Advertisement
  • দে । শ ন | ন্দ | ন | চ | ত্ব | র প্রচ্ছদ রচনা
  • নভেম্বর ১৬, ২০২৬

এক ক্লিকেই ভারতের প্রথম সংবাদপত্র! ‘হিকির বেঙ্গল গেজেট’-এর সম্পূর্ণ ডিজিটাল সংস্করণ প্রকাশ

আরম্ভ ওয়েব ডেস্ক
এক ক্লিকেই ভারতের প্রথম সংবাদপত্র! ‘হিকির বেঙ্গল গেজেট’-এর সম্পূর্ণ ডিজিটাল সংস্করণ প্রকাশ

১৭৮০ সালের কলকাতা। ফুলে ফেঁপে উঠছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের প্রশাসন তখন কোম্পানির কর্তৃত্ব সুসংহত করতে ব্যস্ত। রাজধানী শহরের রাজনৈতিক ও সামাজিক জীবনে সাহেবদের দাপট। সে সময়েই এক অভিনব উদ্যোগ নিয়ে হাজির হলেন জেমস অগাস্টাস হিকি। জেলখানায় বসে ছাপার অক্ষর সম্পর্কে পাঠ নেওয়ার পর মুক্তি পেয়ে নিজের ছাপাখানা তৈরি করলেন। তার পরেই কলকাতার মাটি থেকে আত্মপ্রকাশ করেছিল ভারতের প্রথম মুদ্রিত সংবাদপত্র ‘হিকিজ বেঙ্গল গেজেট’। সাহেবদের কেচ্ছা, ক্ষমতাশালীদের বিরুদ্ধে তীক্ষ্ণ ব্যঙ্গ, ব্যক্তিগত আক্রমণ এবং বিচিত্র সব ডাকনামে অল্প সময়ের মধ্যেই আলোড়ন ফেলে দিয়েছিল সেই সাপ্তাহিক পত্রিকা। কিন্তু ক্ষমতাশালীদের বিরাগভাজন হওয়ার মূল্যও চোকাতে হয়েছিল হিকিকে। মানহানির মামলা, কারাবাস এবং শেষ পর্যন্ত ছাপাখানার যন্ত্রপাতি বাজেয়াপ্ত হওয়ার মধ্য দিয়ে মাত্র দু–বছরের মাথায় বন্ধ হয়ে যায় সংবাদপত্রটির প্রকাশনা।

এত দিন ইতিহাসের পাতায় এবং বিশ্বের বিভিন্ন সংগ্রহশালায় ছড়িয়ে থাকা সেই সংবাদপত্রের সংরক্ষিত সংখ্যাগুলিই এ বার ফিরে এল এক মলাটের নীচে। প্রথম প্রকাশের ২৪৬ বছর পর ‘হিকির বেঙ্গল গেজেট’–এর প্রতিটি সংরক্ষিত পৃষ্ঠা এখন অনলাইনে পড়ার সুযোগ তৈরি হয়েছে। গবেষক অ্যান্ড্রু ওটিসের দীর্ঘ বারো বছরের অনুসন্ধান, কঠোর পরিশ্রম, বিভিন্ন দেশের সংগ্রহশালার সহযোগিতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি হয়েছে এই ডিজিটাল আর্কাইভ। সম্প্রতি চালু হওয়া ওয়েবসাইটে (hickysgazette.com) সংবাদপত্রটির পৃষ্ঠাগুলি দেখার পাশাপাশি নির্দিষ্ট শব্দ ও বিষয় ধরে অনুসন্ধানও করা যাবে। এ উদ্যোগের গুরুত্ব শুধু ভারতের প্রথম সংবাদপত্রকে ডিজিটাল মাধ্যমে ফিরিয়ে আনার মধ্যে সীমাবদ্ধ নয়। আঠারো শতকের কলকাতার সমাজ, ঔপনিবেশিক প্রশাসন, সংবাদমাধ্যমের স্বাধীনতা আর ক্ষমতার সঙ্গে সাংবাদিকতার সংঘাতের এক দুর্লভ প্রাথমিক দলিলও এ বার গবেষকদের নাগালে আসতে চলেছে।

