Advertisement
  • বি। দে । শ
  • নভেম্বর ২১, ২০২৬

অগ্নিগর্ভ বাংলাদেশ ! আট জেলায় বিপুল সৈন্য মোতায়েন, চলছে ধরপাকড়। বহিঃশক্তির ইন্ধন অভিযোগ বাংলাদেশ প্রধানমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
অগ্নিগর্ভ বাংলাদেশ ! আট জেলায় বিপুল সৈন্য মোতায়েন, চলছে ধরপাকড়। বহিঃশক্তির ইন্ধন অভিযোগ বাংলাদেশ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। রাজধানী ঢাকা থেকে গোপালগঞ্জ, সিলেট থেকে নারায়ণগঞ্জ — দেশের বিভিন্ন প্রান্তে ছড়াচ্ছে অশান্তি। কোথাও বাসে আগুন, কোথাও রেললাইন ও থানায় অগ্নিসংযোগ, কোথাও আবার রাজনৈতিক নেতা ও তাঁদের পরিবারের বাড়িতে হামলার অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে আটটি জেলায় ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে তারেক রহমানের সরকার। প্রস্তুত রাখা হয়েছে আরও চার প্লাটুন সেনা। এর মধ্যেই বাংলাদেশের অশান্তির পিছনে বিদেশি মদতের অভিযোগ তুলেছেন জিয়াপুত্র। যদিও সরাসরি কোনো রাষ্ট্রের নাম উল্লেখ করেননি। পাল্টা প্রতিক্রিয়ায় বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে না চাইলেও দু–দেশের সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছে দিল্লি।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণা করেছেন। ২৪ সালের জুলাই-অগস্টে ছাত্র-জনতার গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আত্মগোপনে রয়েছেন তিনি। জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। এ আবহে হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে পদ্মাপারে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠছে। পাল্টা হামলার নিশানায় পড়ছেন বিএনপি ও আওয়ামী লীগের নেতা-মন্ত্রীদের বাড়িও। একই সঙ্গে পথে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।  

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বহু জেলায় নাশকতার ঘটনা ঘটেছে। দু–টি ট্রেন ও রেললাইনে আগুন ধরানোর অভিযোগও উঠেছে। পুড়েছে অন্তত ২০টি বাস। একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ, সরকারি সম্পত্তিতে হামলা এবং রাজনৈতিক নেতাদের বাড়িতে ভাঙচুরের খবর মিলেছে। একদা আওয়ামী লীগের শক্তঘাঁটি বলে পরিচিত গোপালগঞ্জ ছাড়াও সিলেট, নারায়ণগঞ্জ, ফেনী, বাগেরহাট, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, গাজীপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, রাজশাহী, নেত্রকোণা এবং পাবনায় অশান্তির ঘটনা ঘটেছে। সিলেটে বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাড়ির সামনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও তাতে বড়ো  ধরণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে খবর। রাজশাহিতে প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতেও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ফরিদপুরে বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। নোয়াখালিতে নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে গ্রামীণ ব্যাঙ্কের একটি আঞ্চলিক শাখায় হামলা চালানো হয় বলে অভিযোগ। দফতরের সামনের দরজায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়াও বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতা এবং তাঁদের পরিবারের সম্পত্তিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

অশান্তির আঁচ পৌঁছেছে প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পরিবারেও। চট্টগ্রামে তাঁর পৈতৃক ভিটেতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিএনপির এক সংসদ সদস্যের বাড়িতেও হামলার চেষ্টা হয় বলে খবর। গোপালগঞ্জে বিএনপি সাংসদ সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই দিন দুপুরে মুকসুদপুর থানায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। থানার ভিতরে থাকা পুলিশের গাড়ি-সহ একাধিক যানবাহনও পুড়িয়ে দেওয়া হয়। এর আগে মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানাতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। শুধু রাজনৈতিক সংঘর্ষ নয়, অশান্তির প্রভাব পড়েছে বাংলাদেশের শিল্পাঞ্চলেও। বিভিন্ন জেলায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলছে। তার পিছনে আওয়ামী লীগের শ্রমিক সংগঠনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছে তারেকের সরকার। বিএনপি নেতৃত্বের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন সংগঠনকে ব্যবহার করে দেশে অস্থিরতা তৈরি করতে চাইছে। যদিও এই অভিযোগের স্বপক্ষে কোনো প্রমাণ সামনে আসেনি।

