Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • নভেম্বর ১৯, ২০২৬

উত্তপ্ত বাংলাদেশে অগ্নিসংযোগ ইউনুসের পৈতৃক বাড়িতে ! বিএনপি-আওয়ামি সংঘর্ষে মৃত ২, বৃহস্পতিবার দেশজুড়ে বন্‌ধের ডাক আওয়ামি লিগের, হাসিনার শিক্ষামন্ত্রী মধ্যরাতে গ্রেফতার

আরম্ভ ওয়েব ডেস্ক
উত্তপ্ত বাংলাদেশে অগ্নিসংযোগ ইউনুসের পৈতৃক বাড়িতে ! বিএনপি-আওয়ামি সংঘর্ষে মৃত ২, বৃহস্পতিবার দেশজুড়ে বন্‌ধের ডাক আওয়ামি লিগের, হাসিনার শিক্ষামন্ত্রী মধ্যরাতে গ্রেফতার

বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে । শ্রমিক আন্দোলনের রেশ কাটতে না কাটতেই আবর হিংসার আগুনে জ্বলে উঠেছে বাংলাদেশ। ২৮টি জেলায় সহিংসতা, অগ্নিসংযোগ ও বোমা হামলার ঘটনা ঘটেছে । চট্টগ্রামে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন প্রধান মুহাম্মদ ইউনুসের পৈতৃক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে । পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জন আহত হয়েছেন । প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ দেশব্যাপী বন্ধ ঘোষণা করার পর এই সহিংসতার ঘটনা ঘটে।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরের পাঁচলাইশ এলাকার মুহাম্মদ ইউনুসের পৈতৃক বাড়িতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আগুন ধরিয়ে দেয়। প্রথমে বাড়িটির নিচতলায় আগুন লাগে। বাড়িটির আশপাশের এলাকায় পুলিশের টহলদারী দল ছিল। তারাই প্রথমে খবর পেয়ে ছুটে আসে। পরে তাঁরা আগুন নিভিয়ে ফেলেন। ঘটনায় কে বা কারা জড়িত তা তদন্ত করছে পুলিশ। বাড়িটির দ্বিতীয় ও তৃতীয় তলায় মুহাম্মদ ইউনুসের দুই ভাইয়ের পরিবার থাকে। ইউনূসের শৈশব–কৈশোর কেটেছে এই বাড়িতে। ঘটনার পর থেকে ওই বাড়ির আশপাশে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ইউনুসের পৈতৃক বাড়িতে ছাড়াও বাংলাদেশের বিভিন্ন এলাকায় তাঁর গ্রামীণ ব্যাঙ্কের শাখাতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কয়েক দিন আগে চট্টগ্রামের আনোয়ারা ও সাতকানিয়ায় গ্রামীণ ব্যাঙ্কের দুটি শাখায় আগুন দেয় দুর্বৃত্তরা। গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা অধ্যাপক ইউনূসের মূল পৈতৃক বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে।  প্রধানমন্ত্রী তারিক রহমানের দল বিএনপির কর্মীদের বিরুদ্ধে ঢাকায় দুই আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। হিংসতার পরিপ্রেক্ষিতে পুলিশ ঢাকায় নিরাপত্তা জোরদার করেছে। প্রধান ফ্লাইওভারগুলিতে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে। শহরে প্রবেশের সড়কগুলিতে যানবাহন তল্লাশি করা হচ্ছে। মোটরসাইকেল চালক ও সন্দেহভাজন চালকদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, হাসিনার ফেরার ঘোষণায় বাংলাদেশে উত্তেজনা বেড়েই চলেছে। আওয়ামী লীগ বৃহস্পতিবার দেশব্যাপী বন্ধ ঘোষণা করেছে। এই দিনটি গত বছর বিশেষ আদালতের সেই রায়ের বার্ষিকী, যেখানে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ছাত্র আন্দোলনের জেরে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ৭৯ বছর বয়সী হাসিনা ভারতেই রয়েছেন। বাংলাদেশ সরকার ভারত থেকে তাঁর প্রত্যর্পণের দাবি জানাচ্ছে। লকডাউনের আগে ঢাকার পুলিশ ২৪ ঘণ্টার অভিযান চালিয়ে ৫৬৫ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে হাসিনার সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও রয়েছেন। বুধবার মধ্যরাতে তাঁকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়।

আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঠেকাতে সব গণতান্ত্রিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারিক রহমান। এদিকে, নড়াইলে বিএনপির এক মিছিলে হামলায় দুই স্থানীয় নেতা নিহত হয়েছেন । ফরিদপুর ও পিরোজপুরেও একজন বিএনপি নেতা ও একজন বাসকর্মী নিহত হয়েছেন। গত দুই দিনে বিএনপির অন্তত দুটি কার্যালয় ও এক নেতার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে । এছাড়া, আওয়ামী লীগের দুটি কার্যালয় এবং নিষিদ্ধ দলটির নেতাদের পাঁচটি সম্পত্তিতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

দেশের ৬৪টি জেলার মধ্যে ২৮টিতে কয়েক ডজন হাতে তৈরি বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সরকার সংবেদনশীল এলাকাগুলোতে হাজার হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, অডিও ও ভিডিও প্রমাণের ভিত্তিতে হিংসার সঙ্গে যুক্ত অপরাধীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!