Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ২৭, ২০২৫

খেলতে গিয়ে গুরুতর জখম ফুটবলারের ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে সাফল্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের

আরম্ভ ওয়েব ডেস্ক
খেলতে গিয়ে গুরুতর জখম ফুটবলারের ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে সাফল্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের

ফুটবল খেলতে গিয়ে পেটে মারাত্মক আঘাত পান প্রতিশ্রুতিবান ফুটবলার বিশ্বজিৎ লোহার। দরকার পড়েছিল জরুরি অস্ত্রোপচারের। ৫ ঘন্টার ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে সাফল্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের। প্রাণ ফিরে পেলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন বিভাগের প্রথম বর্ষের ছাত্র বিশ্বজিৎ লোহার। জানা গেল, গত ১৫ জানুয়ারি বর্ধমানের মোহনবাগান মাঠে গোল দিতে যাওয়ার সময় গোলকিপারের হাঁটুর ধাক্কায় পেটে গুরুতর চোট পান বিশ্বজিৎ। মাঠেই রক্তবমি শুরু হয়। কয়েক মিনিটের মধ্যেই জ্ঞান হারান। সেদিনই তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আইসিসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই পরদিন সকালে হার্ট অ্যাটাক হয় বিশ্বজিতের। সঙ্গে সঙ্গে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। সেই অবস্থায় তার সিটিস্ক্যান ও এন্ডোস্কপি করা হয়। তাতে দেখা যায়, তার খাদ্যনালীতে একাধিক ছিদ্র হয়েছে। সেখান দিয়ে রক্ত ও হাওয়া ঢুকে প্রাণ সংশয় হওয়ার উপক্রম। তখনই অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তাপস কুমার ঘোষ জানান, ‘হার্ট অ্যাটাকের শিকার ভেন্টিলেশনে থাকা এক রোগীর ক্ষেত্রে এই অস্ত্রোপচার খুবই ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু আমাদের চিকিৎসকরা অসম্ভবকে সম্ভব করেছেন।’ বিশ্বজিতের চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়। বর্তমানে বিশ্বজিৎ বিপন্মুক্ত। অপারেশনের পর তাকে জেনারেল বেডে দেওয়া হয়েছে। শক্ত খাবারও দেওয়া হয়। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসাধীন বিশ্বজিৎ অভিভূত ‘বন্ধু-সহ সকলের সহযোগিতায়’। যোগ করেন, ‘চিকিৎসক, নার্সরাও অত্যন্ত যত্ন সহকারে চিকিৎসা করায় এখন অনেকটাই সুস্থ বোধ করছি।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!