- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২৫, ২০২৬
অন্তর্বর্তী জামিন মিলল না উমর, শারজিলের ! পুলিশের জবাব তলব করে তিন বিচারপতির বেঞ্চ গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের
দিল্লি দাঙ্গার নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগে দায়ের হওয়া ‘ইউএপিএ’ মামলায় আপাতত স্বস্তি পেলেন না উমর খালিদ, শারজিল ইমাম। দিল্লি হাই কোর্টের জামিন খারিজের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। বুধবার, আবেদনের শুনানিতে দিল্লি পুলিশকে নোটিস পাঠিয়ে জবাব তলব করল শীর্ষ আদালত। তবে দীর্ঘ দিন কারাবন্দি থাকার যুক্তিতে দুই অভিযুক্তের অন্তর্বর্তী জামিনের যে আর্জি জানানো হয়েছিল, তা এখনই মঞ্জুর করতে রাজি হয়নি শীর্ষ আদালত। একই সঙ্গে মামলাটি শুনানির জন্য তিন বিচারপতির বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্ত।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনাকে নিয়ে গঠিত বেঞ্চে বুধবার মামলাটির শুনানি হয়। উমর খালিদের হয়ে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। তাঁর বক্তব্য, দীর্ঘ ছ–বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন খালিদ। বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার কোনো স্পষ্ট সম্ভাবনা নেই। তাই মূল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী জামিন দেওয়া হোক তাঁকে। একই আর্জি জানান শারজিল ইমামের আইনজীবী সিদ্ধার্থ দাভে। দীর্ঘ দিন ধরে জেলবন্দি থাকার বিষয়টিকে জামিনের অন্যতম যুক্তি হিসাবে তুলে ধরেন তিনি। কিন্তু সে আর্জিতে আপাতত সাড়া দেয়নি শীর্ষ আদালত। বিচারপতিদের বেঞ্চ জানিয়ে দেয়, অন্তর্বর্তী জামিনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে দিল্লি পুলিশের বক্তব্য শোনা প্রয়োজন। সে কারণে পুলিশকে নোটিস পাঠানো হয়েছে।
কপিল সিব্বল অবশ্য আদালতকে মনে করিয়ে দেন, একই মামলায় অন্য অভিযুক্তদের ক্ষেত্রে অন্তর্বর্তী জামিনের নজির রয়েছে। গত ২২ মে তসলিম আহমেদ মামলায় বিষয়টি বৃহত্তর বেঞ্চে পাঠানোর নির্দেশ দেওয়ার সময় সহ-অভিযুক্তদের অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল। তা হলে উমর ও শারজিলের ক্ষেত্রে একই ধরনের স্বস্তি দেওয়া হবে না কেন, সে প্রশ্নও তোলেন তিনি। জবাবে প্রধান বিচারপতি জানান, আগে দিল্লি পুলিশের বক্তব্য আসুক। বিচারপতি জয়মাল্য বাগচীও বলেন, অন্তর্বর্তী স্বস্তির জন্য আবেদন জানানো হয়েছে। আবেদনের জবাব দেওয়ার সুযোগ সংশ্লিষ্ট পক্ষকে দিতে হবে। ফলে এখনই জামিনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।
তবে বুধবারের শুনানিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ‘ইউএপিএ’ মামলায় জামিনের আইনি শর্ত নিয়ে সুপ্রিম কোর্টের বিভিন্ন বেঞ্চের পর্যবেক্ষণের মধ্যে তৈরি হওয়া মতপার্থক্য। সেই বিতর্কের নিষ্পত্তির জন্যই মামলাটি তিন বিচারপতির বেঞ্চে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি জানিয়েছেন, প্রশাসনিক স্তরে বিষয়টি তাঁর কাছে পাঠাতে হবে, যাতে উপযুক্ত তিন বিচারপতির বেঞ্চ গঠন করা যায়। এ প্রসঙ্গে শারজিলের আইনজীবী সিদ্ধার্থ দাভে যুক্তি দেন, গত মে মাসে তসলিম আহমেদ মামলায় বৃহত্তর বেঞ্চে পাঠানোর নির্দেশের সঙ্গে বর্তমান আবেদনের সরাসরি সম্পর্ক নেই। কারণ, গত ৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশের ভিত্তিতেই নতুন করে জামিনের আবেদন করেছেন তাঁরা। কিন্তু দিল্লি পুলিশের হয়ে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, যে মামলার পরিপ্রেক্ষিতে বৃহত্তর বেঞ্চ গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল, সেটিও একই এফআইআর-সংক্রান্ত।
