- দে । শ
- জানুয়ারি ২৪, ২০২৩
জম্মু ও কাশ্মীরের নির্বাচনে লড়াই করার কথা ঘোষণা আম আদমি পার্টির
সর্বভারতীয় রাজনীতিতে ধীরে ধীরে নিজেদের প্রভাব বিস্তার করতে মরিয়া। আগে শুধু দিল্লির পরিসরেই সীমাবদ্ধ ছিল তাদের রাজনীতি। তারপর পাঞ্জাব ও গুজরাটে নিজেদের সংগঠন তৈরি করে। এই দুই রাজ্যে বিধানসভা নির্বাচনে লড়াই করার পর এবার জম্মু ও কাশ্মীরের নির্বাচনে লড়াই করার কথা ঘোষণা করল আপ। উপত্যকায় যখনই ভোট হবে, “পূর্ণ উদ্যম এবং রাজনৈতিক শক্তি” নিয়ে ঝাঁপাবে আমি আদমি পার্টি।
সোমবার দিল্লিতে আম আদমি পার্টির জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) সন্দীপ পাঠকের সভাপতিত্বে দলীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই বৈঠকে জম্মু ও কাশ্মীরের নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত ইমরান হুসেন এবং দলের বিভিন্ন শাখার পদাধিকারীরা উপস্থিত ছিলেন। এই বৈঠকের পর আপ নেতা সন্দীপ পাঠক, যিনি দলের নির্বাচনী কৌশলীও হিসাবে কাজ করেন, তিনি বলেন, “জম্মুও কাশ্মীরের পরবর্তী বিধানসভা এবং পঞ্চায়েত নির্বাচনে আম আদমি পার্টি অংশ নেবে এবং প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিটা শহর ও গ্রামে দলের ভিত্তি শক্তিশালী করার জন্য প্রচারের গতি বাড়াতে হবে।”
আম আদমি পার্টির পক্ষ থেকে এক বিবৃতি বলা হয়েছে,“জম্মু ও কাশ্মীর আপের এই গুরুত্বপূর্ণ বৈঠকে, কেন্দ্রশাসিত অঞ্চলে আসন্ন নির্বাচনের জন্য নির্বাচনী কৌশল নিয়েও আলোচনা করা হয়েছে। বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন এবং পৌরসভা নির্বাচনের ওপর প্রধান জোর দেওয়া হয়েছে।” ২০১৯ সালে ৩৭০ ধারা প্রত্যাহার হওয়ার পর থেকে এখনও পর্যন্ত জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচন একবারও হয়নি। সামনের বিধানসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলের দারুণ আগ্রহ রয়েছে।
❤ Support Us






