- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ১৭, ২০২৬
ক্রিকেটকে বিদায় ! আইপিএলে আর ব্যাট হাতে দেখা যাবে না ধোনিকে, হলুদ জার্সিতে নতুন ইনিংস শুরু
ব্যাট হাতে তিনি মাঠে নামলেই হৃদস্পন্দন বেড়ে যেত ভক্তদের। স্টেডিয়ামের শব্দ-পারদ চড়ে যেত চরমে। ভয়ে ভয়ে থাকতেন প্রতিপক্ষ টিমের খেলোয়াররা। বিগত এক দশকে হলুদ আলোয় এ এক চেনা ছবি। তবে এবার সে যুগের অবসান হতে চলেছে। আইপিএলের মাঠে আর ব্যাট হাতে দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনিকে। উইকেটের পিছনে গ্লাভস হাতে দাঁড়িয়ে প্রতিপক্ষের ব্যাটারকে চাপে ফেলা, শেষ পর্যন্ত হার না মানার জেদ কিংবা শেষ ওভারে ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার টানটান উত্তেজনা আর দেখতে পাবেন না দর্শকরা। ১৯ বছরের আইপিএল কেরিয়ারে ইতি টানলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তবে দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে না তাঁর। ক্রিকেটার হিসেবে নয়, ২৭ সালের আইপিএলে চেন্নাইয়ের মেন্টর হিসেবে নতুন দায়িত্ব সামলাবেন ধোনি। মঙ্গলবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিং।
আইপিএলের ২০২৭ সালের মরসুমের জন্য ক্রিকেটার ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা প্রকাশের দিনেই ধোনিকে নিয়ে এ ঘোষণা করেছে চেন্নাই। ফলে দীর্ঘদিন ধরে তাঁর খেলা চালিয়ে যাওয়া নিয়ে যে জল্পনা চলছিল, তার অবসান ঘটল। গত মরসুমে ফিটনেসের সমস্যার কারণে একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি ৪৫ বছর বয়সি ধোনি। এ বার ক্রিকেটার হিসেবে আর আইপিএলে অংশ নেবেন না তিনি। তবে হলুদ জার্সিতে তাঁকে দেখা যাবে দলের ডাগআউটে। তরুণ ক্রিকেটারদের পরামর্শ দেওয়া, দলের পরিকল্পনায় অংশ নেওয়া, পরবর্তী প্রজন্মকে তৈরি করার দায়িত্ব থাকবে তাঁর কাঁধে। চেন্নাই সুপার কিংসের বিবৃতিতে জানানো হয়েছে, দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন ধোনি। ফ্র্যাঞ্চাইজ়ির বক্তব্য, অসংখ্য জয়, প্রতিকূলতা এবং স্মৃতির মধ্য দিয়ে গড়ে উঠেছে তাদের এই দীর্ঘ যাত্রা। সে যাত্রার শুরু থেকেই ধোনি দলের পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। চেন্নাইকে গর্বিত করার পাশাপাশি আগামী প্রজন্মের ক্রিকেটারদের তৈরি করার কাজেও যুক্ত থাকবেন তিনি। বিবৃতিতে আরও বলা হয়েছে, সুপার কিংসের সঙ্গে ধোনির সম্পর্ক চিরস্থায়ী। চেন্নাই বরাবরই তাঁর ঘর হয়ে থাকবে।
চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসনের কাছেও ধোনির বিদায় নিছক একজন ক্রিকেটারের অবসর নয়, বরং দীর্ঘদিনের এক সম্পর্কের নতুন রূপ। তিনি বলেছেন, ‘এমএস ধোনি ছাড়া সিএসকে হয় না। প্রায় দু-দশক ধরে জয়, পরাজয়, মাঝের সমস্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা একসঙ্গে পথ চলেছি, একসঙ্গে লড়াই করেছি। আমাদের সম্পর্ক এতটা দৃঢ় হওয়ার পিছনে একটাই কারণ — আমরা একে অপরের উদ্দেশ্য নিয়ে কখনো প্রশ্ন তুলিনি। সে আস্থাই দীর্ঘ এ যাত্রাকে সম্ভব করেছে।’ ২০০৮ সালে আইপিএলের প্রথম মরসুমে ধোনিকে চেন্নাই দলে নেওয়ার জন্য বিশেষ উদ্যোগী হয়েছিলেন শ্রীনিবাসন। সেই সিদ্ধান্তের কথা স্মরণ করে তিনি বলেন, ‘২০০৮ সালে আমি জোর দিয়ে বলেছিলাম, ধোনিকে সিএসকে-র অংশ হতেই হবে। পরে বুঝেছি, সেটাই ছিল আমার নেওয়া সেরা সিদ্ধান্ত। শুধু সিএসকে-র হয়ে ধোনির সাফল্যের জন্য নয়, মানুষ হিসেবে ও যেমন, সেই কারণেও এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ছিল। ধোনি সব সময় আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবে। চেন্নাই ওর ঘর হয়েই থাকবে।’
২০০৭ সালে ভারতের হয়ে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন ধোনি। সে সাফল্যের পরের বছরই আইপিএলের প্রথম মরসুমে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের দায়িত্ব পান তিনি। তার পর থেকে ধীরে ধীরে একটি ফ্র্যাঞ্চাইজ়ির সঙ্গে তাঁর সম্পর্ক ক্রিকেটের গণ্ডি ছাড়িয়ে শহরের আবেগের অংশ হয়ে ওঠে। গ্যালারিতে ধোনির নামে ওঠা গর্জন, ‘থালা’ নামে ডাকা, হলুদ জার্সিতে তাঁর উপস্থিতি আর কঠিন পরিস্থিতিতেও তাঁর উপর সমর্থকদের অগাধ আস্থা — সব মিলিয়ে চেন্নাইয়ের নিজস্ব ক্রিকেট-সংস্কৃতি গড়ে উঠেছে তাঁকে কেন্দ্র করেই। চেন্নাই সুপার কিংসের অন্যতম মালিক রূপা গুরুনাথও ধোনির অবদানের কথা স্মরণ করেছেন। তাঁর মতে, ধোনির মতো ক্রিকেটার বার বার জন্মান না। ফ্র্যাঞ্চাইজ়ির গোড়ার দিন থেকেই তাঁকে পাশে পাওয়াকে সৌভাগ্যের বলে মনে করেন রূপা। তাঁর কথায়, দলের আজকের অবস্থানের ভিত তৈরি করেছিলেন ধোনিই। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তাঁর নেতৃত্ব, বিনয়, দায়বদ্ধতা এবং সমর্থকদের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষমতাই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।
ধোনির নতুন দায়িত্ব প্রসঙ্গে রূপা বলেন, মেন্টর হিসেবে তিনি চেন্নাই পরিবারের অংশ হয়েই থাকবেন। তাঁর অভিজ্ঞতা আর ক্রিকেটীয় দক্ষতা দলের কাছে অত্যন্ত মূল্যবান। বিশেষত যখন দল নতুন করে নিজেদের গড়ে তোলার পথে এগোচ্ছে, তখন তরুণ ক্রিকেটারদের পথ দেখানোর ক্ষেত্রে ধোনির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের তৈরি করার জন্য তাঁর পরামর্শ ও দিকনির্দেশ কাজে লাগাতে চায় ফ্র্যাঞ্চাইজ়ি। দলের ম্যানেজিং ডিরেক্টর কে এস বিশ্বনাথনের কথাতেও ধোনির সঙ্গে চেন্নাইয়ের সম্পর্কের সে আবেগ স্পষ্ট। তিনি বলেন, ক্রিকেটার হিসেবে ধোনি যা অর্জন করেছেন, তা সমর্থকদের স্মৃতিতে চিরকাল থেকে যাবে। তবে তাঁকে সত্যিকারের অনন্য করে তুলেছে যে বিষয়টি, তা হল চেন্নাই শহরের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক। ধোনি যেমন এই শহরকে নিজের করে নিয়েছেন, তেমনই শহরের মানুষও তাঁকে আপনজন হিসেবে গ্রহণ করেছেন। তাঁর মতে, চেন্নাইয়ের সাফল্যের স্মৃতিতে শুধু ট্রফি নয়, সেই ট্রফি জয়ের পিছনে থাকা দলগত সংস্কৃতি এবং লড়াইয়ের মানসিকতাও থেকে যাবে।