এ পরিস্থিতিতে হাসিনার বিরুদ্ধে আরও আক্রমণাত্মক হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রাহুল কবির রিজভী। শুক্রবার যশোরের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি দাবি করেন, দেশ জুড়ে বিশৃঙ্খলা তৈরি করে নতুন করে আন্দোলন গড়ে তুলতে চান হাসিনা। সে আন্দোলনের জন্য তাঁর ‘লাশ’ প্রয়োজন। রাহুলের অভিযোগ, গণতন্ত্রবিরোধী শক্তি ছাত্র-জনতার তাড়া খেয়ে দেশ ছেড়ে পালিয়ে এখন বিদেশ থেকে সন্ত্রাসে মদত দিচ্ছে। তাদের হাতে অর্থের অভাব নেই। সেই অবৈধ অর্থ ব্যবহার করে গাড়িতে আগুন লাগানো হচ্ছে। শুধু বিএনপি নেতা-কর্মীরাই নন, অতীতে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের বাড়িতেও হামলা চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি। পুলিশ-প্রশাসনের ভিতরেও এখনো গণতন্ত্রবিরোধী শক্তি লুকিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা। তাঁর অভিযোগ, প্রশাসনের একাংশের নিষ্ক্রিয়তার সুযোগেই অশান্তি বাড়ছে। অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানও বিদেশ থেকে অশান্তিতে মদত দেওয়ার অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, ‘যথেষ্ট হয়েছে। আমরা এই সন্ত্রাসী, অগ্নিসংযোগকারী এবং খুনিদের পরিষ্কার বার্তা দিতে চাই।’ নাম না করে হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে নিশানা করে তাঁর অভিযোগ, দেশের বাইরে আশ্রয় নেওয়া একটি গোষ্ঠী বিদেশি প্রভুদের খুশি করতে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারেকের বক্তব্যে বিদেশি মদতের অভিযোগের পাশাপাশি ভারতের দিকে ইঙ্গিত রয়েছে বলেই মনে করছে কূটনৈতিক মহল।

বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও আওয়ামী লীগের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন। তাঁর কটাক্ষ, ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে। সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশে হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তারেক রহমানের বক্তব্য, বাংলাদেশের অভ্যন্তরীণ  পরিস্থিতি নিয়ে অবশ্য  সুস্পষ্ট প্রতিক্রিয়া দেয়নি দিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আমি কোনো মন্তব্যই করব না।’ তবে একই সঙ্গে দুই দেশের সম্পর্ক নিয়ে দিল্লির অবস্থান স্পষ্ট করেছেন তিনি। তাঁর বক্তব্য, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং দূরদর্শিতাসম্পন্ন সম্পর্ক বজায় রাখতে চায়। দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক, সাধারণ মানুষের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যের উপরেই সে সম্পর্কের ভিত্তি। ফলে তারেকের অভিযোগের সরাসরি পাল্টা বিতর্কে না গিয়ে কূটনৈতিক অবস্থানেই থেকেছে ভারত।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার থেকে আটটি জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে বাংলাদেশের সরকার। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা, ঢাকা মহানগর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর এবং কক্সবাজারে বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরে পাঁচ, নারায়ণগঞ্জে ছয়, গাজীপুরে ১৫, গোপালগঞ্জে ২৯, ময়মনসিংহে দু’টি, ফরিদপুরে পাঁচ এবং কক্সবাজারে ছয় প্লাটুন বিজিবি দায়িত্ব পেয়েছে। এক একটি প্লাটুনে সাধারণত ৩০ থেকে ৪০ জন জওয়ান থাকেন। পরিস্থিতির আরও অবনতি হলে ব্যবহারের জন্য চার প্লাটুন সেনাও প্রস্তুত রাখা হয়েছে। গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে বিশেষ উদ্বেগ রয়েছে প্রশাসনের। শুক্রবার জেলার নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে যান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মহম্মদ আলি হোসেন ফকির। তাঁর সঙ্গে ছিলেন বিজিবি এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক। জেলার বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখেন বলে জানা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে একের পর এক থানা, সরকারি সম্পত্তি এবং রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলার পর এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অশান্তির জেরে ব্যাহত বাংলাদেশের রেল ও সড়ক যোগাযোগও। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জে সাময়িক ভাবে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধু জেলার ভিতরে চলাচলকারী ট্রেন নয়, গোপালগঞ্জের উপর দিয়ে যাওয়া ট্রেনগুলিও বাতিল রাখা হয়। ফলে সমস্যায় পড়েন যাত্রীরা। বুধবার সন্ধ্যা থেকে ঢাকা-খুলনা মহাসড়কেও যান চলাচল বন্ধ করে দিয়েছিল প্রশাসন। ওই রাস্তা গোপালগঞ্জের উপর দিয়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত বলে জানিয়েছে ঢাকা। প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল থেকে ফের দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতের পর নতুন করে বড় কোনও অশান্তির খবর না মেলায় গোপালগঞ্জের মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। ‘প্রথম আলো’-র আর একটি প্রতিবেদন অনুযায়ী, ৭ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ৭৪টি বাস ও অন্যান্য যানবাহনে আগুন লাগানো হয়েছে। ৭৮টি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনটি থানায় অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের ১৮টি গাড়িতেও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। নাশকতা ও সংঘর্ষের ঘটনায় প্রাণহানিও ঘটেছে। নড়াইলে বিএনপির একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষে তিন বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর। এ ছাড়া বাসে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে এক চালকের মৃত্যু হয়েছে। ফরিদপুর ও নড়াইলের ঘটনায় বিএনপির তিন নেতা-কর্মী-সহ বিভিন্ন সংঘর্ষে অন্তত পাঁচজনের মৃত্যুর খবর সামনে এসেছে।

নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় পুলিশও ধরপাকড় শুরু করেছে। ঢাকায় গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ আওয়ামী লীগ, তার বিভিন্ন শাখা সংগঠনের ৭১ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।  তাঁদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ সরকারের প্রাক্তন মন্ত্রী নজরুল ইসলাম হিরু। এর আগে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করা হয়েছিল। তার পরেই আটক করা হয় ছোটোপর্দার পরিচিত অভিনেতা তমাল মেহবুবকে। বৃহস্পতিবার রাতে ঢাকার আজিমপুরের বাড়ি থেকে তাঁকে আটক করে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানিয়েছে, আপাতত কোনো নির্দিষ্ট মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়নি। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ ও উস্কানিমূলক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। দুই অভিনেতার নামই অতীতে ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গোষ্ঠীকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছিল।

অন্যদিকে, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি পৃথক কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার রাজধানী ঢাকা-সহ বিভিন্ন এলাকায় মিছিল করেন বিএনপির নেতা-কর্মীরা। জামায়াতে ইসলামীও হাসিনার প্রত্যাবর্তন রুখতে পথে নামার কথা জানিয়েছে। জামাতের নির্বাচনী মিত্র এনসিপি-কে সঙ্গে নিয়ে নভেম্বরের বাকি দিন, ডিসেম্বর জুড়ে কর্মসূচি ঘোষণা করেছে। বিরোধী জোটের শরিক ‘বাংলাদেশ খেলাফত মজলিস’ও আন্দোলনের ডাক দিয়েছে।   তবে আওয়ামী লীগকে কী ভাবে রাজনৈতিক ভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে বিএনপি ও জামাতের মধ্যে সমীকরণ এখনো স্পষ্ট নয়। এক সময়ে প্রায় ২৩ বছর এক জোটে ছিল বিএনপি ও জামায়াতে ইসলামী। ২০২২ সালে সেই জোট ভেঙে যায়। যদিও ২০২৪ সালে হাসিনা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে দু–পক্ষই অংশ নিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি ও জামাত এখন পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। তারেক রহমানের সঙ্গে জামাতের আমির শফিকুর রহমানের বৈঠক হয়েছে বলেও খবর। কিন্তু সে বৈঠকের পরেও যৌথ মঞ্চ থেকে কর্মসূচি করার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে সূত্রের খবর।