ডিজিটাল আর্কাইভ তৈরির ভাবনা অবশ্য আজকের নয়। ২০১৪ সালে ‘হিকির বেঙ্গল গেজেট’ নিয়ে বই লিখতে গিয়ে সমস্যার মুখে পড়েন ওটিস। সংবাদপত্রটির কোনো সম্পূর্ণ সংকলন বিশ্বের কোনো একটি গ্রন্থাগার বা সংগ্রহশালায় সংরক্ষিত নেই। বিভিন্ন দেশের প্রতিষ্ঠানে ছড়িয়ে রয়েছে তার অসম্পূর্ণ সংখ্যা। ফলে একটি পূর্ণাঙ্গ ইতিহাস লিখতে গেলেও গবেষককে একাধিক জায়গায় ঘুরে নথি সংগ্রহ করতে হতো। সে বাধা কাটাতেই শুরু হয় দীর্ঘ অনুসন্ধান। ভারত, ব্রিটেন, জার্মানি, অস্ট্রেলিয়া ও আমেরিকার বিভিন্ন সংগ্রহশালায় ছড়িয়ে থাকা সাতটি সংগ্রহের সন্ধান পান ওটিস। তাঁর অনুসন্ধানে কলকাতার ন্যাশনাল লাইব্রেরি, কলকাতা হাইকোর্ট, জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়, লন্ডনের ব্রিটিশ লাইব্রেরি, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলে ক্যাম্পাস এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের সংগ্রহ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে অনুসন্ধানের পথ মসৃণ ছিল না। কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে সংরক্ষিত পৃষ্ঠাগুলির ছবি তোলা কিংবা ডিজিটাল স্ক্যান করার অনুমতি পাননি ওটিস। ফলে বিকল্প পথ খুঁজতে হয় তাঁকে। ‘ফুলব্রাইট ফেলোশিপ’-এর সময় সংগ্রহশালা থেকে সংবাদপত্রের ফটোকপি সংগ্রহ করে বাড়িতে নিয়ে যান তিনি। পরে নিজেই সেগুলি স্ক্যান করে ডিজিটাল নথি তৈরি করেন।  গবেষণার তাগিদে একজন গবেষককে কতটা ব্যক্তিগত উদ্যোগ নিতে হয়েছে, এ ঘটনাই তার প্রমাণ। সংবাদপত্রটির মোট ১২১টি সংখ্যা এবং একটি ‘প্রসপেক্টাস’-এর ৪৬৪টি পৃষ্ঠা ডিজিটাল আর্কাইভে জায়গা পেয়েছে। অ্যান্ড্রু ওটিসের লেখা ‘Hicky’s Bengal Gazette: The Untold Story of India’s First Newspaper’ বইটি ২০১৮ সালে প্রকাশিত হয়।

কলকাতা হাইকোর্টের মহাফেজখানাতেও অপেক্ষা করছিল এক গুরুত্বপূর্ণ আবিষ্কার। সেখানে দীর্ঘদিন ধরে সংরক্ষিত ছিল ১৭৮১ সালের ২৫ জুন প্রকাশিত ‘হিকির বেঙ্গল গেজেট’-এর একটি বিশেষ সংখ্যা। আদালতে বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার আগে বাক্‌স্বাধীনতার পক্ষে নিজের বক্তব্য তুলে ধরতে ওই বিশেষ সংখ্যাটি প্রকাশ করেছিলেন হিকি। কিন্তু আদালতের নথির ছবি তোলার অনুমতি না থাকায় সেখানেও হাতে লিখে সম্পূর্ণ পাতাটির অনুলিপি তৈরি করতে হয় ওটিসকে। দুই শতাব্দীরও বেশি সময় ধরে নথির আড়ালে থাকা একটি সংবাদপত্রের পৃষ্ঠা উদ্ধার করতে এ ভাবেই এগিয়েছে তাঁর অনুসন্ধান। তবে, অনুসন্ধানের পথে সবচেয়ে আকর্ষণীয় ঘটনাগুলির একটি ঘটে জার্মানিতে। হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের একটি সংগ্রহশালায় পুরনো নথিপত্র গোছানো ও পরিষ্কারের কাজ চলছিল। সে সময় আচমকাই জর্জ লিভিয়াসের ব্যক্তিগত সংগ্রহে থাকা ‘হিকির বেঙ্গল গেজেট’–এর কয়েকটি সংখ্যার সন্ধান মেলে। ইতিহাসের ধুলোয় চাপা পড়ে থাকা সংবাদপত্রের পাতা নতুন করে গবেষণার আলোয় আসে। ২০১৫ সালে লন্ডনের ব্রিটিশ লাইব্রেরির কাছেও সংবাদপত্রটির সমস্ত সংরক্ষিত সংখ্যা একত্রিত করার প্রস্তাব দিয়েছিলেন ওটিস। কিন্তু প্রয়োজনীয় অর্থের সংস্থান না থাকায় সে উদ্যোগ বাস্তবায়িত হয়নি। পরে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলে ক্যাম্পাস এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয় থেকেও ডিজিটাল কপি সংগ্রহ করেন তিনি। এ ভাবে বিভিন্ন দেশের সংগ্রহশালায় ছড়িয়ে থাকা পৃষ্ঠাগুলি ধীরে ধীরে একত্রিত হতে থাকে।