চেন্নাই সুপার কিংসের হয়ে ১৭ বছরের দীর্ঘ যাত্রায় মহেন্দ্র সিং ধোনির সাফল্যের রেকর্ড ঈর্ষণীয়। তাঁর নেতৃত্বে ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ এবং ২০২৩ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। পাঁচটি খেতাব জিতে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুগ্ম ভাবে প্রতিযোগিতার সবচেয়ে সফল দল হয়ে উঠেছে তারা। এ ছাড়াও ২০১০ এবং ২০১৪ সালে দু-বার চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি খেতাব জিতেছে সিএসকে। ধোনির নেতৃত্বে মোট ১০ বার আইপিএলের ফাইনালে উঠেছে চেন্নাই।এ সাফল্যের ধারাবাহিকতা তৈরি করা সহজ ছিল না। ২০১৬ এবং ২০১৭ সালে দু-বছরের জন্য আইপিএল থেকে নির্বাসিত হয়েছিল চেন্নাই সুপার কিংস। সে সময় রাইজ়িং পুনে সুপারজায়ান্টের হয়ে খেলেন ধোনি। কিন্তু নির্বাসন কাটিয়ে ২০১৮ সালে আইপিএলে ফিরে প্রথম মরসুমেই চ্যাম্পিয়ন হয় চেন্নাই। সেই প্রত্যাবর্তনে ধোনির নেতৃত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২১ সালেও খেতাব জেতে তারা। শেষ বার ২০২৩ সালে গুজরাত টাইটান্সকে হারিয়ে পঞ্চম আইপিএল ট্রফি ঘরে তোলে সিএসকে। ২০২৩ সালের ফাইনালের স্মৃতি এখনও ক্রিকেটপ্রেমীদের মনে উজ্জ্বল। আমদাবাদের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেষ বলে রবীন্দ্র জাডেজার পর পর দু’টি বাউন্ডারিতে জয় নিশ্চিত হয়েছিল চেন্নাইয়ের। সতীর্থের সেই কৃতিত্বে উচ্ছ্বসিত ধোনি জাডেজাকে কোলে তুলে নিয়েছিলেন। অনেকের কাছেই সেই মুহূর্তটি ধোনির ক্রিকেট জীবনের উপযুক্ত সমাপ্তি হতে পারত। কিন্তু তখনই অবসর নিতে চাননি তিনি। হাঁটুর অস্ত্রোপচারের পরেও ২০২৪ সালের আইপিএলে ফিরে আসেন।
শেষ কয়েকটি মরসুমে ধোনির ব্যাটিংয়ের ভূমিকায় অবশ্য পরিবর্তন এসেছিল। ইনিংসের শুরুতে ব্যাট করতে নামার বদলে সাধারণত শেষ দিকে ক্রিজ়ে আসতেন তিনি। দলের রান বাড়ানোর জন্য অল্প সময়ের মধ্যে বড়ো শট খেলার দায়িত্ব নিতেন। ২০২৩ সালে ১০৪ রান করলেও তাঁর স্ট্রাইক রেট ছিল ১৮২-র বেশি। ২০২৪ সালে ১১টি ইনিংসে ১৬১ রান করেন তিনি। স্ট্রাইক রেট ছিল ২২০.৫৪। ২০২৫ সালে ১৪টি ম্যাচে তাঁর সংগ্রহ ছিল ১৯৬ রান। ২০২৫ সালের মরসুমে অধিনায়কত্বেও ফিরতে হয়েছিল তাঁকে। কনুইয়ের চোটে ঋতুরাজ গায়কোয়াড় ছিটকে যাওয়ায় দলের নেতৃত্বের দায়িত্ব ফের ধোনির হাতে যায়। কিন্তু সে মরসুমে প্রত্যাশা পূরণ করতে পারেনি চেন্নাই। পয়েন্ট তালিকার একেবারে শেষ স্থানে শেষ করে তারা। ২০২৬ সালের মরসুমে অবশ্য ফিটনেসের সমস্যায় একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি ধোনি। ‘সিএসকে’-র মালিক রূপা গুরুনাথ জানিয়েছেন, কয়েক মাস আগেই ক্রিকেটার হিসেবে খেলা চালিয়ে যাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন ধোনি। ক্রিকেটার ধরে রাখা নিয়ে আলোচনার সময় ফ্র্যাঞ্চাইজ়িকে তাঁকে ছেড়ে দেওয়ার কথাও বলেছিলেন তিনি। দীর্ঘদিনের হাঁটুর সমস্যা, বয়সের কারণে শারীরিক ধকল সামলানো ক্রমশ কঠিন হয়ে উঠছিল। শেষ পর্যন্ত ক্রিকেটার হিসেবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।
