Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • নভেম্বর ২১, ২০২৬

‘ব্রেক দ্য লিমিটস’, আইআইটি খড়গপুরের পড়ুয়াদের বিকশিত ভারতের পাঠ প্রধানমন্ত্রী মোদির

আরম্ভ ওয়েব ডেস্ক
‘ব্রেক দ্য লিমিটস’, আইআইটি খড়গপুরের পড়ুয়াদের বিকশিত ভারতের পাঠ প্রধানমন্ত্রী মোদির

আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে দাঁড়িয়ে দেশের প্রযুক্তিগত অগ্রগতি, আত্মনির্ভরতা এবং ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে অতীতের সরকারগুলির শিল্পনীতি ও দারিদ্র্য মোকাবিলার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে রাজনৈতিক আক্রমণও শানালেন তিনি। বিশেষ করে পাঁচ দশক আগে ভারতে সেমিকন্ডাক্টর শিল্প গড়ে তোলার উদ্যোগকে বাধা দেওয়ার অভিযোগ তুলে বামপন্থীদের নিশানা করেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, সে সময় লাল ঝান্ডা দেখিয়ে একটি সংস্থাকে দেশ ছেড়ে যেতে বাধ্য করা হয়েছিল। শনিবার আইআইটি খড়গপুরের প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য দূরীকরণ, মহাকাশ গবেষণা ও দেশের শিল্পায়ন, চিপ থেকে শুরু করে জাহাজ — প্রযুক্তি ও উৎপাদনের একাধিক ক্ষেত্রে ভারতকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যেই এগোচ্ছে কেন্দ্রীয় সরকার। 

গরুর গাড়ি থেকে বুলেট ট্রেন। স্বাধীনতার পর প্রযুক্তি ও পরিকাঠামোর হাত ধরে দীর্ঘ পথ পেরিয়েছে ভারত। এ বার লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’। সে লক্ষ্যপূরণে দেশের তরুণ প্রজন্ম এবং প্রযুক্তি প্রতিষ্ঠানের পড়ুয়াদেরই অগ্রণী ভূমিকা নিতে হবে, এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি। আইআইটি খড়গপুরের ৭৫ বছরের ইতিহাসকে স্বাধীনতা-পরবর্তী ভারতের বিবর্তনের সঙ্গে তুলনা করেন মোদি। তিনি বলেন, এ প্রতিষ্ঠান দেশের বহু পরিবর্তনের সাক্ষী। গত সাত দশকে প্রযুক্তি, যোগাযোগ ও পরিবহণের ক্ষেত্রে ভারত যে দীর্ঘ পথ অতিক্রম করেছে, তারই প্রতিফলন দেখা যায় আইআইটির যাত্রায়। ৭৫ বছরে গরুর গাড়ি থেকে বুলেট ট্রেনে পৌঁছে গিয়েছে ভারত। তাঁর মতে, ভারতের প্রথম সাধারণ নির্বাচনের আগেই এই প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল। স্বাধীনতার পর দেশ গঠনের যে স্বপ্ন নিয়ে আইআইটি খড়্গপুরের পথচলা শুরু, তার বাস্তবায়নে প্রতিষ্ঠানের পড়ুয়া ও প্রাক্তনীদের অবদান অনস্বীকার্য।

অনুষ্ঠানে পড়ুয়াদের উদ্দেশে প্রধানমন্ত্রীর অন্যতম বার্তা ছিল, চিন্তাভাবনার সীমাবদ্ধতা ভেঙে বৃহৎ স্বপ্ন দেখতে হবে। ‘ব্রেক দ্য লিমিট’— এ মন্ত্রেই তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, অনেক সময় মানুষ নিজের সামর্থ্য সম্পর্কে আগাম একটা সীমা তৈরি করে নেয়। সেই সীমাবদ্ধ বিশ্বাসই স্বপ্ন ও প্রতিভার বিকাশে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু বড়ো লক্ষ্য অর্জন করতে গেলে সেই মানসিকতা থেকে বেরিয়ে আসা জরুরি। প্রধানমন্ত্রী দৃপ্ত ভঙ্গিমায় বলেন, ‘চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ জানানোই আমার স্বভাব।’ তাঁর দাবি, গত কয়েক বছরে ভারতও সেই মানসিকতা নিয়েই এগোচ্ছে। প্রচলিত ধারণা এবং দীর্ঘদিনের বাধা অতিক্রম করে নতুন নতুন ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষে ভারতকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে লক্ষ্য কেন্দ্রীয় সরকার নিয়েছে, তাতে আইআইটি খড়গপুরের পড়ুয়াদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, আগামী দুই দশক দেশের ভবিষ্যতের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে প্রযুক্তিগত উদ্ভাবন, গবেষণা এবং নতুন শিল্প গড়ে তোলার ক্ষেত্রে তরুণদেরই নেতৃত্ব দিতে হবে।

