Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২৪, ২০২৬

২০২৭-এর পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-আকালির জোট বার্তা শাহের

আরম্ভ ওয়েব ডেস্ক
২০২৭-এর পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-আকালির জোট বার্তা শাহের

পাঞ্জাবের রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত । দীর্ঘ ছয় বছরের বিচ্ছেদের অবসান ঘটিয়ে ফের একজোট হল বিজেপি এবং শিরোমণি অকালি দল (SAD)। আগামী ২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুই দলের জোটের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে । রাজধানী দিল্লিতে গুরু পরব উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল।

গত কয়েক সপ্তাহ ধরেই দুই পুরনো শরিকের ফের জোট বাঁধা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল । অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণা করা হল ।

জোট ঘোষণার পর অমিত শাহ বলেন, “এটা অত্যন্ত আনন্দের বিষয় যে এনডিএ-র সবচেয়ে পুরনো শরিক অকালি দল আবার এনডিএ-তে ফিরে এসেছে ।” তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই জোটের খবরে খুশি হয়েছেন । তাঁর মতে, এই জোট হিন্দু-শিখ ভ্রাতৃত্বের প্রতীক হয়ে উঠবে ।

অমিত শাহ বলেন, “বাদল সাহেবের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক । বিজেপি এবং অকালি দলের মধ্যেও বহু বছরের গভীর সম্পর্ক রয়েছে । আমার বিশ্বাস, এই জোট শুধু পাঞ্জাবেই নয়, গোটা দেশ তথা বিশ্বের কাছে হিন্দু-শিখ ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক হয়ে উঠবে।”

মুখ্যমন্ত্রী হবেন অকালি দলের নেতা, স্পষ্ট বার্তা অমিত শাহের :

জোটের ঘোষণা হলেও এখনও পর্যন্ত আসন ভাগাভাগির চূড়ান্ত সমীকরণ প্রকাশ করা হয়নি । তবে জোটে কোন দল বড় শরিক থাকবে, তা নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন অমিত শাহ । তিনি জানিয়ে দিয়েছেন, এই জোটে অকালি দলই বড় শরিক হিসেবে থাকবে এবং পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রীও হবেন অকালি দলের নেতা ।

এ প্রসঙ্গে শাহ বলেন, “বড় ভাই মুখ্যমন্ত্রী হন ।” পাশাপাশি তিনি জানান, পাঞ্জানের মোট ১১৭টি বিধানসভা আসনেই দুই দল জোটবদ্ধভাবে নির্বাচনে লড়বে । তবে কোন দল কতগুলি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সে বিষয়ে আলোচনা এখনও চলছে ।
সূত্রের খবর, আসন সমঝোতায় বিজেপি প্রায় ৪০টি আসনে লড়তে পারে । এমনটা হলে ২০২০ সালের আগে অকালি দলের সঙ্গে জোটে থাকাকালীন বিজেপি যে ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করত, তার তুলনায় এবার আসনসংখ্যা প্রায় দ্বিগুণ হতে পারে। অন্যদিকে, অকালি দল প্রায় ৯৪টি আসনে লড়ত বলে অতীতে দেখা গিয়েছে।

২০২০ সালে কৃষি আইন নিয়ে ভেঙেছিল ২৪ বছরের জোট :

উল্লেখ্য, বিজেপি ও অকালি দলের এই জোট নতুন নয়। দীর্ঘ ২৪ বছর ধরে দুই দল একসঙ্গে রাজনৈতিক পথ চলেছে । কিন্তু ২০২০ সালের সেপ্টেম্বরে কেন্দ্রের তিনটি কৃষি আইনকে কেন্দ্র করে মতবিরোধের জেরে বিজেপির সঙ্গ ছেড়ে বেরিয়ে আসে অকালি দল । পরবর্তীতে সেই তিনটি কৃষি আইন প্রত্যাহার করা হয় ।

এরপর ২০২২ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে দুই দল আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করে । সেই নির্বাচনে বিজেপি মাত্র দুটি আসনে জয় পেয়েছিল। অন্যদিকে, অকালি দল জিতেছিল মাত্র তিনটি আসন। মোট ১১৭টি আসনের বিধানসভায় দুই দলের ফলই ছিল সীমিত । এবার ২০২৭ সালের নির্বাচনের আগে ফের পুরনো জোটে ফিরে এল দুই দল ।

২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে মাদকমুক্ত পাঞ্জাবের প্রতিশ্রুতি শাহের :

জোট ঘোষণার মঞ্চ থেকেই পাঞ্জাবের মাদক সমস্যাকে অন্যতম প্রধান নির্বাচনী ইস্যু হিসেবে তুলে ধরেন অমিত শাহ। তিনি প্রতিশ্রুতি দেন, ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে পাঞ্জাবকে মাদকমুক্ত করা হবে।
এদিন পাঞ্জাবের বর্তমান আম আদমি পার্টি (AAP) সরকার এবং পূর্ববর্তী কংগ্রেস সরকারের বিরুদ্ধে মাদক সমস্যা মোকাবিলায় যথাযথ পদক্ষেপ না করার অভিযোগও তোলেন তিনি ।

‘এটি শুধু রাজনৈতিক নয়, আবেগের জোট’, মন্তব্য সুখবীর বাদলের :

অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল এই জোটকে শুধুমাত্র রাজনৈতিক সমঝোতা হিসেবে দেখতে নারাজ। তাঁর কথায়, এটি পাঞ্জাবের স্বার্থে একটি ‘আবেগের জোট’।

তিনি বলেন, “আমার কাছে অত্যন্ত আনন্দের বিষয় যে এই জোটের সূচনা করেছিলেন আমার বাবা প্রকাশ সিং বাদল এবং অটলবিহারী বাজপেয়ী।”

পাঞ্জাবের বর্তমান আম আদমি পার্টি সরকারকে আক্রমণ করে সুখবীর বাদল অভিযোগ করেন, রাজ্যের উন্নয়নের পরিবর্তে ‘কেজরিওয়ালের দল’ শুধুমাত্র রাজ্যকে লুট করতেই ব্যস্ত। তাঁর দাবি, বিজেপি ও অকালি দলের এই জোট পাঞ্জাবকে রক্ষা করবে।
অন্যদিকে, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এই জোটকে ‘স্বাভাবিক জোট’ বলে উল্লেখ করেন। আগামী বিধানসভা নির্বাচনে জোটের ফলাফল নিয়ে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন।

সব মিলিয়ে, ২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ও অকালি দলের প্রত্যাবর্তন রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল। তবে আসন ভাগাভাগির চূড়ান্ত সিদ্ধান্ত এবং নির্বাচনে দুই দলের কৌশল কী হবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!