Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ১১, ২০২৫

ভয়ঙ্কর কুলদীপ, আমিরশাহীকে ৯ উইকেটে উড়িয়ে এশিয়া কাপে যাত্রা শুরু করল ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
ভয়ঙ্কর কুলদীপ, আমিরশাহীকে ৯ উইকেটে উড়িয়ে এশিয়া কাপে যাত্রা শুরু করল ভারত

সাফল্য সত্ত্বেও বারবার প্রথম একাদশের বাইরে ছিটকে যেতে হয়েছে কুলদীপ যাদবকে। দলে ফিরেই আবার নিজেকে প্রমাণ করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে একটা ম্যাচেও সুযোগ দেওয়া হয়নি। আক্ষেপ ছিলই। এশিয়া কাপের প্রথম ম্যাচে সেই আক্ষেপ মিটিয়ে নিলেন ভারতের এই চাইনাম্যান বোলার। তাঁর দুরন্ত বোলিংয়ে বিধ্বস্ত সংযুক্ত আরব আমিরশাহী। এশিয়া কাপের প্রথম ম্যাচে আমিরশাহীকে ৯ উইকেটে উড়িয়ে যাত্রা শুরু করল ভারত।
টস জিতে সংযুক্ত আরব আমিরশাহীকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। শুরুতে আলিশান শরাফু যেভাবে ঝড় তুলেছিলেন, মনে হচ্ছিল বড় রান তুলবে আমিরশাহী। হার্দিকের প্রথম ওভারেই ১০ রান নেন আলিশান। বুমরার পরের ওভারে ওঠে ৬। তৃতীয় ওভারে অক্ষর প্যাটেলকে আক্রমণে নিয়ে আসেন সূর্যকুমার। অক্ষরের ওভারে ওঠে ৯। ৩ ওভারেই ২৫ রানে পৌঁছে আমিরশাহী।
চতুর্থ ওভারে প্রথম সাফল্য পায় ভারত। দুরন্ত ইয়র্কারে আক্রমণাত্মক মেজাজে থাকা আলিশানের (‌১৭ বলে ২২)‌ স্টাম্প ছিটকে দেন বুমরা। পরের ওভারে আবার সাফল্য। নিজের প্রথম ওভারের পঞ্চম বলে মুহাম্মদ জোয়েবকে (‌২ বলে ৫)‌ তুলে নেন বরুণ চক্রবর্তী। ২৯ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর মুহাম্মদ ওয়াসিম দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। নবম ওভারে কুলদীপ যাদব ৩ উইকেট তুলে নিয়ে কোণঠাসা করে দেন সংযুক্ত আরব আমিরশাহীকে। প্রথম বলে ফেরান রাহুল চোপড়াকে (৭ বলে ৩)। চতুর্থ বলে তুলে নেন মুহাম্মদ ওয়াসিমকে (২২ বলে ১৯)। একবল পরেই ফেরান হর্ষিত কৌশিককে ২ বলে ২)। ৪৭/২ থেকে হঠাৎ ৫০/৫ হয়ে যায় আরব আমিরশাহী।
এই রকম কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার মতো দক্ষতা নেই সংযুক্ত আরব আমিরশাহীর। কুলদীপ যাদবের পর বিধ্বংসী হয়ে ওঠেন শিবম দুবে। ১৩.১ ওভারে মাত্ৰ ৫৭ রানে গুটিয়ে যায় আরব আমিরশাহীর ইনিংস। শেষ ৮ উইকেট হারিয়ে মাত্র ১০ রান তোলে আমিরশাহী। দুরন্ত বোলিং করে ২.১ ওভারে ৭ রানে ৪ উইকেট নেন কুলদীপ যাদব। ২ ওভারে মাত্র ৪ রান দিয়ে ৩ উইকেট নেন শিবম দুবে।
সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ভারতের জয়ের ব্যাপারে কোনও ছিল না। শুরু থেকেই ঝড় তোলেন অভিষেক শর্মা ও শুভমান গিল। মনে হচ্ছিল কোনও উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যাবে ভারত। কিন্তু চতুর্থ ওভারে ছন্দপতন। জুনায়েদ সিদ্দিকীর পঞ্চম বল গ্যালারিতে পাঠাতে গিয়ে হায়দার আলির হাতে ধরা পড়েন অভিষেক। ১৬ বলে ৩০ রান করে তিনি আউট হন। এরপর ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন শুভমান গিল ও সূর্যকুমার যাদব। ৪.৩ ওভারে ৬০/১ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। শুভমান ৯ বলে ২০ ও সূর্যকুমার ২ বলে ৭ রান করে অপরাজিত থাকেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!