- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- নভেম্বর ২৭, ২০২৬
প্রয়াণের পর যোগেন চৌধুরীর ছবির প্রথম প্রদর্শনী, শান্তিনিকেতনে নিজের গড়া আর্ট গ্যালারিতেই শ্রদ্ধার্ঘ্য শিল্পীকে
শিল্পীর হাতের তুলি থেমে গিয়েছে। তবে সৃষ্টির ভাষা থেমে থাকে না। ক্যানভাসে, কাগজে ছড়িয়ে থাকা অসংখ্য রেখা, অবয়ব আর অনুভূতির মধ্যে দিয়েই বার বার ফিরে আসেন শিল্পী। প্রয়াত চিত্রশিল্পী যোগেন চৌধুরীর প্রয়াণের প্রায় এক মাসের মাথায় শান্তিনিকেতনে শুরু হলো শিল্পীর কাজ নিয়ে বিশেষ প্রদর্শনী। তাৎপর্যপূর্ণ বিষয়, যে আর্ট গ্যালারিতে প্রদর্শনীর চলছে, সেটি যোগেন চৌধুরীর নিজের হাতে গড়ে তোলা। শান্তিনিকেতনের ‘সোসাইটি অফ ভিজুয়াল আর্ট অ্যান্ড ডিজাইন’-এর গ্যালারিতে বুধবার, ২৫ নভেম্বর থেকে শুরু হয়েছে প্রদর্শনী। দ্বিতীয় বেঙ্গল বিনালে-এর অন্যতম আকর্ষণ এই আয়োজন।
গত ২৫ অক্টোবর, ৮৭ বছর বয়সে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন যোগেন চৌধুরী। তাঁর প্রয়াণে ভারতীয় আধুনিক চিত্রকলার জগতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ হওয়ার নয়। শিল্পী হিসাবে তাঁর স্বতন্ত্রতা, রেখার ব্যবহার, মানুষের শরীরী অবয়বের নির্মাণে আর সেই অবয়বের মধ্যে মনস্তাত্ত্বিক টানাপড়েন ফুটিয়ে তোলার অসামান্য দক্ষতায়। মৃত্যুর পর শান্তিনিকেতনের এই প্রদর্শনী তাই নিছক শিল্পকর্মের প্রদর্শন নয়, শিল্পীর সৃষ্টিশীল উত্তরাধিকারের কাছে ফিরে যাওয়ার চেষ্টা।

প্রদর্শনীর নাম ‘Uneasy Beings’। শিল্পীর মৃত্যুর পরে প্রদর্শনীর পরিকল্পনায় কিছু পরিবর্তন ও নতুন কিউরেটোরিয়াল সংযোজন করা হয়েছে। প্রদর্শনীতে মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণীর একাকী অবয়বও বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রতিটি অবয়বের নিজস্ব দৃষ্টিভঙ্গি যেন দর্শকের সঙ্গে এক ধরনের নীরব সংলাপ তৈরি করে। যোগেন চৌধুরীর পরিচিত শিল্পভাষার বাইরে গিয়েও এখানে তাঁর ভাবনার অন্য একটি দিক উঠে এসেছে। প্রদর্শনীর অন্যতম আকর্ষণ একটি ছবিতে দেখা যাচ্ছে, এক মহিলা হাতে ধরে রয়েছেন একটি খুলি। উইলিয়াম শেক্সপিয়রের নাটক ‘হ্যামলেট’-এর বিখ্যাত দৃশ্যের স্মৃতি উস্কে দেয় ছবিটি। মহিলার পাশ ফিরে তাকানোর ভঙ্গিতে রয়েছে এক ধরনের অস্বস্তি। একই সঙ্গে ছবিটি মনে করিয়ে দেয় শরীরের নশ্বরতা, পার্থিব জীবনের মোহ এবং শেষ পর্যন্ত মৃত্যুর অনিবার্যতার কথা। শিল্পীর ছবিতে মানুষের অস্তিত্ব, শরীর ও মনস্তত্ত্বের যে জটিল সম্পর্ক বার বার ফিরে এসেছে, এই কাজেও তার প্রতিফলন রয়েছে।
প্রদর্শনীতে শিল্পকর্মের পাশাপাশি রয়েছে আর্ট গ্যালারিতে যোগেন চৌধুরীর কাটানো বিভিন্ন মুহূর্তের কিছু আলোকচিত্র। ছবিগুলি শিল্পীর অন্য পরিচয় সামনে আনে। তিনি যে শুধু প্রতিষ্ঠিত শিল্পী ছিলেন না, ছিলেন নবীন শিল্পীদের পাশে দাঁড়ানো এক অভিভাবকও, শিল্পচর্চার পরিসরকে আরও প্রসারিত করা এবং নতুন প্রজন্মের শিল্পীদের কাজের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ তা ফুটে ওঠে। প্রদর্শনীর আর একটি উল্লেখযোগ্য আকর্ষণ ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর-এর স্কেচ, যা আগে কখনো জনসমক্ষে প্রদর্শিত হয়নি। ২০১৩ সালে সচিনের শেষ টেস্ট সিরিজকে কেন্দ্র করে ছবিটি এঁকেছিলেন যোগেন চৌধুরী। কলকাতা ও মুম্বইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জীবনের শেষ দুটি টেস্ট ম্যাচ খেলেছিলেন সচিন। সে উপলক্ষেই শিল্পীর কাছে সচিনের প্রতিকৃতি আঁকার প্রস্তাব গিয়েছিল।
