Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১২, ২০২৬

গ্রেফতার বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়, সাইবার আইনে মামলা

আরম্ভ ওয়েব ডেস্ক
গ্রেফতার বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়, সাইবার আইনে মামলা

‘বাংলা পক্ষ’-এর প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়-কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ । অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আবহে ইভিএম নিয়ে উস্কানিমূলক মন্তব্য এবং গুজব ছড়ানোর মাধ্যমে নির্বাচনী পরিবেশে বিভ্রান্তি তৈরির চেষ্টা করেছিলেন তিনি । নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ বলে সূত্রের খবর ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোট চলাকালীন ও ভোটগণনার আগে সামাজিক মাধ্যমে একাধিক মন্তব্য করেছিলেন গর্গ । তিনি প্রশ্ন তুলেছিলেন, রাতে কড়া নিরাপত্তায় সিল করে রাখার পরেও ভোটগণনার সময় কেন ইভিএম বিকল হয়ে যাচ্ছে । পাশাপাশি ভোটারদের ভিভিপ্যাট (VVPAT) ভালো করে পরীক্ষা করে নেওয়ার পরামর্শও দেন । তদন্তকারীদের দাবি, এই ধরনের মন্তব্য আদর্শ আচরণবিধি এবং সাইবার আইনের পরিপন্থী ।

এছাড়াও, নির্বাচনের আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছিল ‘বাংলা পক্ষ’। সংগঠনের দাবি ছিল, পয়লা বৈশাখ উপলক্ষে তারা শোভাযাত্রার অনুমতি চাইলেও কমিশন তা দেয়নি । সেই ঘটনাকেও কেন্দ্র করে কমিশনের ভূমিকা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন গর্গ ।

উল্লেখ্য, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোট দিতে গিয়ে বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল তাঁকে । ইভিএম ও ভোট প্রক্রিয়া নিয়ে তাঁর ধারাবাহিক মন্তব্য ঘিরে বিতর্ক বাড়তে থাকে । এরপরই নির্বাচন কমিশন কলকাতা পুলিশের সাইবার সেলে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে বলে জানা গিয়েছে ।

বুধবার গর্গ চট্টোপাধ্যায়-কে আদালতে তোলা হতে পারে। পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানাতে পারে বলেও সূত্রের খবর ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!