে দেরাদুনের মতো দূরবর্তী জায়গা থেকে সেনা আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফলে সেনা পৌঁছতে দেরি হয়। ফুলকার দাবি, এ বক্তব্য তথ্যগত ভাবে ভুল। তাঁর কথায়, ১৯৮৪ সালের ১ নভেম্বর সকালেই দিল্লিতে প্রায় ৬,০০০ সেনা জওয়ান উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে প্রায় ৫,০০০ জনকে সরাসরি কাজে লাগানোর মতো অবস্থায় পাওয়া গিয়েছিল। অথচ অসামরিক প্রশাসন তাঁদের মোতায়েন করেনি। সময়মতো সেনা নামানো হলে অন্তত ২,০০০ শিখের প্রাণ বাঁচানো সম্ভব হতো।
এ দাবির সমর্থনে ‘মিশ্র কমিশন’-এর রিপোর্টের উল্লেখ করেছেন ফুলকা। ১৯৮৫ সালে ১৯৮৪ সালের দাঙ্গার তদন্তে গঠিত বিচারপতি রঙ্গনাথ মিশ্র কমিশনের সামনে তৎকালীন সেনাপ্রধান জেনারেল বৈদ্য এবং দিল্লি এলাকার সেনা কর্তারা সাক্ষ্য দিয়েছিলেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, ৩১ অক্টোবর থেকেই দিল্লিতে সেনা উপস্থিত ছিল। জেনারেল বৈদ্য মিরাট থেকে একটি ব্রিগেডকে দিল্লিতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। ওই ব্রিগেডে ১,৬০০ সেনা আধিকারিক ও জওয়ান ছিলেন। ৩১ অক্টোবর রাতের মধ্যেই তাঁরা দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন। দিল্লিতে আগে থেকেই প্রায় ৬,১০০ সেনা জওয়ান ছিলেন বলে কমিশনের সামনে জানিয়েছিলেন দিল্লি এলাকার তৎকালীন জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল জে এস জামওয়াল। তাঁদের মধ্যে ৩,০০০ জন মাঠপর্যায়ের দায়িত্বে ছিলেন। বাকিরা ইন্দিরা গান্ধীর মরদেহ তিনমূর্তি ভবনে শায়িত রাখা এবং শক্তিস্থলে শেষকৃত্যের সময় নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের কাজে নিযুক্ত ছিলেন। পরে অতিরিক্ত বাহিনী পৌঁছনোয় প্রায় ৫,০০০ সেনা জওয়ানকে সরাসরি মোতায়েন করার সুযোগ তৈরি হয়েছিল।
ফুলকার বক্তব্য, জেনারেল বৈদ্যর সাক্ষ্যে কোথাও বলা হয়নি যে রাজীব গান্ধী তাঁকে সেনা নামানোর নির্দেশ দিয়েছিলেন। বরং সেনা প্রস্তুত রাখা, প্রয়োজনীয় বাহিনী পাঠানোর ব্যবস্থা করার দায়িত্ব সেনাপ্রধান পালন করেছিলেন। কিন্তু সেনাকে দাঙ্গা নিয়ন্ত্রণে নামানোর জন্য অসামরিক প্রশাসনের অনুমতি প্রয়োজন ছিল। সে অনুমতি দেওয়া হয়নি। ‘মিশ্র কমিশন’-এর রিপোর্টেও দিল্লির তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর পি জি গাভাই এবং পুলিশ কমিশনার সুভাষ ট্যান্ডনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। কমিশনের পর্যবেক্ষণ, ১ নভেম্বর ভোরে পরিস্থিতির অবনতির আশঙ্কা করে লেফটেন্যান্ট গভর্নর পুলিশ কমিশনারকে সেনা ডাকার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু পুলিশ কমিশনার নিজে বিভিন্ন এলাকায় ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখতে চেয়েছিলেন। সে সিদ্ধান্তের ফলে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়। দিল্লির