নথি সংগ্রহ করেই কাজ শেষ হয়নি। পুরনো কাগজের ভঙ্গুর অবস্থা, মুদ্রণের অস্পষ্টতা আর প্রযুক্তিগত সীমাবদ্ধতা ছিল সবচেয়ে বাধা। প্রয়োজনীয় অর্থ ও কারিগরি সহযোগিতার অভাবে দীর্ঘ আট বছর কার্যত থমকে ছিল প্রকল্পের কাজ। শেষ পর্যন্ত ২০২৬ সালের অক্টোবরে জেনারেটিভ এআই প্রযুক্তি এবং মাইক জার্মানের সংস্থা স্টেপস ভেঞ্চার্সের সহযোগিতায় নতুন করে কাজ শুরু করা সম্ভব হয়। পুরনো ও ক্ষয়িষ্ণু পৃষ্ঠার ছবি থেকে লেখা উদ্ধার করে প্রতিটি স্ক্যানের পাশাপাশি তার পাঠযোগ্য ডিজিটাল প্রতিলিপি তৈরি করা হয়। সে কাজের ভিত্তিতেই চালু হয়েছে নতুন ওয়েবসাইট। তবে এআইয়ের সাহায্যে তৈরি প্রতিলিপিকেই চূড়ান্ত ঐতিহাসিক প্রমাণ হিসাবে ধরে নেওয়া হচ্ছে না। মূল নথির সঙ্গে মিলিয়ে পাঠোদ্ধার ও যাচাইয়ের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। কারণ আঠারো শতকের সংবাদপত্রের বানান, মুদ্রণরীতি এবং ভাষার ব্যবহার আজকের ইংরেজির থেকে অনেকটাই আলাদা। মূল লেখার বানান, যতিচিহ্ন ও বড়ো-ছোটো হাতের অক্ষরের ব্যবহার যথাসম্ভব অপরিবর্তিত রাখা হয়েছে।

এ ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার নিজস্ব সংবাদপত্রের শুরুর দিকের অধ্যায়ও। হিকির ছাপাখানার সঙ্গে যুক্ত ছিলেন পল ফেরিস নামে এক ব্যক্তি। পরবর্তী সময়ে কলকাতায় নিজেই ছাপাখানা প্রতিষ্ঠা করেন তিনি। ১৮১৮ সালে গঙ্গাকিশোর ভট্টাচার্য যখন ভারতীয় উদ্যোগে প্রকাশিত প্রথম সংবাদপত্রগুলির অন্যতম ‘বেঙ্গল গেজেটি’ প্রকাশ করেন, তখন তাঁর সঙ্গে যুক্ত ছিলেন ফেরিস। একই বছরে প্রকাশিত ‘সমাচার দর্পণ’ বাংলা সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। পরবর্তী সময়ে রাজা রামমোহন রায়ের ‘সংবাদ কৌমুদী’ সংবাদপত্রকে সামাজিক সংস্কার ও জনমত গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম করে তোলে। হিকির ছাপাখানার সঙ্গে যুক্ত ব্যক্তিদের হাত ধরে সেই প্রাথমিক মুদ্রণ-অভিজ্ঞতার কোনো যোগসূত্র তৈরি হয়েছিল কি না, তা নিয়েও আগ্রহ বাড়বে গবেষকদের। গবেষক ওটিসের মতে, ফেরিসের মাধ্যমেই হিকির ছাপাখানার মুদ্রণপ্রযুক্তি ও কারিগরি অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছিলেন গঙ্গাকিশোর। ক্যালিফোর্নিয়ার বার্কলে বিশ্ববিদ্যালয়ে পাওয়া ‘হিকির বেঙ্গল গেজেট’–এর একটি সংগ্রহও সম্ভবত ফেরিসের ব্যক্তিগত সংগ্রহ থেকে সেখানে পৌঁছেছিল। তবে আড়াই শতক আগে কলকাতায় ছাপা একটি সংবাদপত্রের কপি কী ভাবে মেলবোর্ন কিংবা জার্মানির হাইডেলবার্গে পৌঁছেছিল, তার সম্পূর্ণ ইতিহাস এখনো অজানা। নথিগুলির যাত্রাপথ নিয়ে আরও গবেষণার অবকাশ রয়েছে।

