- দে । শ
- আগস্ট ৭, ২০২৬
হাসপাতালে চিকিৎসাধীন মিঠুন চক্রবর্তী, দেখা করলেন মুখ্যমন্ত্রী
কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী । জানা গিয়েছে, ফের হাতের সমস্যার কারণে তাঁর অস্ত্রোপচার হয়েছে । যে হাতে এর আগেও চোট লেগেছিল এবং অস্ত্রোপচার করতে হয়েছিল, সেই একই হাতে আবারও আঘাত পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা ।
মিঠুনের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । হাসপাতাল থেকে বেরিয়ে তিনি জানান, মিঠুনের হাতে ছোট্ট একটি অস্ত্রোপচার হয়েছে এবং বর্তমানে তিনি ভাল আছেন । মুখ্যমন্ত্রী বলেন, অস্ত্রোপচারের বিষয়টি মিঠুন নিজেই গোপন রাখতে চেয়েছিলেন । তিনি চাননি বিষয়টি নিয়ে বেশি প্রচার হোক। কয়েক জন ঘনিষ্ঠ মানুষই বিষয়টি জানতেন বলে জানান তিনি ।
শুভেন্দু অধিকারী আরও বলেন, মিঠুন তাঁকে আগেই বিষয়টি জানিয়েছিলেন । তাঁর সঙ্গে দেখা করে এসেছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খুব শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে ।
প্রসঙ্গত, ২০২৪ সালেও একই হাতে গুরুতর চোট পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী । সেই সময় অভিনেতা জানিয়েছিলেন, একটি শুটিং সংক্রান্ত কাজের জন্য হায়দরাবাদ থেকে কয়েক জন এসেছিলেন লুক টেস্টের জন্য । সেই সময় লিফট বন্ধ থাকায় সিঁড়ি দিয়ে নামার সময় তিনি পড়ে যান । চিকিৎসকের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয় এবং পরের দিন অস্ত্রোপচার করা হয়েছিল ।
সেই ঘটনার কথা বলতে গিয়ে মিঠুন জানিয়েছিলেন, অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হয়ে তিনি মুম্বই ফিরে যান । কিন্তু পরে আবার একদিন শৌচালয় থেকে বের হওয়ার সময় একই হাতে আঘাত পান । অস্ত্রোপচার হওয়া জায়গাতেই ফের চোট লাগে এবং প্রচণ্ড যন্ত্রণা সহ্য করতে হয় তাঁকে। ব্যথা কমানোর ওষুধ নিয়েও তাঁকে কাজ চালিয়ে যেতে হয়েছিল ।
চিকিৎসকদের পরামর্শে দীর্ঘদিন বিশ্রামে থাকার প্রয়োজন হলেও কাজ থেকে পুরোপুরি দূরে থাকেননি মিঠুন । হাতের চোট নিয়েই তিনি নিজের পেশাগত দায়িত্ব পালন করে গিয়েছেন । বর্তমানে তাঁর দ্রুত সুস্থতার জন্য শুভাকাঙ্ক্ষীরা প্রার্থনা করছেন ।
❤ Support Us





