- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ১৭, ২০২৬
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাই কোর্টের
বিচারপতিদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ করল কলকাতা হাই কোর্ট। তাঁর মন্তব্য কেন ফৌজদারি আদালত অবমাননার শামিল বলে গণ্য হবে না এবং কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না, তা জানতে চেয়েছে আদালত। আগামী ১৫ দিনের মধ্যে এই বিষয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। বিচারপতি কৃষ্ণ রাওয়ের পর্যবেক্ষণে, অভিষেকের মন্তব্য বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা এবং বিচারব্যবস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগের সামিল।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিচারবিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই মন্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত। বিষয়টি নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিল কলকাতা হাই কোর্ট। গত বৃহস্পতিবার একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি কৃষ্ণ রাও অভিষেকের আইনজীবীর উদ্দেশে প্রশ্ন তোলেন, কোন কোন বিচারপতি বিজেপির সঙ্গে যুক্ত বলে তাঁর মক্কেল মনে করেন, সেই তালিকা যেন আদালতে জমা দেওয়া হয়।
মঙ্গলবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের পর্যবেক্ষণে উঠে আসে, অভিষেকের ওই মন্তব্য ফৌজদারি আদালত অবমাননার পর্যায়ে পড়তে পারে। আদালতের মতে, বিচারপতিদের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে। শুধু একজন সাংসদ হিসেবেই নয়, সংশ্লিষ্ট মামলার মামলাকারী হিসেবেও অভিষেকের বক্তব্যের গুরুত্ব রয়েছে বলে মনে করেছে আদালত। আদালতের কাজে প্রভাব বিস্তার এবং বিচারব্যবস্থা সম্পর্কে কলঙ্কজনক অভিযোগ তোলার অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সেই ব্যাখ্যাও চাওয়া হয়েছে।
উল্লেখ্য, নিজের নিরাপত্তা কমিয়ে দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার সেই মামলার শুনানি চলাকালীনই তাঁর সাক্ষাৎকারে করা মন্তব্যের প্রসঙ্গ আদালতে তোলেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য। তিনি আদালতকে জানান, একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক বিচারপতিদের নাম উল্লেখ করে তাঁদের সম্পর্কে কটাক্ষ করেছেন। তাঁর দাবি, এই ধরনের মন্তব্য আদালত অবমাননার শামিল। পাশাপাশি, অভিষেকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা শুরু করার আবেদনও জানান তিনি।
সেদিন অভিষেকের আইনজীবীর প্রতিও অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি কৃষ্ণ রাও। আইনজীবীকে উদ্দেশ করে তিনি বলেন, তাঁর মক্কেলকে জিজ্ঞাসা করতে হবে, কোন কোন বিচারপতি বিজেপির সঙ্গে রয়েছেন এবং কারা নেই। বিচারপতির কথায়, অভিষেক নিজেকে অত্যন্ত বুদ্ধিমান মনে করেন, তাই তাঁকেই বিচারপতিদের নামের তালিকা দিতে বলা হোক। আদালত সেই তালিকা খতিয়ে দেখবে বলেও মন্তব্য করেন তিনি।
শুনানিতে বিচারপতি আরও বলেন, আদালতের কোনও সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে অভিষেক অন্য বেঞ্চের দ্বারস্থ হতে পারতেন। এমনকি ছুটির সময়ও হাই কোর্টে একাধিক বেঞ্চ বসেছিল। বিচারপতির মন্তব্য, অভিষেক একজন শিক্ষিত ব্যক্তি এবং নির্বাচিত সাংসদ। তাই তাঁর বক্তব্য ও আচরণের ক্ষেত্রে দায়িত্বশীলতা প্রত্যাশিত। এ প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, অভিষেক যেন বিচারপতিদের বার্ষিক গোপনীয় মূল্যায়ন প্রতিবেদন বা এসিআর লিখে দিচ্ছেন।
অন্যদিকে, অভিষেকের নিরাপত্তা কমানো সংক্রান্ত মূল মামলার শুনানি গত বৃহস্পতিবারই শেষ হয়েছে। সেই মামলার রায় আপাতত স্থগিত রেখেছে কলকাতা হাই কোর্ট। তবে রাজ্য সরকারের নিরাপত্তা কমানোর সিদ্ধান্তটি আগামী দু’সপ্তাহের মধ্যে পুনর্বিবেচনা করার জন্য রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিয়েছে আদালত।
আদালতের নির্দেশ অনুযায়ী, বিচারপতিদের সম্পর্কে করা মন্তব্যের বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ়ের জবাব দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৮ ডিসেম্বর ধার্য করা হয়েছে।
❤ Support Us






