Advertisement
  • দে । শ
  • মে ২৮, ২০২৬

অন্নপূর্ণা যোজনার জন্য ১১ পাতার ফর্ম প্রকাশ, জমির কাগজ থেকে পরিবারের সব তথ্য জমা বাধ্যতামূলক

আরম্ভ ওয়েব ডেস্ক
অন্নপূর্ণা যোজনার জন্য ১১ পাতার ফর্ম প্রকাশ, জমির কাগজ থেকে পরিবারের সব তথ্য জমা বাধ্যতামূলক

রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে হলে এবার জমা দিতে হবে পরিবারের বিস্তারিত তথ্য । বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পের ১১ পাতার আবেদনপত্র প্রকাশ করেছেন । সরকার জানিয়েছে, এই ফর্মের মাধ্যমে আবেদনকারী এবং তাঁর পরিবারের প্রত্যেক সদস্যের ব্যক্তিগত, আর্থিক, শিক্ষাগত ও সম্পত্তি সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে । প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে ।

সরকারি ওয়েবসাইটে ইতিমধ্যেই আবেদনপত্র পাওয়া যাচ্ছে । অনলাইন ও অফলাইন— দুইভাবেই ফর্ম জমা দেওয়া যাবে । যাঁরা নিজেরা আবেদন করতে পারবেন না, তাঁদের সহায়তার জন্য সরকারি আধিকারিকেরা বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি বিধায়কদেরও এই কাজে দায়িত্ব নিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে ।

ফর্মে কী কী তথ্য চাওয়া হয়েছে
ফর্মের প্রথম অংশে আবেদনকারীর পরিবারের প্রধানের নাম, জন্মতারিখ, ঠিকানা, আধার নম্বর এবং আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে । এরপর পরিবারের অন্যান্য সদস্যদেরও একই ধরনের তথ্য দিতে হবে এবং পরিবারের প্রধানের সঙ্গে তাঁদের সম্পর্ক জানাতে হবে ।
পরিবারের প্রত্যেক প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জমা দিতে হবে । শর্ত হিসেবে বলা হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সংযুক্ত থাকতে হবে । পাশাপাশি ভোটার কার্ড নম্বর, বিধানসভা কেন্দ্রের নাম ও পার্ট নম্বরও উল্লেখ করতে হবে। ডিজিটাল রেশন কার্ড থাকলে তার বিস্তারিত তথ্যও দিতে হবে ।

জমির কাগজ ও সম্পত্তির তথ্যও বাধ্যতামূলক
ফর্মের তৃতীয় ধাপে আবেদনকারীকে পরিবারের সম্পত্তি সংক্রান্ত তথ্য জানাতে হবে । পরিবারের পাকা বাড়ি আছে কি না, কতটা জমি রয়েছে, সেই জমির মিউটেশন ও রেজিস্ট্রেশনের নথি জমা দিতে হবে । পরিবারের কারও চার চাকার গাড়ি থাকলে সেই তথ্যও জানাতে হবে ।

সরকারি প্রকল্প, প্যান কার্ড ও পেশার তথ্য
আবেদনকারী বা পরিবারের অন্য সদস্যরা আগে থেকেই কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না, কোনও স্বাস্থ্যবিমা রয়েছে কি না — তাও জানতে চেয়েছে সরকার । পরিবারের সদস্যদের প্যান কার্ড থাকলে তার নম্বর উল্লেখ করতে হবে । পাশাপাশি প্রত্যেকের পেশা লিখতে হবে এবং তার সমর্থনে প্রয়োজনীয় নথিও জমা দিতে হবে ।

শিক্ষাগত যোগ্যতা ও বার্ষিক আয়ের তথ্য
পরিবারের প্রত্যেক শিক্ষিত সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার তথ্য দিতে হবে । সংশ্লিষ্ট শংসাপত্র বা নথিও জমা বাধ্যতামূলক। পরিবারের মোট বার্ষিক আয়ের পরিমাণও ফর্মে উল্লেখ করতে হবে ।

আরও যেসব তথ্য চাওয়া হয়েছে —
পরিবারের কেউ সিএএ-র মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন কি না
কেউ স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা অন্য কোনও সরকারি কার্ডের সুবিধা নিয়েছেন কি না
এসআইআর-এ কারও নাম বাদ পড়েছে কি না
নাম বাদ পড়ে থাকলে ট্রাইবুনালে আবেদন করা হয়েছে কি না
পরিবারের শিশুদের স্কুলের নাম
শিশুদের টীকাকরণের তথ্য

১ জুন থেকে শুরু আবেদন প্রক্রিয়া
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ১ জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং টানা তিন মাস ধরে ফর্ম জমা নেওয়া হবে । তাই তাড়াহুড়ো না করে সঠিক তথ্য ও নথি প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে সরকার ।
তবে অনেকের মতে, এত বিপুল তথ্য ও নথি সংগ্রহ করা সাধারণ মানুষের পক্ষে সহজ হবে না । বিশেষ করে গ্রামের বহু মানুষ নিজেরা ফর্ম পূরণ করতে সমস্যায় পড়তে পারেন । সে ক্ষেত্রে সরকারি কর্মচারীদের বাড়ি বাড়ি গিয়ে সহায়তা করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!