- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ২, ২০২২
পাকিস্তানের জার্সি গায়ে ভারতকে সমর্থন করায় মৃত্যুর হুমকি !
গ্যালারিতে বেশ কয়েকবার দেখা গেছে বশির চাচাকে। ২৮ আগস্ট ভারত–পাকিস্তান ম্যাচে গ্যালারিতে পাকিস্তানের জার্সি পরে যাওয়ায় মৃত্যুর হুমকি!
চিত্র সংগৃহীত
খেলার মাঠে যেমন সৌভ্রাতৃত্ব দেখা যায়, দেখা যায় বৈরিতাও। ভারতীয় ক্রিকেট সমর্থক সুধীর কুমারের সঙ্গে পাকিস্তানের বশির চাচার সুসম্পর্কের কথা কে না জানে। দুবাইতে সুধীরের জন্য বহুবার টিকিটের ব্যবস্থা করেছেন বশির চাচা। এবার এশিয়া কাপের ভারত–পাকিস্তান ম্যাচেও। হাতে পাকিস্তানের পতাকা, গায়ে ধোনির জার্সি। গ্যালারিতে বেশ কয়েকবার দেখা গেছে বশির চাচাকে। কোনও উত্তেজনা তৈর হয়নি। অথচ, ২৮ আগস্ট দুবাইয়ে ভারত–পাকিস্তান ম্যাচে গ্যালারিতে পাকিস্তানের জার্সি পরে যাওয়ায় মৃত্যুর হুমকি পেয়েছেন এক ভারতীয় সমর্থক।
এশিয়া কাপের খেলা দেখতে দুবাই গেছেন সান্যম জয়সোয়াল নামে এক ভারতীয় সমর্থক। সান্যম জয়সোয়ালের বাড়ি উত্তরপ্রদেশের বারেল্লি জেলায়। ভারত–পাকিস্তান ম্যাচের দিন স্টেডিয়ামে ঢোকার সময় ভারতের জার্সি জোগাড় করতে পারেননি। স্টেডিয়ামে বসে খেলা দেখবেন, অথচ গায়ে জার্সি থাকবে না, ঠিক মেনে নিতে পারেননি সান্যম জয়সোয়াল। একটু অন্যরকম ভাবনা চলে আসে মাথায়। ভারতের জার্সি না পেয়ে পাকিস্তানের জার্সি কিনে নেন। সেটা গায়ে চাপিয়েই স্টেডিয়ামে ঢুকে যান।
সান্যম ভেবেছিলেন, ভারতীয় সমর্থক হলেও মজার ছলে পাকিস্তানের জার্সি গায়ে চাপিয়ে নিজের দেশকে সমর্থন করবেন। কিন্তু তাঁর সেই মজা করার পরিকল্পনা বুমেরাং হয়ে ফিরে আসে। পাকিস্তানের জার্সি গায়ে গ্যালারিতে বসে সান্যমের খেলা দেখার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। এরপরই মৃত্যুর হুমকি পান সান্যম। শুধু তিনি একা নন, তাঁর পরিবারকেও মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। পাকিস্তানের জার্সি গায়ে খেলা দেখার প্রসঙ্গে সান্যম সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি ভারতীয় সমর্থক। দেশের হয়ে গলা ফাটানোর জন্যই ভারত থেকে দুবাই এসেছি। স্টেডিয়ামে ঢোকার সময় দেখি ভারতের সব জার্সি শেষ। মজার ছলেই পাকিস্তানের জার্সি কিনেছিলাম। পাকিস্তান সমর্থকদের রাগানোর জন্যই ওদের দেশের জার্সি পরেছিলাম।’
সান্যমের পরিবার মৃত্যুর হুমকি পাওয়ার পর পুলিশের কাছে অভিযোগ জানাতে যায়। কিন্তু পুলিশ অভিযোগ নেয়নি। বারেল্লি জেলার পুলিশের উচ্চপদস্থ কর্তা অনিরুদ্ধ পঙ্কজ বলেন, ‘এই ঘটনা যেহেতু দেশের বাইরে ঘটেছে, তাই এই বিষয়ে এফআইআর নেওয়া হবে না। সরকারের তরফ থেকে নির্দেশ মেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ এদিকে, এক ভিডিওবার্তায় সান্যমের বাবা সতীশ জয়সোয়াল বলেছেন, ‘আমার পরিবারের সকলেই দেশপ্রেমিক। জানি না আমার ছেলে কোন পরিস্থিতিতে কী করেছে। সে যদি কারও মনে আঘাত দিয়ে থাকে, তাহলে আমি ক্ষমাপ্রার্থী।’
❤ Support Us








