- দে । শ
- জুন ২৭, ২০২৬
মাদক রদের সচেতনতায় কেতুগ্রামে প্রচার শিক্ষক-পড়ুয়াদের, আটক ৩ পাচারকারী
স্কুলের আশেপাশে থাকা কোনও দোকানেই কোনোরকম মাদক দ্রব বিক্রির জন্য রাখা যাবে না। মাদকমুক্ত পরিবেশ গড়তে এই বার্তা নিয়ে মাঠে নামল কেতুগ্রামের রাজুর বান্ধব উচ্চবিদ্যালয়। স্কুলের পড়ুয়াদের জুটিয়ে রীতিমত ব্যানার নিয়ে এই পরিবেশবান্ধব বার্তা ছড়াতে গোটা এলাকা চক্কর দিলেন প্রধানশিক্ষক অনিরুদ্ধ ঠাকুর। বিভিন্ন দোকানে গিয়ে খোঁজ নেন কোনওরকম মাদক দ্রব্য রয়েছে কিনা বা মাদক বিক্রি হয় কিনা ! মাদক একটা গোটা সমাজকে কীভাবে বিপথে নিয়ে যেতে পারে, তা দোকানদারদের বিশদে বোঝান। বেশকিছু দোকানদার কেউ আড়ালে কেউ প্রকাশ্যে বিক্রির জন্য মাদক দ্রব্য দোকানে রাখেন বলে স্বীকারও করে নেন। তবে ‘মাস্টরমশাই ও ছাত্রছাত্রীরা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে যেভাবে মাদক ব্যবহারের ক্ষতি সম্পর্কে অবহিত করলেন’ তাতে মাদক দ্রব্য আর দোকানে রাখবেন না বলে ঘোষণা করেন দোকানদাররা।
অনিরুদ্ধবাবু জানান, ‘যারা মাদক দ্রব্য বিক্রি করছেন, তাদেরওতো ঘর-সংসার রয়েছে। তাদেরকে বোঝাই, তাদের সন্তানরাওতো চোখের সামনে এসব দেখে আসক্ত হয়ে পড়তে পারে। তাতে পরিবারের ক্ষতি। সমাজের ক্ষতি।’ যোগ করেন, ‘বোঝানোতে কাজ হয়েছে। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি ধারাবাহিকভাবেই মাদকবিরোধী প্রচার কর্মসূচি চালিয়ে যাব।’ রাজুর স্কুলের এই সমাজবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষজন।
এদিকে উত্তরবঙ্গ থেকে বস্তাভর্তি গাঁজা পাচারের সময় কাটোয়া স্টেশনে রেলপুলিশের জালে ৩ মহিলা। বৃহস্পতিবার মধ্যরাতে তিস্তাতোর্সা এক্সপ্রেসের ঘটনায় চাঞ্চল্য। ধৃতদের কাছ থেকে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, কাটোয়া স্টেশনে নেমে ওই ৩ মহিলাকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ জেরা করে গাঁজা উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, ওই বিপুল পরিমাণ গাঁজা ব্যান্ডেলে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
❤ Support Us