বাংলা সংবাদপত্রের ইতিহাসের সঙ্গে এই যোগসূত্র বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ হিকির সংবাদপত্র প্রকাশের কয়েক দশকের মধ্যেই কলকাতায় দেশীয় ভাষার সংবাদপত্রের বিস্তার শুরু হয়। ১৮১৮ সালে গঙ্গাকিশোর ভট্টাচার্যের ‘বেঙ্গল গেজেটি’ এবং হিকির সংবাদপত্রের গুরুত্ব বুঝতে গেলে তার সময়কালটিও মনে রাখা প্রয়োজন। ১৭৮০ সালে কলকাতা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক ও বাণিজ্যিক ক্ষমতার কেন্দ্র। সে সময় হিকি তাঁর সংবাদপত্রে প্রশাসনের নানা সিদ্ধান্ত, আধিকারিকদের আচরণ এবং ক্ষমতাশালী ব্যক্তিদের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু করেন। সংবাদপত্রটির পাতায় থাকত রাজনৈতিক ব্যঙ্গ, ছদ্মনামে লেখা চিঠি, বিজ্ঞাপন, বিদেশের খবর, সামাজিক কেচ্ছা এবং ব্যক্তিগত আক্রমণ। ক্ষমতাশালীদের নানা বিচিত্র ডাকনাম দিয়ে বিদ্রুপ করত ‘গেজেট’। হেস্টিংসের পাশাপাশি তাঁর স্ত্রী মেরিয়ান হেস্টিংস এবং ধর্মপ্রচারক জোহান জাকারিয়াস কিয়েরনান্ডারের সঙ্গেও সংঘাতে জড়িয়ে পড়েন হিকি। একাধিক মানহানির মামলায় জড়িয়ে কারাবন্দি হন তিনি। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে তাঁর ছাপাখানার টাইপ বাজেয়াপ্ত করা হলে ১৭৮২ সালের ৩০ মার্চ শেষবারের মতো প্রকাশিত হয় সংবাদপত্রটি।

তবে হিকিকে নিছক ঔপনিবেশিকতাবিরোধী কিংবা ভারতীয় জাতীয়তাবাদের অগ্রদূত হিসাবে দেখার সুযোগ নেই। তাঁর সংবাদপত্রের প্রধান পাঠক ছিলেন কলকাতার ইউরোপীয় বাসিন্দারা। রাজনৈতিক স্বাধীনতা সম্পর্কে তাঁর ধারণাও মূলত ব্রিটিশ রাজনৈতিক ঐতিহ্য দ্বারা প্রভাবিত ছিল। তাঁর লেখায় অনেক সময় গুজব, ব্যক্তিগত আক্রমণ এবং যাচাই না করা অভিযোগের উপস্থিতিও ছিল। কিন্তু সে সীমাবদ্ধতার মধ্যেও ঔপনিবেশিক প্রশাসনের বিরুদ্ধে সংবাদমাধ্যমের স্বাধীন অবস্থান নেওয়ার যে প্রাথমিক নজির তিনি তৈরি করেছিলেন, তার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। দীর্ঘদিন ধরে ইতিহাসবিদদের কাছে এই সংবাদপত্রের অসম্পূর্ণ পৃষ্ঠাগুলিই ছিল গবেষণার প্রধান উপাদান। এ বার সেগুলি এক জায়গায় পাওয়ায় আঠারো শতকের কলকাতার রাজনৈতিক ও সামাজিক ইতিহাস নতুন করে বিশ্লেষণের সুযোগ তৈরি হলো। বিশেষ করে বাক্‌স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং ঔপনিবেশিক প্রশাসনের সঙ্গে সাংবাদিকতার সংঘাত নিয়ে গবেষণায় এ আর্কাইভ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

প্রায় বারো বছরের অনুসন্ধান শেষে কাজ সম্পূর্ণ হওয়ায় স্বাভাবিক ভাবেই তৃপ্ত অ্যান্ড্রু ওটিস। তাঁর বক্তব্য, ভারতের প্রথম সংবাদপত্রের সম্পূর্ণ সংরক্ষিত সংকলন শেষ পর্যন্ত এক জায়গায় আনা এবং ডিজিটাল মাধ্যমে প্রকাশ করা সম্ভব হয়েছে। অতীতের নথি সহজলভ্য হলে নতুন প্রজন্ম শুধু ইতিহাসের ঘটনাগুলি জানবে না, সেই সময়ের সমাজ ও ক্ষমতার চরিত্রও বুঝতে পারবে বলে আশা তাঁর। ২৪৬ বছর আগে কলকাতার এক ছাপাখানা থেকে যে সংবাদপত্রের যাত্রা শুরু হয়েছিল, সময়ের সঙ্গে তার কণ্ঠ স্তব্ধ হয়েছে, পৃষ্ঠাগুলি ছড়িয়ে পড়েছে পাঁচ দেশের নানা সংগ্রহশালায়। এ বার প্রযুক্তির হাত ধরে সেই বিচ্ছিন্ন ইতিহাস আবার একত্রিত হল। যে সংবাদপত্র এক দিন ঔপনিবেশিক ক্ষমতাকে অস্বস্তিতে ফেলেছিল, আজ সে সংবাদপত্রই হয়ে উঠল ভারতের সাংবাদিকতার আদি ইতিহাস জানার এক অমূল্য ডিজিটাল দলিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!