অতিরিক্ত পুলিশ কমিশনার গৌতম কৌলও পুলিশ কমিশনারকে সতর্ক করেছিলেন যে, পরিস্থিতি সামাল দেওয়ার মতো পর্যাপ্ত ক্ষমতা দিল্লি পুলিশের নেই। সেনা মোতায়েনের বিতর্কের পাশাপাশি রাজীব গান্ধীর একটি মন্তব্যও নতুন করে আলোচনায় এসেছে। ১৯৮৪ সালের ১৯ নভেম্বর ইন্দিরা গান্ধীর হত্যার পরবর্তী দাঙ্গা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন, ‘যখন কোনো বড়ো গাছ পড়ে, তখন মাটি কিছুটা কেঁপে ওঠে।’ বিরোধীদের অভিযোগ, এ মন্তব্যের মাধ্যমে শিখবিরোধী হত্যাকাণ্ডকে কার্যত যুক্তিগ্রাহ্য করে দেখানোর চেষ্টা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী।
‘শিরোমণি অকালি দল’-এর সভাপতি সুখবীর সিংহ বাদলও সোনিয়ার বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁর অভিযোগ, স্মৃতিকথায় রাজীব গান্ধীকে দায়মুক্ত করার চেষ্টা করেছেন সনিয়া। পাঞ্জাবের কংগ্রেস নেতাদের কাছে তাঁর প্রশ্ন, দিল্লিতে সেনা মোতায়েন না করার যে সিদ্ধান্তের কথা বইয়ে লেখা হয়েছে, তা তাঁরা সমর্থন করেন কি না। সমাজমাধ্যমে বাদল লিখেছেন, ১৯৮৪ সালে হাজার হাজার নিরপরাধ মানুষের হত্যাকারীদের দায়মুক্তি দেওয়ার বিষয়ে সনিয়া গান্ধীর বক্তব্য নিয়ে পাঞ্জাবের কংগ্রেস নেতাদের নীরবতা ভাঙতে হবে। তাঁর আরও প্রশ্ন, ‘অপারেশন ব্লু স্টার’-এর সময় স্বর্ণমন্দিরে সেনা অভিযানের নেতৃত্ব দেওয়ার জন্য এক শিখ জেনারেলকে দায়িত্ব দেওয়া হয়েছিল। অথচ পরবর্তী সময়ে নিরপরাধ শিখদের রক্ষা করতে শিখ সেনা জওয়ানদের কেন মোতায়েন করা হলো না?
সনিয়ার স্মৃতিকথার ‘অপারেশন ব্লু স্টার’ নিয়ে কয়েকটি অংশ ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। বইয়ে তিনি লিখেছেন, অভিযানের পর ইন্দিরা গান্ধী তার পরিণতি আর প্রাণহানির সংখ্যা নিয়ে গভীর ভাবে মর্মাহত হয়েছিলেন। অভিযানের পরবর্তী পরিস্থিতির একটি ভিডিয়ো দেখার সময় ইন্দিরার চোখে জল এসেছিল বলেও দাবি করেছেন সনিয়া। কিন্তু বিজেপি নেতাদের প্রশ্ন, সে অনুশোচনা কি স্বর্ণমন্দিরে সেনা অভিযানের পরিণতি নিয়ে, না কি ইন্দিরার নিজের রাজনৈতিক সিদ্ধান্তের জন্য? বিজেপির জাতীয় মুখপাত্র সি আর কেশবন কটাক্ষ করে বলেছেন, বইটির নাম ‘বিলংগিং’ না হয়ে ‘হোয়াইটওয়াশিং’ হওয়া উচিত ছিল। আম আদমি পার্টির দিল্লি শাখার সভাপতি সৌরভ ভরদ্বাজও সোনিয়ার বক্তব্যের তাৎপর্য নিয়ে প্রশ্ন তুলেছেন। বিজেপি সাংসদ সতনাম সিংহ সান্ধু জানতে চেয়েছেন, ইন্দিরার অনুশোচনার বিবরণ আসলে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে। সবমিলিয়ে চার দশক পেরিয়েও ৮৪ সালের হত্যাকাণ্ডের বিচার, প্রশাসনিক ব্যর্থতা এবং রাজনৈতিক দায় নিয়ে বিতর্কের অবসান হয়নি। পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের আগে সনিয়ার স্মৃতিকথা পুরনো ক্ষতকে নতুন করে উস্কে দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
❤ Support Us








