Advertisement
  • দে । শ
  • নভেম্বর ২৫, ২০২৬

গণরোষে তৃণমূল নেতা

আরম্ভ ওয়েব ডেস্ক
গণরোষে তৃণমূল নেতা

তোলাবাজি, পঞ্চায়েতের সেচ প্রকল্পের টাকা তছরূপ  থেকে শুরু করে নানান অভিযোগ রয়েছে কালনা ১নং ব্লকের কাঁকুড়িয়া পঞ্চায়েতের তৃণমূল সদস্য সুমিত ঘোষের বিরুদ্ধে। তার বিরুদ্ধে পুলিশের কাছে একাধিক অভিযোগও জমা পড়ে। বিধানসভা ভোটের ফল বেরনোর পর থেকে গ্রামছাড়া ছিলেন সুমিত। সোমবার গ্রামে ফেরেন তিনি। খবর পেয়ে পাওনাদার থেকে শুরু করে গ্রামের কয়েকজন তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। নিজেকে বাঁচাতে গ্রামেরই একটা জলাশয়ে নেমে পড়েন সুমিত।

অভিযোগ, সেখান থেকে তাকে দড়ির ফাঁস লাগিয়ে  ডাঙায় তুলে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পেটানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় সংশ্লিষ্ট বুলবুলিতলা ফাঁড়ির পুলিশ। গণরোষের কবল থেকে সুমিতকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখানে গিয়ে অভিযোগের ভিত্তিতে সুমিতকে গ্রেফতার করে পুলিশ। তবে আদালতে পেশ করা হলে তিনি জামিন পেয়ে যান। গ্রামের লোকজনের দাবি, পঞ্চায়েত সদস্য হলেও পঞ্চায়েতের সবকিছুই চলত সুমিতের অঙ্গুলিহেলনে। আত্মসাৎ করা টাকা ফেরত চাইতে গেলে আজেবাজে কথা বলে সুমিত। তাতেই অনেকে ক্ষিপ্ত হয়ে ওঠে। তৃণমূলের জেলা নেতা দেবু টুডু বললেন, ‘আইন হাতে তুলে নেওয়ার ঘটনাটি ঘটেছে বিজেপির প্রতক্ষ্য মদতে।’ এলাকার বিজেপি মণ্ডল সভাপতি অনুপ হালদার ঘটনার সঙ্গে বিজেপির কেউ জড়িত নয় বলে জানান। অবশ্য বললেন, ‘সুমিতের বিরুদ্ধে ঝুরিঝুরি অভিযোগ। সেচ প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে।  বহুজনের কাছ থেকে টাকা নিয়ে ফেরত দেয়নি। আমরা চাই যাদের কাছ থেকে টাকা নিয়েছে, সেই টাকা ফেরত দিয়ে দিক।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!