পাশাপাশি, দেশের সামনে কোনো বড়ো সমস্যা দেখা দিলে তার সমাধান খুঁজে বের করার দায়িত্বও নিতে হবে পড়ুয়াদের। সে প্রসঙ্গেই পড়ুয়াদের ‘নেশন ফার্স্ট’ বা দেশকে সবার আগে রাখার আদর্শে উদ্বুদ্ধ করেন নরেন্দ্র মোদি। তাঁর বক্তব্য, ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশের প্রয়োজন ও স্বার্থকে অগ্রাধিকার দিতে পারলেই বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়িত হবে। দারিদ্র্য দূরীকরণের প্রসঙ্গেও এ দিন পূর্ববর্তী সরকারগুলিকে আক্রমণ করেন তিনি। নাম না করে ইন্দিরা গান্ধীর ‘গরিবি হটাও’ স্লোগানের দিকে ইঙ্গিত করে তাঁর অভিযোগ, কয়েক দশক ধরে দারিদ্র্য দূর করার কথা বলা হলেও সে লক্ষ্যে যথাযথ পদক্ষেপ করা হয়নি। একসময় এমন ধারণা তৈরি হয়েছিল যে, দারিদ্র্য দূর করা সম্ভব নয়। সেই মানসিকতা বদলানোর সাহস কেউ দেখাননি বলেও দাবি করেন তিনি। প্রধানমন্ত্রীর দাবি, ক্ষমতায় আসার পর তাঁর সরকার দারিদ্র্য মোকাবিলায় পরিকল্পিত ভাবে কাজ শুরু করে। দরিদ্র পরিবারের জন্য শৌচাগার নির্মাণের ঘোষণা থেকে শুরু করে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার পরিবর্তনের চেষ্টা হয়েছে।

নিজের সরকারের সাফল্যের খতিয়ান দিতে গিয়ে প্রধানমন্ত্রী দাবি করেন, গত ১২ বছরে ৫০ কোটিরও বেশি মানুষকে দারিদ্র্যসীমার বাইরে নিয়ে আসা সম্ভব হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ব ব্যাঙ্কের রিপোর্টের উল্লেখও করেন তিনি। তাঁর বক্তব্য, সরকারের লক্ষ্য শুধু দরিদ্র মানুষের হাতে সুযোগ পৌঁছে দেওয়া নয়, তাঁদের আর্থিক ও সামাজিক ভাবে শক্তিশালী করে তোলা। সে কারণেই ‘পাওয়ার’ থেকে ‘এমপাওয়ার’-এর পথে এগোনোর কথা বলেন প্রধানমন্ত্রী। যদিও এই পরিসংখ্যান ও সরকারের সাফল্য সম্পর্কে তাঁর দাবির বিস্তারিত ব্যাখ্যা অনুষ্ঠানে দেননি তিনি। তবে শনিবারের বক্তৃতায় রাজনৈতিক আক্রমণের সবচেয়ে স্পষ্ট সুর শোনা যায় শিল্পায়ন ও সেমিকন্ডাক্টর উৎপাদনের প্রসঙ্গে। অতীতের বামপন্থী রাজনীতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, প্রায় পাঁচ দশক আগে ভারতে সেমিকন্ডাক্টর উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু একটি সংস্থাকে লাল ঝান্ডা দেখিয়ে দেশ ছেড়ে যেতে বাধ্য করা হয় বলে অভিযোগ তাঁর। প্রধানমন্ত্রীর বক্তব্য, সেই সময় দূরদর্শী শিল্পনীতি গ্রহণ করা হলে প্রযুক্তির ক্ষেত্রে ভারত আরও অনেকটা এগিয়ে যেতে পারত। অতীতের সেই ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমান সরকার সেমিকন্ডাক্টর উৎপাদনে জোর দিয়েছে। তাঁর দাবি, মাত্র চার বছরের মধ্যে দেশে সেমিকন্ডাক্টর উৎপাদনের পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পক্ষেত্রে ভারতকে স্বনির্ভর করে তোলাই সরকারের লক্ষ্য।

