Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ১, ২০২৩

গোয়েন্দা রিপোর্টে পঞ্জাব পুলিশকে সতর্কবার্তা, বিদ্বেষ ছড়াতে অমৃতপালদের মদত জোগাচ্ছে আইএসআই

আরম্ভ ওয়েব ডেস্ক
গোয়েন্দা রিপোর্টে পঞ্জাব পুলিশকে সতর্কবার্তা, বিদ্বেষ ছড়াতে অমৃতপালদের মদত জোগাচ্ছে আইএসআই

ফের মাথাচাড়া দিয়ে খলিস্তানপন্থীরা পঞ্জাবে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করতে পারে বলে বেশ কিছুদিন ধরেই আশঙ্কা। সতর্ক ভারতীয় গোয়েন্দারা। গোয়েন্দাদের অনুমান, খলিস্তানি নেতা জার্নাল সিং ভিন্দ্রাওয়ালের ধাঁচে পৃথক খলিস্তানি রাষ্ট্রের দাবিতে সক্রিয় হয়ে উঠছেন খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং। প্রসঙ্গত, খলিস্তানপন্থী শীর্ষনেতা ভিন্দারওয়ালের মৃত্যু হয় ১৯৮৪ সালে পঞ্জাবের স্বর্ণমন্দিরে ভারতীয় সেনার নেতৃত্বে অপারেশন ব্লু স্টার চলাকালীন। প্রসঙ্গত, সেইসময়ে দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধি।

গোয়েন্দাদের দাবি, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স অথবা আইএসআই কিছুদিন ধরে মাথাচাড়া দেওয়া খলিস্তানি নেতা অমৃতপাল সিংকে সব ধরনের সহায়তা করছে। এই অভিযোগও উঠেছে, ফের খলিস্তানি আন্দোলনকে উসকে দিতে অমৃতপালকে নগদ ও অস্ত্র দিয়ে সহায়তা করছে আইএসআই।

সম্প্রতি পঞ্জাব পুলিশ গ্রেফতার করেছে কট্টর খলিস্তানি নেতা অমৃতপালের ঘনিষ্ঠ সহযোগী লাভপ্রীত সিং তুফানকে। লাভপ্রীতকে গ্রেফতারের পরে পঞ্জাবের আজনালা এলাকায় অমৃতপালের অনুগামীদের সঙ্গে পঞ্জাব পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে। পুলিশি ব্যারিকেড ভেঙে বন্দুক, তরোয়াল নিয়ে স্থানীয় আজনালা থানায় হামলা চালায় অমৃতপাল সিংয়ের অনুগামীরা।

এই ঘটনার পরে গোয়েন্দারা জানতে পেরেছেন, রসদ হিসেবে অর্থ ও অস্ত্র জুগিয়ে আইএসআই অমৃতপালকে সহায়তা করে চলেছে। এদিকে পঞ্জাব পুলিশ কর্তৃপক্ষ কট্টর খলিস্তানপন্থী নেতা অমৃতপাল এবং তার অনুগামীদের সঙ্গে বৈঠকে পরে ধৃত লাভপ্রীত সিং তুফানকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

ফলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। বিভিন্ন মহল থেকে আপত্তি জানিয়ে বলা হয়েছে, পঞ্জাব পুলিশ গ্রেফতার করার পরেও কেন ছেড়ে দিচ্ছে লাভপ্রীতে সিং তুফানের মতো কুখ্যাত খলিস্তানপন্থীকে? কংগ্রেসও এই ইস্যুতে পঞ্জাব সরকারের তীব্র সমালোচনা করেছে।

খলিস্তানপন্থী আন্দোলন পঞ্জাবে নতুন করে মাথাচাড়া দিলে তা ফের নতুন করে পঞ্জাবে সাম্প্রদায়িকতা ছড়াবে, একথা বলার অপেক্ষা রাখে না। এব্যাপারে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে গোয়েন্দারা। পঞ্জাব পুলিশকে সতর্ক করে বলা হয়েছে, আইএসআইয়ের প্রত্যক্ষ মদতে অস্ত্র ও বিস্ফোরক যাতে সীমান্ত পেরিয়ে ভারতে না ঢুকতে পারে, এজন্য পঞ্জাব-জম্মু সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করতে হবে। উল্লেখ্য, বেশ কিছুদিন আগেও গোয়েন্দারা জানিয়েছিলেন, পঞ্জাবে সন্ত্রাসবাদ ফেরাতে অতিসক্রিয় খলিস্তানপন্থী জঙ্গিরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!