চেন্নাই সুপার কিংসের হয়ে ২৭২টি ম্যাচ খেলার নজির রয়েছে ধোনির। ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় তিনি শীর্ষে। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। চেন্নাইয়ের হয়ে তাঁর সংগ্রহ ৫,৩১৪ রান। সামগ্রিক আইপিএল কেরিয়ারে ২৭৮টি ম্যাচে ৫,৪৩৯ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ৩৮.৩০, স্ট্রাইক রেট ১৩৭.৪৫। রয়েছে ২৪টি অর্ধশতরান, ২৬৪টি ছক্কা এবং ৩৭৫টি চার। তবে ধোনির গুরুত্ব কেবল পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়। উইকেটের পিছনে তাঁর ক্ষিপ্রতা, ম্যাচের পরিস্থিতি দ্রুত বুঝে নেওয়ার ক্ষমতা, অপ্রত্যাশিত সময়ে বোলিং পরিবর্তন এবং চাপের মুখেও শান্ত থাকার দক্ষতা তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিপক্ষের পরিকল্পনা বুঝে পাল্টা কৌশল তৈরি করার ক্ষেত্রে তাঁর দক্ষতা ছিল অসাধারণ। অনেক সময় তুলনামূলক দুর্বল দল নিয়েও সেই ক্রিকেটীয় বুদ্ধিমত্তার জোরে ম্যাচ জিতেছে চেন্নাই। ধোনির জনপ্রিয়তা এতটাই ছিল যে, তাঁকে দলে রাখার সুবিধা করে দিতে আইপিএলের নিয়মেও পরিবর্তন আনা হয়েছিল। আনক্যাপড ক্রিকেটার সংক্রান্ত নিয়মের সংশোধনের ফলে চেন্নাইয়ের পক্ষে তাঁকে তুলনামূলক কম দামে দলে ধরে রাখার সুযোগ তৈরি হয়। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ভারতীয় ক্রিকেটারদের আনক্যাপড হিসেবে ধরে রাখার সে নিয়মকে ঘিরে তখন যথেষ্ট আলোচনা হয়েছিল। ধোনির মতো একজন ক্রিকেটারের উপস্থিতি যে শুধু একটি দলের নয়, গোটা আইপিএলের বাণিজ্যিক ও জনপ্রিয়তার ক্ষেত্রেও কতটা গুরুত্বপূর্ণ, সেই ঘটনা তারই ইঙ্গিত দিয়েছিল।
এ বার অবশ্য ক্রিকেটার হিসেবে ধোনির অধ্যায় শেষ। সম্প্রতি চেন্নাইয়ের কোচিং বিভাগেও পরিবর্তন এসেছে। স্টিফেন ফ্লেমিংয়ের পরিবর্তে প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন জাহির খান। মেন্টর হিসেবে ধোনির যোগদান সে পরিবর্তনেরই পরবর্তী পদক্ষেপ। দলের তরুণ ক্রিকেটারদের তৈরি করা, ক্রিকেটীয় সিদ্ধান্তে অভিজ্ঞতার প্রতিফলন ঘটানো এবং চেন্নাইয়ের দীর্ঘদিনের সাফল্যের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে তাঁর নতুন দায়িত্ব। ধোনি খেলোয়ার হিসাবে মাঠে থাকবেন না, কিন্তু চেন্নাইয়ের ক্রিকেটীয় পরিকল্পনায় তাঁর উপস্থিতি থাকবে। যে অধিনায়ক এক সময় নিজের হাতে দলকে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন, এ বার তাঁর কাজ সেই সাফল্যের উত্তরসূরি তৈরি করা। চিপকের গ্যালারিতে হয়তো আর তাঁর ব্যাটিং দেখতে পাওয়ার অপেক্ষা থাকবে না। কিন্তু হলুদ জার্সিতে মাহিকে ঘিরে সমর্থকদের আবেগ যে এত সহজে ফুরোবে না, তা বলাই যায়। ক্রিকেটার ধোনির বিদায় তাই চেন্নাই সুপার কিংসের কাছে এক যুগের অবসান, আবার একই সঙ্গে নতুন এক অধ্যায়ের সূচনা।
❤ Support Us