মহাকাশ গবেষণার ক্ষেত্রেও বেসরকারি উদ্যোগের প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, একসময় মহাকাশ গবেষণা ও প্রযুক্তির ক্ষেত্রে ‘ইসরো’র কাজকর্ম নানা বিধিনিষেধের মধ্যে সীমাবদ্ধ ছিল। বেসরকারি সংস্থার প্রবেশের সুযোগও ছিল সীমিত। কিন্তু বর্তমান সরকার সে ক্ষেত্র খুলে দিয়েছে। এর ফলে নতুন প্রজন্মের উদ্যোগপতি, গবেষক ও প্রযুক্তিবিদদের সামনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর মতে, প্রযুক্তির কোনো ক্ষেত্রেই ভারতকে আর পিছিয়ে থাকার মানসিকতা নিয়ে চললে হবে না। গবেষণা থেকে উৎপাদন — সব ক্ষেত্রেই দেশকে নিজের শক্তিতে এগিয়ে যেতে হবে। বাংলার ইতিহাস ও ঐতিহ্যের কথাও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তৃতায়। পশ্চিমবঙ্গকে নতুন চিন্তা, ভাবনা, স্বাধীনতা সংগ্রামের অন্যতম পীঠস্থান হিসেবে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এই মাটির সঙ্গে জড়িয়ে রয়েছে বহু স্বাধীনতা সংগ্রামীর আত্মত্যাগ। তাঁরা এমন একটি ভারতের স্বপ্ন দেখেছিলেন, যে দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। সেই আকাঙ্ক্ষাকে আত্মনির্ভরতার শক্তিতে রূপান্তরিত করাই এখন দেশের সামনে অন্যতম চ্যালেঞ্জ। তাঁর মতে, বিকশিত ভারত গড়ার যাত্রায় প্রযুক্তি, শিক্ষা ও উদ্ভাবনের পাশাপাশি জাতীয় আত্মবিশ্বাসও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এ দিনের অনুষ্ঠানে বিশেষ স্মারক মুদ্রা উন্মোচনের কর্মসূচিও ছিল। পাশাপাশি প্রতিষ্ঠানের চিকিৎসাবিজ্ঞানের নতুন পাঠক্রমের জন্য তৈরি পরিকাঠামো ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। কয়েক জন পড়ুয়ার সঙ্গে কথাও বলেন তিনি। নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার সকাল ১০টার কিছু পরে খড়্গপুরে পৌঁছন প্রধানমন্ত্রী মোদি। প্রথমে কলাইকুণ্ডায় অবতরণের পর হেলিকপ্টারে আইআইটি ক্যাম্পাসে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু বৃষ্টির কারণে আবহাওয়া প্রতিকূল হয়ে ওঠায় সফরসূচিতে পরিবর্তন করা হয়। শেষ পর্যন্ত সড়কপথে আইআইটি খড়্গপুরে পৌঁছন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আইআইটি খড়্গপুরের অধিকর্তা সুমন চক্রবর্তী প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানান। প্রতিষ্ঠানের ৭৫ বছরের যাত্রাকে স্মরণ করার পাশাপাশি আগামী দিনের প্রযুক্তিগত অগ্রগতির রূপরেখাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যের নির্যাস, অতীতের সাফল্যে সন্তুষ্ট হয়ে বসে থাকলে চলবে না। প্রচলিত সীমাবদ্ধতা ভেঙে নতুন উদ্ভাবন, গবেষণা ও শিল্পের পথে এগোতে হবে। সে কাজে আইআইটি খড়্গপুরের তরুণ প্রজন্মকেই অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!