- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ১৬, ২০২৬
চিনের প্রভাব মোকাবিলায় আসিয়ানকে পাশে নিয়ে কৌশল ভারতের ! ম্যানিলায় মোদি, বৈঠকে বাণিজ্য ও সমুদ্র নিরাপত্তা
ভারতের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’র অন্যতম প্রধান ভিত্তি আসিয়ান দেশগুলির সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করা। সেই লক্ষ্যেই তিন দিনের সফরে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৩তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং ২১তম ইস্ট এশিয়া সম্মেলনে যোগ দেবেন তিনি। এবারের আসিয়ান সম্মেলনের সভাপতিত্ব করছে ফিলিপিন্স। বাণিজ্য, সামুদ্রিক নিরাপত্তা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাই এবারের সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয়। ১৭ নভেম্বরই হবে এই দুই সম্মেলন। পাশাপাশি, ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ আর মার্কোস জুনিয়রের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন প্রধানমন্ত্রী।
ম্যানিলার উদ্দেশে রওনা দেওয়ার আগে সমাজমাধ্যমে নিজের সফর নিয়ে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, ভারতের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’র কেন্দ্রে রয়েছে আসিয়ানভুক্ত দেশগুলির সঙ্গে সুসম্পর্ক। একইসঙ্গে, ভারতের সামুদ্রিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রেও আসিয়ানের বিশেষ গুরুত্ব রয়েছে। আসিয়ান-ভারত সম্মেলনে অংশ নিয়ে দুই পক্ষের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি নিয়ে আলোচনা করতে চান বলেও জানান তিনি।
ইস্ট এশিয়া সম্মেলন প্রসঙ্গে মোদির বক্তব্য, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনার ক্ষেত্রে এই মঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে মত বিনিময় করবেন তিনি।এবারের আসিয়ান সম্মেলনে মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ নজর দিতে চলেছে ভারত।
প্রথমত, ভারত-আসিয়ান বাণিজ্য। বর্তমানে ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১২২ বিলিয়ন মার্কিন ডলার। তবে এই বাণিজ্যে ভারতের ঘাটতির পরিমাণ প্রায় ৫১ বিলিয়ন ডলার। এই পরিস্থিতিতে বাণিজ্যিক ভারসাম্য ফেরানো এবং দুই পক্ষের অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের লক্ষ্যে বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা দ্রুত শেষ করতে চাইছে নয়াদিল্লি।
দ্বিতীয়ত, সামুদ্রিক নিরাপত্তা। ২০২৬ সালকে আসিয়ান-ভারত সামুদ্রিক সহযোগিতার বছর হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই প্রেক্ষিতে দক্ষিণ চিন সাগরে অবাধ নৌ চলাচলের অধিকার, জলদস্যুতা প্রতিরোধ, অবৈধ মাছ ধরা বন্ধ করা এবং সামুদ্রিক অঞ্চলের উপর নজরদারি বা মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেসের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। বিশেষ করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সমুদ্রপথের নিরাপত্তা ও আন্তর্জাতিক নিয়ম মেনে চলার বিষয়টি গুরুত্ব পেতে পারে।
তৃতীয়ত, মায়ানমারের রাজনৈতিক ও মানবিক সংকট। মায়ানমারের চলমান পরিস্থিতি নিয়েও সম্মেলনে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে কূটনৈতিক মহলের একাংশের মতে, এবারের বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পেতে পারে দক্ষিণ চিন সাগরে চিনের ক্রমবর্ধমান সামরিক ও কৌশলগত প্রভাব মোকাবিলার বিষয়টি। এই পরিস্থিতিতে আঞ্চলিক দেশগুলির মধ্যে সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর উপর জোর দিতে পারে ভারত।
তবে মোদির এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ হতে চলেছে কোয়াড নেতাদের বৈঠক। আগামী ১৭ নভেম্বর সন্ধ্যায় ম্যানিলায় এই বৈঠক হওয়ার কথা। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি উপস্থিত থাকার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির।
হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, কোয়াড বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ কৌশলগত ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হবে। বিশেষ করে বিরল খনিজের সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেন আরও শক্তিশালী করা, জ্বালানি পরিবহণের জন্য বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা এবং সমুদ্রপথে নাবিকদের সুরক্ষার মতো বিষয়গুলি আলোচনায় গুরুত্ব পাবে।
সব মিলিয়ে, ম্যানিলার এই সফরে ভারতের কাছে একদিকে যেমন আসিয়ানভুক্ত দেশগুলির সঙ্গে বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ রয়েছে, অন্যদিকে তেমনই ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরার গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠতে পারে এই সম্মেলন।
❤ Support Us






