- বি। দে । শ
- ডিসেম্বর ৩০, ২০২৫
ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লির রাষ্ট্রদূতকে জরুরি তলব ঢাকার
ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ক্রমবর্ধমান টানাপোড়েনের মাঝেই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাকে জরুরি ভিত্তিতে ঢাকা তলব করেছে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। কেন তাঁকে হঠাৎ তলব করা হল, তা এখনও আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করা হয়নি। তবে দুই দেশের মধ্যে চলমান সংঘাতের আবহে এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক মহল।
সূত্রের খবর, ইউনুস সরকারের ডাকে সাড়া দিয়ে সোমবার গভীর রাতে দিল্লি থেকে ঢাকা পৌঁছন রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লা। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে ফাটল স্পষ্ট হয়েছে। এই সময়ের মধ্যে বাংলাদেশে চরম ভারতবিদ্বেষী মনোভাব বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সংখ্যালঘু নির্যাতনের অভিযোগও সামনে এসেছে।
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন বাংলাদেশে ভারতের কূটনৈতিক দপ্তরগুলির সামনে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। নিরাপত্তাজনিত উদ্বেগে দিল্লি বাংলাদেশের একাধিক ভিসাকেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দেয়। একই সঙ্গে সংখ্যালঘুদের উপর হামলা এবং হিন্দু যুবক দীপু হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ভারত, দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবিও জানানো হয়।
তবে ভারতের এই উদ্বেগকে গুরুত্ব দিতে নারাজ ঢাকার অন্তর্বর্তী সরকার। দিল্লির মন্তব্যকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে খারিজ করে দেয় ইউনুস প্রশাসন। পালটা পদক্ষেপ হিসেবে ভারতে থাকা বাংলাদেশের বেশ কয়েকটি ভিসাকেন্দ্রও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
এই কূটনৈতিক ডামাডোলের মধ্যেই ঢাকার তরফে দিল্লিতে নিযুক্ত রাষ্ট্রদূতকে জরুরি বার্তা পাঠানো হয়। সেই বার্তা পেয়েই তিনি দ্রুত দেশে ফেরার প্রস্তুতি নেন এবং সোমবার রাতেই ঢাকা ফিরে যান। মনে করা হচ্ছে, উদ্ভূত ভারত–বাংলাদেশ কূটনৈতিক সংকট নিয়েই তাঁর সঙ্গে বিস্তারিত আলোচনা করতেই এই তলব।
উল্লেখযোগ্যভাবে, ইনকিলাব মঞ্চের প্রধান উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে ২৪ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ইনকিলাব মঞ্চ। এই ঘটনায় নিজেদের ব্যর্থতা আড়াল করতে বাংলাদেশ পুলিশ দাবি করেছে, খুনি ময়মনসিংহ হয়ে ভারতের মেঘালয়ে পালিয়েছে। যদিও এই দাবি সরাসরি খারিজ করেছে বিএসএফ ও মেঘালয় পুলিশ।
সব মিলিয়ে দেশের ভিতরে ও বাইরে প্রবল চাপের মুখে ইউনুস সরকার পরিস্থিতি সামাল দিতে মরিয়া হয়ে উঠেছে বলেই মনে করা হচ্ছে। এই প্রেক্ষাপটে ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব নিঃসন্দেহে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের।
❤ Support Us