প্রস্তাব ছিল, ৪০ বছর বয়সি সচিনকে ছবিতে ফুটিয়ে তুলতে হবে। কিন্তু যোগেন চৌধুরী বেছে নিয়েছিলেন আরও তরুণ সচিনের অবয়ব। যে চেহারার সঙ্গে দেশের ক্রিকেটপ্রেমীদের দীর্ঘ দিনের আবেগ জড়িয়ে রয়েছে, সেই পরিচিত তরুণ ক্রিকেটারকেই কাগজে তুলে ধরতে চেয়েছিলেন তিনি। ছবিটির সঙ্গে ২০১৩ সালের কলকাতা টেস্টের প্রথম দিনের টিকিটেরও বিশেষ সম্পর্ক রয়েছে। তবে প্রদর্শনীতে মূল স্কেচটিই দেখানো হচ্ছে। শিল্পীকে নিয়ে ‘Of Rain and Shine’ নামে একটি বইও প্রকাশের পরিকল্পনা রয়েছে বেঙ্গল বিনালের। দিল্লির সংস্থা ‘সঞ্চিতআর্ট’ -এর উদ্যোগে প্রকাশিত হতে চলেছে বইটি। মৃত্যুর প্রায় এক মাস আগে বইটির প্রাথমিক কপি যোগেন চৌধুরীর হাতে পৌঁছেছিল। নিজের জীবন ও শিল্পকর্ম নিয়ে তৈরি সে বইয়ের পাতা উল্টে দেখেছিলেন শিল্পী। ফলে প্রদর্শনীর পাশাপাশি বইটিও তাঁর শিল্পীজীবনকে নতুন করে ফিরে দেখার সুযোগ করে দেবে।

শান্তিনিকেতনের সঙ্গে যোগেন চৌধুরীর সম্পর্ক কেবল বসবাস কিংবা কাজের সূত্রে তৈরি হয়নি। এই অঞ্চলের শিল্পচর্চা, শিল্পশিক্ষা এবং নবীন শিল্পীদের বিকাশের সঙ্গেও তাঁর নিবিড় যোগাযোগ ছিল। সেই ভাবনা থেকেই তিনি প্রতিষ্ঠা করেছিলেন ‘শান্তিনিকেতন সোসাইটি অফ ভিস্যুয়াল আর্ট অ্যান্ড ডিজাইন’, সংক্ষেপে ‘এসএসভিএডি’। প্রতিষ্ঠানটির লক্ষ্য প্রথাগত প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে শিল্পীদের জন্য স্বাধীন সৃষ্টিশীল পরিসর তৈরি করা। সেখানে শিল্পীরা নিজেদের ভাবনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারবেন, পারস্পরিক মতবিনিময় করতে পারবেন, নতুন শিল্পভাষা নির্মাণের সুযোগ পাবেন। প্রতিষ্ঠানটির নিজস্ব স্টুডিয়ো, গ্রন্থাগার, সেমিনার কক্ষ, আর্ট গ্যালারি রয়েছে। নিয়মিত প্রদর্শনী, কর্মশালা, শিল্পীদের আবাসিক কর্মসূচি, আলোচনা ও গবেষণার আয়োজনও করা হয়।
২৫ নভেম্বর থেকে ২০২৭ সালের ২ জানুয়ারি পর্যন্ত চলবে দ্বিতীয় বেঙ্গল বিনালে। এ বারের মূল ভাবনা জীবনানন্দ দাশের কবিতা ‘বনলতা সেন’ থেকে অনুপ্রাণিত। ‘বনলতা’ শীর্ষক এ ভাবনায় উঠে এসেছে স্মৃতি, ইতিহাস, প্রকৃতি, পারস্পরিক সম্পর্ক আর মানুষের অস্তিত্বের নানা জটিলতা। শান্তিনিকেতন ও কলকাতার বিভিন্ন ঐতিহাসিক এবং সাংস্কৃতিক পরিসরকে কেন্দ্র করে সাজানো হয়েছে শিল্প-উৎসব। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, দুই শহর মিলিয়ে শতাধিক শিল্পী এবং ৬১টিরও বেশি শিল্প-প্রকল্প বিনালের অংশ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীদের পাশাপাশি নবীন শিল্পীদের কাজও জায়গা পেয়েছে এখানে। ‘গেমপ্ল্যান ফাউন্ডেশন’-এর উদ্যোগে এবং চাঁদের হাট ও ঋতিকা বিশ্বাসের যৌথ কিউরেটোরিয়াল পরিচালনায় আয়োজিত এ উৎসবের লক্ষ্য শিল্পের বিভিন্ন মাধ্যম ও ভাষার মধ্যে সংলাপ তৈরি করা। ২৫ নভেম্বর শান্তিনিকেতনের কলাভবনের চাতালে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিনালের প্রথম পর্ব। একই দিনে নন্দন মিউজিয়াম, কলাভবন, ‘এসএসভিএডি’-সহ বিভিন্ন পরিসরে শিল্পকর্ম ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ২৮ নভেম্বর থেকে কলকাতার বিভিন্ন কেন্দ্রে শুরু হবে বিনালের পরবর্তী পর্ব।
❤ Support Us








