- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২, ২০২৬
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলের পার্শ্ববর্তী বাগানে চিতাবাঘ হানা ! নিরাপত্তা জোরদার করতে তৎপর বনদফতর
শনিবার আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। তবে সভার আগেই এলাকায় চাঞ্চল্য—সভাস্থলের লাগোয়া চা বাগানে লুকিয়ে রয়েছে একটি চিতাবাঘ। বিষয়টি সামনে আসতেই সাংসদের নিরাপত্তা এবং সভায় আগত সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে যুদ্ধকালীন তৎপরতায় নেমেছে বনদফতর।
আলিপুরদুয়ার শহরের মাঝের ডাবরি চা বাগানের আউট ডিভিশনের ফুটবল মাঠে সভা করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই চা বাগানেই চিতাবাঘের উপস্থিতির খবর মিলেছে। সভায় প্রচুর মানুষের ভিড় হওয়ার সম্ভাবনা থাকায় প্রশাসন ও বনদপ্তর কিছুটা উদ্বেগে রয়েছে। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এলাকাজুড়ে চলছে তল্লাশি অভিযান। চিতাবাঘকে জঙ্গলমুখী করতে বনকর্মীরা বোমা ফাটাচ্ছেন। সকাল থেকেই বনদপ্তরের কর্মীদের তৎপরতা তুঙ্গে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এই সময়টি চিতাবাঘের মিলন ও প্রসবের সময়। তাই চিতাবাঘ বা তার শাবকদের কোনও ক্ষতি না হয়, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে।
এ বিষয়ে রেঞ্জ অফিসার অমিতাভ পাল বলেন, “এখন চিতাবাঘের মিলন ও প্রসবের সময়। চা বাগানে বাচ্চা নিয়েও থাকতে পারে। এখানে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে এবং অনেক মানুষের ভিড় হবে। নিরাপত্তার স্বার্থে আমরা বোমা ফাটাচ্ছি। আজ ও কাল এই প্রক্রিয়া চলবে।”
অন্যদিকে, আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে জানান, “বনদপ্তর তাদের কাজ করছে। আমরাও পরিস্থিতির উপর নজর রাখছি। অসুবিধার কিছু নেই।”
উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বছরের শুরু থেকেই রাজ্যজুড়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি বারুইপুরের সাগর সংঘের মাঠে সভায় উপস্থিত হয়েছেন তিনি। তার পরের দিনই আলিপুরদুয়ারে সভা করার কথা রয়েছে তাঁর। এই মাসেই ২৬টি সভা করার কথা রয়েছে তার ।
❤ Support Us