এর মধ্যেই গণতান্ত্রিক শক্তিগুলির মধ্যে ঐক্যের প্রশ্নে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশের সংসদ অধিবেশনের সমাপ্তি ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী সব গণতান্ত্রিক শক্তিকে জুলাই গণঅভ্যুত্থানের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। বিরোধী দলের নেতাও তাঁর ভাষণে গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে সেই ঐক্য আরও সুদৃঢ় করার কথা বলেন। কিন্তু ঐক্যের শর্ত নিয়ে সরকার ও বিরোধী শিবিরের মধ্যে এখনও মতৈক্য হয়নি। জোটের নেতাদের দাবি, গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে সরকারকে স্পষ্ট অবস্থান নিতে হবে। এ দাবিকেই ঐক্যের ভিত্তি হিসেবে তুলে ধরছে তারা। বিএনপি এখনো সেই শর্ত পূরণের বিষয়ে নির্দিষ্ট কোনো বার্তা দেয়নি। ফলে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতার মধ্যে পরবর্তী বৈঠকের দিনক্ষণও চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার বিরোধী দলের নেতার সরকারি বাসভবনে ১১ দলের বৈঠক হয়। বৈঠকের পর সরকারকে জানানো হয়েছে, হাসিনার প্রত্যাবর্তন রুখতে জামাত-নেতৃত্বাধীন জোটের শরিকেরা পথে নামবে।

তবে রাজনৈতিক ঐক্য হলেও এক মঞ্চ থেকে কর্মসূচি করার সম্ভাবনা আপাতত কম বলেই মনে করছে বিশ্লেষকদের একাংশ। তারেক রহমান ও বিরোধী দলের নেতার আলোচনায় যৌথ গণমিছিলের প্রসঙ্গ উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই ভাবনা থেকে সরে এসেছে দু–পক্ষই। তাদের আশঙ্কা, এক মঞ্চে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করলে নিষিদ্ধ দল ও শেখ হাসিনাই রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে আসবেন। তাতে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ অপ্রত্যাশিত গুরুত্ব পেতে পারে। বিএনপি সরকারের একাংশের ধারণা, আওয়ামী লীগের উস্কানিতে পা দিয়ে প্রশাসন যদি অতিরিক্ত বলপ্রয়োগ করে, তা হলে হাসিনার দল রাজনৈতিক ভাবে লাভবান হতে পারে। সে কারণেই সরাসরি পাল্টা হিংসার পথে না হেঁটে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পদক্ষেপ করতে চাইছে তারেক প্রশাসন। অন্যদিকে, বিএনপি ও জামাতের একাংশের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা রুখতে আরও কঠোর হওয়া প্রয়োজন। ফলে একদিকে নিরাপত্তা বাহিনীর মোতায়েন, অন্যদিকে রাজনৈতিক কর্মসূচি—দুই পথেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।

হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে বাংলাদেশের রাজনৈতিক সংঘাত যে নতুন মাত্রা পেয়েছে, তা স্পষ্ট। আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থানের চেষ্টা, বিএনপি সরকারের পাল্টা অবস্থান, জামায়াতে ইসলামীর পৃথক কর্মসূচি, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এবং দেশ জুড়ে অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা — সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। তার উপর গণতান্ত্রিক শক্তিগুলির ঐক্য, জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়ে সরকার ও বিরোধীদের মধ্যে মতানৈক্য কাটেনি। ডিসেম্বর মাসে হাসিনা সত্যিই দেশে ফেরেন কি না, আর তার আগে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!