Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • নভেম্বর ১৭, ২০২৬

চিকিৎসার দাবিতে পাক সুপ্রিম কোর্টে আপিল, চিঠি দিলেন ইমরান খান

আরম্ভ ওয়েব ডেস্ক
চিকিৎসার দাবিতে পাক সুপ্রিম কোর্টে আপিল, চিঠি দিলেন ইমরান খান

পাকিস্তানের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান নিজের ও স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে খোলা চিঠি লিখলেন । অবিলম্বে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আবেদন জানিয়ে নিজের জীবন নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি । ইমরানের লেখা ওই চিঠি সোমবার সমাজমাধ্যমে প্রকাশ করেন তাঁর আইনজীবী সলমন সফদর ।

চিঠিতে ইমরান অভিযোগ করেছেন, তাঁর এবং স্ত্রী বুশরা বিবির চিকিৎসার বিষয়ে আদালতের দেওয়া নির্দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সরকার কার্যকর করেনি । তাঁর দাবি, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে । মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছেন তিনি ।

অন্যদিকে, জেলবন্দি স্ত্রী বুশরা বিবির দৃষ্টিশক্তি স্থায়ী ভাবে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ইমরান । পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করেই আইনজীবীর মাধ্যমে দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিদের কাছে চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছেন তিনি ।

চিঠিতে নিজের বয়স ও শারীরিক পরিস্থিতির কথা উল্লেখ করে ইমরান লিখেছেন, ‘‘৭৪ বছর বয়সে এই পরিস্থিতি আমাকে এমন এক অবস্থার দিকে ঠেলে দিচ্ছে, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরে আসতে পারব না !’’ তাঁর আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্জন কারাবাসে থাকার কারণে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উপরেও নেতিবাচক প্রভাব পড়ছে । পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগের সুযোগ দেওয়ার জন্য মেডিক্যাল বোর্ড যে সুপারিশ করেছিল, জেল কর্তৃপক্ষ তা-ও কার্যকর করেনি বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছেন তিনি ।

উল্লেখ্য, ২০২৩ সালের অগস্ট মাস থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি রয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান । তোষাখানা-২ মামলায় ২০২৫ সালে ইমরান এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয় । ওই রায়কে চ্যালেঞ্জ করে তাঁদের করা আবেদন বর্তমানে ইসলামাবাদ হাই কোর্টে বিচারাধীন ।

এর আগে ২০২৪ সালে তোষাখানা-১ মামলায় ইমরানকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল । তবে ইসলামাবাদ হাই কোর্ট সেই সাজা স্থগিত করে । পাশাপাশি ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (ন্যাব)-এর দুর্নীতি মামলা এবং নির্বাচন কমিশনের মামলায় দেওয়া কারাদণ্ডের সাজাও স্থগিত হয়েছে ।
এ ছাড়াও, প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে আল-কাদির রিয়েল এস্টেট কোম্পানির কাছ থেকে বেআইনি ভাবে জমি ও অন্যান্য সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগে ইমরানের বিরুদ্ধে মামলা রয়েছে । ওই মামলায় তাঁকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে । পাশাপাশি রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস-সহ একাধিক মামলাও তাঁর বিরুদ্ধে চলছে ।

সব মিলিয়ে একাধিক মামলায় জেলবন্দি ইমরান খান এবার নিজের ও স্ত্রীর চিকিৎসার দাবিতে সরাসরি পাকিস্তানের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন । চিঠিতে তাঁর জীবন নিয়ে আশঙ্কার কথা প্রকাশ্যে আসায় নতুন করে আলোচনায় উঠে এসেছে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি এবং জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রীর কারাজীবন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!