- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ১৬, ২০২৬
সাংগঠনিক রদবদলের পথে বিজেপি ! মণ্ডল সভাপতি, বুথ কমিটিতে আসছে নতুন মুখ
বুথ ও মণ্ডল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করতে বড়সড় সাংগঠনিক রদবদলের পথে হাঁটতে চলেছে বঙ্গ বিজেপি । দলের নিচুতলার নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে তোলাবাজি, দখলদারি এবং দলবিরোধী কার্যকলাপের অভিযোগ ক্রমশ বাড়তে থাকায় অস্বস্তিতে রাজ্য নেতৃত্ব । পরিস্থিতি সামাল দিতে নতুন বছরের শুরুতেই মণ্ডল ও বুথ স্তরে একাধিক পদে নতুন মুখ আনার পরিকল্পনা করেছে গেরুয়া শিবির । দলীয় সূত্রে খবর, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্বকে সামনে আনা এবং নিচুতলার সংগঠনের উপর নিয়ন্ত্রণ আরও মজবুত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য ।
বিজেপির দলীয় দফতরে ইতিমধ্যেই বুথ থেকে মণ্ডল স্তরের বিভিন্ন পদাধিকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে । তোলাবাজি, জমি ও এলাকা দখল, ক্ষমতার অপব্যবহার-সহ নানা অভিযোগে জড়িয়েছেন দলের একাংশের নেতা-কর্মী । এই ধরনের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করেছে দল। কাউকে শোকজ করা হয়েছে, কাউকে সতর্কবার্তা দেওয়া হয়েছে । আবার কারও ক্ষেত্রে সাসপেনশন, এমনকি দল থেকে বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে । কিন্তু এত পদক্ষেপের পরেও নিচুতলার স্তরে অভিযোগের সংখ্যা কমছে না । বরং তোলাবাজি ও দখলদারির অভিযোগ ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে শীর্ষ নেতৃত্বের মধ্যে ।
এই পরিস্থিতিতে যাঁদের বিরুদ্ধে বারবার দলবিরোধী কাজের অভিযোগ উঠছে, যাঁরা দলীয় শৃঙ্খলা মানছেন না কিংবা এলাকায় গ্রহণযোগ্যতা হারিয়েছেন, তাঁদের সাংগঠনিক পদ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে । তাঁদের পরিবর্তে মণ্ডল ও বুথ কমিটিতে জায়গা পেতে পারেন স্বচ্ছ ভাবমূর্তির, দক্ষ এবং সাংগঠনিক কাজে অভিজ্ঞ নতুন মুখেরা । অর্থাৎ শুধুমাত্র পদ পরিবর্তন নয়, সংগঠনের বিভিন্ন স্তরে নেতৃত্বের মান ও কাজের ধরনেও পরিবর্তন আনতে চাইছে বিজেপি ।
দলীয় সাংগঠনিক নিয়ম মেনেই প্রথমে মণ্ডল স্তরে নতুন কমিটি গঠন করা হবে । এরপর পর্যায়ক্রমে বুথ স্তরের কমিটিগুলিতেও রদবদল করা হবে । নতুন বছরের শুরুতেই জেলাভিত্তিক সংগঠনের প্রতিটি স্তরে এই পরিবর্তন প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে খবর । রাজ্যজুড়ে বিজেপির ১,৩০০-রও বেশি মণ্ডল কমিটি রয়েছে। প্রাথমিকভাবে এই কমিটিগুলির মধ্যে ৫০০-র বেশি মণ্ডল সভাপতির পদে পরিবর্তন হতে পারে বলে দলীয় সূত্রে জানা যাচ্ছে । মণ্ডল স্তরের রদবদল শেষ হলে বুথ কমিটিতেও বড়সড় পরিবর্তন আনা হবে ।
পশ্চিমবঙ্গে দলের সাংগঠনিক কাঠামোকে আরও সক্রিয় ও কার্যকর করে তোলার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । রাজ্যে ক্ষমতায় আসার পর প্রশাসনিক দায়িত্ব এবং দলীয় সংগঠনের কাজের মধ্যে সুস্পষ্ট বিভাজন তৈরি করা, নতুন নেতৃত্বকে সামনে আনা এবং সংগঠনের প্রতিটি স্তরে দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য নেতৃত্বকে । সেই নির্দেশ মেনেই ইতিমধ্যে রাজ্য কমিটি, রাজ্য মোর্চা, সংখ্যালঘু সেল এবং বিভিন্ন বিভাগে সাংগঠনিক রদবদল সম্পন্ন হয়েছে । একাধিক জেলায় জেলা সভাপতিও পরিবর্তন করা হয়েছে । আরও চারটি জেলায় সভাপতি বদলের সম্ভাবনা রয়েছে বলে খবর ।
দলীয় নেতৃত্বের একাংশের দাবি, ক্ষমতার পালাবদলের পর তৃণমূলের বিভিন্ন স্তর থেকে বহু নেতা-কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন । তাঁদের অভিযোগ, এই যোগদানের ফলে সংগঠনের বিভিন্ন স্তরে এমন কিছু মুখও ঢুকে পড়েছেন, যাঁদের ভূমিকা ও রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে । আরও অনেকে দলে যোগ দেওয়ার চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে বাইরে থেকে আসা নেতা-কর্মীদের অন্তর্ভুক্তির ক্ষেত্রে সতর্ক থাকার বার্তা বারবার দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য ।
পাশাপাশি, ক্ষমতায় আসার পর দলের বিভিন্ন স্তরের নেতৃত্বের কাছ থেকে যে ধরনের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশিত, বাস্তবে অনেক ক্ষেত্রেই তার অভাব দেখা যাচ্ছে বলেও মনে করছে নেতৃত্বের একাংশ । নিচুতলার কিছু নেতার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও সামনে এসেছে । ফলে প্রশাসনিক ক্ষমতার সঙ্গে সাংগঠনিক পদের প্রভাব মিশিয়ে ফেলার প্রবণতা ঠেকানো এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখা এখন রাজ্য নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ ।
সব মিলিয়ে, নতুন বছরের শুরুতেই বুথ ও মণ্ডল স্তরে নেতৃত্বের বড়সড় পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে বঙ্গ বিজেপি । অভিযোগে জড়িত এবং বিতর্কিত মুখদের সরিয়ে স্বচ্ছ ভাবমূর্তির নতুন সংগঠকদের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে । ৫০০-র বেশি মণ্ডল সভাপতির সম্ভাব্য পরিবর্তন এবং পরবর্তী পর্যায়ে বুথ কমিটির পুনর্গঠন — এই দুই পদক্ষেপের মাধ্যমে নিচুতলার সংগঠনের উপর নিয়ন্ত্রণ বাড়ানো ও আগামী দিনের জন্য সাংগঠনিক কাঠামো ঢেলে সাজাতে চাইছে বিজেপি । তবে শেষ পর্যন্ত কতজন পুরনো পদাধিকারী বাদ পড়েন এবং কতজন নতুন মুখ দায়িত্ব পান, তা নির্ভর করবে চূড়ান্ত সাংগঠনিক সিদ্ধান্তের উপর ।
❤ Support Us