দু–পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি বলেন, বিভিন্ন বেঞ্চের পর্যবেক্ষণের মধ্যে আপাত বিরোধ থাকায় বিষয়টি নিয়ে তাঁকে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, ‘একটি বেঞ্চ বলছে, কে এ নাজিব মামলার অর্থ এক রকম। অন্য বেঞ্চ বলছে, তার অর্থ অন্য রকম। আমাকে আমারই দেওয়া পর্যবেক্ষণের ব্যাখ্যা শুনতে হচ্ছে।’ উল্লেখ্য, কে এ নাজিব মামলায় দীর্ঘ কারাবাসের ভিত্তিতে জামিনের যে নীতি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেছিল, বর্তমান বিতর্কের কেন্দ্রে রয়েছে সে রায়েরই ব্যাখ্যা। এরপর কপিল সিব্বল দ্রুত পরবর্তী শুনানির দিন ধার্য করার আবেদন জানান। প্রধান বিচারপতি বলেন, মামলার সমস্ত দিক সম্পর্কে আদালত অবগত। প্রস্তুতি নিয়েই শুনানি করা হচ্ছে। সিব্বল অন্তর্বর্তী জামিনের আবেদনটি আলাদা করে শুনতে চাইলেও প্রধান বিচারপতি জানান, মূল মামলাটিই শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে।
চলতি বছরের ৫ জানুয়ারি উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আবেদন খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, ২০২০ সালের দিল্লি দাঙ্গার নেপথ্যে কথিত বৃহত্তর ষড়যন্ত্রে উমর ও শারজিলের ভূমিকা ছিল অন্য অভিযুক্তদের তুলনায় আলাদা। তাঁদের ‘আদর্শগত চালিকাশক্তি’ বা ‘আইডিয়োলজিক্যাল ড্রাইভার’ বলে উল্লেখ করেছিল আদালত। সে যুক্তিতেই তাঁদের জামিনের আবেদন খারিজ করা হয়। যদিও একই মামলায় গুলফিশা ফতিমা-সহ পাঁচ জনকে জামিন দিয়েছিল শীর্ষ আদালত। তবে ওই নির্দেশে উমর ও শারজিলের জন্য পরবর্তী সময়ে জামিনের আবেদনের পথ পুরোপুরি বন্ধ করা হয়নি। আদালত জানিয়েছিল, সুরক্ষিত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষ হলে অথবা ওই নির্দেশের এক বছর পূর্ণ হলে — যেটি আগে ঘটবে — তাঁরা ফের জামিনের আবেদন জানাতে পারবেন। অর্থাৎ, ২৭ সালের ৫ জানুয়ারির মধ্যে সুরক্ষিত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ সম্পূর্ণ না হলেও নতুন করে জামিনের আবেদন করার সুযোগ থাকবে।
বর্তমান আবেদনে দুই অভিযুক্তের আইনজীবীদের বক্তব্য, তদন্তকারী পক্ষ এখনো সুরক্ষিত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ সম্পূর্ণ করতে পারেনি। এক বছরের নিষেধাজ্ঞার মেয়াদও শেষ হওয়ার মুখে। ফলে বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার জন্য অনির্দিষ্ট কাল অপেক্ষা করতে হলে তা দীর্ঘ কারাবাস করতে হবে বন্দিদের। তাঁদের দাবি, দীর্ঘ দিন জেলবন্দি থাকার সাংবিধানিক প্রশ্নটি বিবেচনা করেই জামিনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। এ মামলায় জামিনের আইনি বিতর্কের সূত্রপাত মূলত ২০২১ সালের কে এ নাজিব মামলার রায়কে ঘিরে। ওই মামলায় সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, ‘ইউএপিএ’-র মতো কঠোর আইনের অধীনে অভিযুক্ত হলেও দীর্ঘ দিন কারাবন্দি থাকা, বিচারপ্রক্রিয়ায় অস্বাভাবিক বিলম্ব জামিনের পক্ষে যুক্তি হতে পারে। অর্থাৎ, ‘ইউএপিএ’-র কঠোর জামিন-সংক্রান্ত বিধিনিষেধ থাকলেও অভিযুক্তের ব্যক্তিস্বাধীনতা এবং দ্রুত বিচার পাওয়ার অধিকারের প্রশ্নটি উপেক্ষা করা যায় না। কিন্তু পরবর্তী সময়ে গুলফিশা ফতিমা মামলায় উমর ও শারজিলের জামিন খারিজের রায়কে কেন্দ্র করে কে এ নাজিব মামলার নীতির ব্যাখ্যা নিয়ে প্রশ্ন ওঠে।
বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি উজ্জ্বল ভূঞার বেঞ্চ সৈয়দ ইফতিকার আন্দ্রাবি মামলার শুনানিতে গুলফিশা ফতিমা মামলার রায়ের সমালোচনা করে। তাঁদের পর্যবেক্ষণ ছিল, ওই রায়ে কে এ নাজিব মামলায় নির্ধারিত নীতির সঙ্গে কিছুটা বিচ্যুতি ঘটেছে। গুলফিশা ফতিমা এবং গুরবিন্দর সিং মামলার রায়ও কে এ নাজিব মামলার নির্দেশিত অবস্থান থেকে সরে এসেছে বলে মত দেয় ওই বেঞ্চ। এইপরিস্থিতিতে বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চ গত ২২ মে তসলিম আহমেদ মামলায় বিষয়টি বৃহত্তর বেঞ্চের বিবেচনার জন্য পাঠানোর নির্দেশ দেয়। বিভিন্ন বেঞ্চের রায়ের মধ্যে যে আপাত বিরোধ তৈরি হয়েছে, তার নিষ্পত্তি প্রয়োজন বলে জানানো হয়। এ বার উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আবেদনও সেই আইনি বিতর্কের পরিপ্রেক্ষিতে তিন বিচারপতির বেঞ্চে পাঠানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
❤ Support Us








